ঈদ আর পূজায় আসিফের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আকবর
আসিফ আকবর

আসিফ আকবর এবার দুটি অ্যালবামের কাজ করেছেন। দুটিই দ্বৈত শিল্পীর গানের অ্যালবাম। একটি পূজা স্পেশাল আর অন্যটি ঝগড়ার গান। প্রথমটি বের হচ্ছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। এতে আসিফের সঙ্গে গান গেয়েছেন শশী। আর ন্যান্সির সঙ্গে ঝগড়ার গান অ্যালবামটি আসছে ঈদ উপলক্ষে। দুটি অ্যালবামই প্রকাশ করছে আর্ব এন্টারটেইনমেন্ট।
আসিফ সাধারণত তাঁর যেকোনো অ্যালবামেই ১২টি গান করেন। কিন্তু পূজা স্পেশাল অ্যালবামে আছে দুটি গান। ‘বাজেরে ঢোল’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন আসিফ ও শশী। অন্যটি ‘চাঁদবতী’। এই গানটি আসিফ একাই গেয়েছেন। অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন ৯ অক্টোবর। ১২ অক্টোবর আসছে ঝগড়ার গান অ্যালবাম। এখানে ন্যান্সির সঙ্গে আসিফ দ্বৈত কণ্ঠে ১০টি গান গেয়েছেন।
আসিফ বলেন, ‘বাংলাদেশে ঈদ ও পূজা দুটোই সর্বজনীন উৎসব। তার ওপর এবার ঈদ ও পূজা একই সময়ে উদ্যাপন করা হবে। সব সময় তো আমি ঈদেই অ্যালবাম প্রকাশ করেছি, এবার পূজা আর ঈদ দুই উৎসবে দুটি অ্যালবাম প্রকাশ করছি।’