ঈদ আয়োজন
পাঁচফোড়ন এটিএন বাংলায় আজ রাত ১০টা ৪০ মিনিটে দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন। এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে ঈদকে ঘিরে। দুই বন্ধুর মধ্যে রাগ, অনুরাগ, প্রেম, বিরহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে একটি গল্প তৈরি হয়েছে। তাদের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। আর এসবের ফাঁকে ফাঁকে আসতে থাকে বিভিন্ন আইটেম। দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন নোবেল ও পূর্ণিমা। অনুষ্ঠানে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল ও চঞ্চল চৌধুরী। রয়েছে নাচ। শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীর অংশগ্রহণ রয়েছে একটি বিশেষ পর্ব। আছে টুপির ওপর বিশেষ প্রতিবেদন। এ ছাড়া রয়েছে ঈদ নিয়ে বিভিন্ন নাট্যাংশ। পরিকল্পনা ও পরিচালনা করেছেন সানজিদা হানিফ।প্রতিশোধ পর্ববিটিভিতে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর দেখানো হবে নাটক প্রতিশোধ পর্ব। লিখেছেন মশিউল আলম, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মীম, রাসেল, মাহিন প্রমুখ।সুজন বারবার ছিনতাইকারীর কবলে পড়ে। এই নিয়ে তার বন্ধুরা তাকে খুব খেপায়। সুজন দুঃখ পায়; কিন্তু প্রতিবাদ করতে পারে না। পঞ্চম বারের মতো ছিনতাইকারীর কবলে পড়ে তার ভেতরে একটা পরিবর্তন আসে। সে ছিনতাইকারীদের দেখে নেওয়ার সংকল্প করে। কারাতের ওপর প্রশিক্ষণ নেয়। সকাল-বিকেল ডনবৈঠক মারে। এভাবে শারীরিক বলশক্তি অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাস জন্ম নেয়। কিন্তু এবার আর কোনো ছিনতাইকারীর দেখা মেলে না। গোপন কথা এবং লোডশেডিংদেশ টিভিতে আজ সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক গোপন কথা এবং লোডশেডিং। লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল, পরিচালনা করেছেন সারা যাকের। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম, লুৎফর রহমান জর্জ, রওনক হাসান, স্বাগতা ও অন্যান্য।লোডশেডিংয়ের মাত্রা এতটাই বেড়ে গেছে যে এটা আর স্বাভাবিক জীবনে কোনো ছন্দপতন ঘটায় না। কিন্তু এ নাটকে লোডশেডিংয়ে লিফটের ভেতর আটকে পড়া গাঢ় অন্ধকারে জালাল, তাহের, নাদেরা, রতন—সব কটি চরিত্রের ভেতরের লুকানো চরমতম গোপন কথা, একের পর এক ঘোরতর বিপদের কথায় লিফটের ভেতরের বাতাস এক অশুভ আশঙ্কায় ক্রমেই ভারী হতে থাকে। ইতি এবংএনটিভিতে আজ বেলা দুইটা ৩০ মিনিটে দেখানো হবে টেলিছবি ইতি এবং। রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নোভা, হিল্লোল, দীপা খন্দকার, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। ইতি ভালোবেসে বিয়ে করেছিল তার মনের মানুষকে। কিন্তু ঘরটি ভেঙে যায়। জোড়া ভেঙে যাওয়া পাখির মতো দুজন মানুষ একে অপরকে হারিয়ে ফেলে। তাদের আবার অন্য আরেকটি ঘর হয়। কিন্তু নিয়তি তাদের জীবনে বয়ে আনে আরেকটি খবর। তবে সেটি সুখের না দুঃখের—কেউ তা জানতে পারে না কোনো দিন। উৎসববিটিভিতে আজ সন্ধ্যা সাতটায় দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান উৎসব। অনুষ্ঠানে গান করেছেন কুমার বিশ্বজিৎ, বালাম, মিলা ও প্রমিথিউস। থাকছে অপি করিমের নাচ। আরও আছে কৌতুক ও রম্য নাটিকা। গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন মোশাররফ হোসেন। অরুপার জন্যএনটিভিতে আজ রাত আটটা ১৫ মিনিটে দেখানো হবে নাটক অরুপার জন্য। রচনা ও পরিচালনা করেছেন মেজবাউর রহমান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও কান্তা মাসউদ। অরুপা লাগেজে জামাকাপড় ও অন্যান্য জিনিস গোছাচ্ছে। অরুপা কানাডা যাচ্ছে। সাত দিন আগে তার বিয়ে হয়েছে। বর কানাডায় থাকে। এ সময় অরুপার মুঠোফোনটি বেজে ওঠে। অভির ফোন। অভি জানে, অরুপা আজ চলে যাচ্ছে। সে অরুপার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু অরুপা রাজি হয় না। সে ফোনটি কেটে দেয়। বেড়ায় ক্ষেত খায়চ্যানেল আইতে আজ রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক বেড়ায় ক্ষেত খায়। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাহেদ, সুমাইয়া শিমু, মৌনতা প্রমুখ।অফিসের বস বিবাহিত লোকদের একদমই পছন্দ করেন না। কিন্তু তার অফিসের একজন প্রিয়পাত্র অবশ্য বিবাহিত। সে তার বসের কাছে বিষয়টি গোপন রেখেছে। একদিন তার স্ত্রী অফিসে আসে। কিন্তু বস বিরক্ত না হয়ে খুশি হয়। কারণ, মেয়েটির আচরণ বসের বেশ ভালো লাগে। ছেলেটি কখনোই বসের সামনে বলে না যে, মেয়েটি তার স্ত্রী। আর এই লুকোচুরিকে ঘিরে শুরু হয় অন্য রকম রহস্য। কক্ষপথে মনদেশ টিভিতে আজ বেলা তিনটা ২ মিনিটে দেখানো হবে টেলিছবি কক্ষপথে মন। রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তিশা, মাহমুদুল ইসলাম, শামীমা নাজনীন, শাহাদাৎ হোসেন প্রমুখ। ‘মন’ শব্দটির সঙ্গে জড়িয়ে থাকে সম্পর্ক এবং টানাপোড়েন। মন নিয়ম মানে না। এমনই নিয়ম না মানা অসম প্রেমের আবেদন এবং আবার নিজস্ব কক্ষপথে ফিরে আসা নিয়ে নাটকের গল্প।ঝগড়ালিএটিএন বাংলায় আজ বিকেল সাড়ে চারটায় দেখানো হবে টেলিছবি ঝগড়ালি। রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। অভিনয় করেছেন ডলি জহুর, শশী, আ খ ম হাসান, এ টি এম শামসুজ্জামান, খুশী, মামুনুর রশীদ প্রমুখ। দুই গ্রামের দুই বিখ্যাত ঝগড়াটে জালু ও সালু। এরা পেশাদার ঝগড়াটে। বিভিন্ন জায়গায় ভাড়া খাটে ওরা। জালুর পরিবার আছে, সালুর নেই। ঝগড়াটে বলে তার বিয়ে হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে সালু শান্ত স্বভাবের। একদিন ঝগড়ায় হেরে যায় জালু। তখন নতুন ঝগড়াটে হিসেবে সামনে আসে সেন্টু। সালুও পরাজিত হয় তার কাছে। এ পরাজয় মেনে নিতে পারছে না সালু। সবার সামনে হেরে গেলেও অন্যভাবে জিতে যায় সালু। অন্য আলোয় মানুষগুলো বাংলাভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে দেখানো হবে নাটক অন্য আলোয় মানুষগুলো। রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তিশা, জয়, ইলোরা গহর, শাহাদাৎ হোসেন, শামীমা নাজনীনসহ আরও অনেকে।উত্তেজিত লোকজন এক চোরকে পিটিয়ে মেরে ফেলে। আর সেই দৃশ্যটা ক্যামেরাবন্দী করেছিল সুমন। একসময় এই ছবিটির জন্য সে আন্তর্জাতিক পুরস্কার পেয়ে যায়। ছবিতে দেখা যায়, চোরটি হাত তুলে ক্যামেরায় লুক দিয়ে বাঁচার জন্য আবেদন জানাচ্ছে। পুরস্কার পাওয়ার পর সুমনের মধ্যে অপরাধবোধ কাজ করছে—চোরকে না বাঁচিয়ে স্বার্থপরের মতো ছবি তুলেছে সে। একসময় সুমন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়। সে তার চারপাশে সব সময় সেই চোরটিকে দেখতে শুরু করে। নীল বোতামচ্যানেল আইতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক নীল বোতাম। হুমায়ূন আহমেদের লেখা থেকে নাট্যরূপ দিয়েছেন ওয়াহিদ ইবনে রেজা, পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, জয়া আহসান, মাজনুন মিজান প্রমুখ। আড্ডাবাজ রঞ্জুর জীবনে হঠাৎ আসে এষা। রঞ্জুর জীবনটা এলোমেলো হয়ে যায়। দিনের পর দিন সে এষাদের বাড়িতে যেতে থাকে। এ জন্য নানা বাহানা, নানা ছলছুতোর আশ্রয় নেয় সে। বাস্তবতার বাইরে অন্য এক জগৎ গড়ে তোলে রঞ্জু। সে জগতে আছে শুধু সে আর এষা। ওই জগতে তারা যেন স্বামী-স্ত্রী। একদিন এষার কাছ থেকে ধার নেওয়া একটি বইয়ের ভেতর থেকে খসে পড়ে একটি নীল বোতাম। এষার জামায় অলংকারের মতো ঝুলে থাকা নীল বোতামটি রঞ্জু যত্ন করে রেখে দেয়। তার চোখে নীল বোতামটি হয়ে ওঠে এক নীল অপরাজিতা।নাটক শেষ, ভালবাসা শুরুএটিএন বাংলায় আজ সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক নাটক শেষ, ভালবাসা শুরু। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, হাসান মাসুদ, তিন্নি প্রমুখ। স্ত্রীর মৃত্যুর পর জুলকার সারা দিন একটি মাত্র গানই শোনে—‘তুমি যে আমার’। তার একটা সিন্দুক আছে। সবার অগোচরে সিন্দুক খুলে কিছু একটা দেখে, আর আনন্দ পায়। কিন্তু আর কাউকে তা দেখতে দেয় না। একদিন হঠাৎই আটকে যায় সিন্দুকটি। বহু চেষ্টা করেও খোলা যায় না। এগিয়ে আসে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাকিল। কী আছে তাতে?হঠাৎ একদিনদেশ টিভিতে রাত নয়টা ১৫ মিনিটে দেখানো হবে সেলিব্রেটি শো হঠাৎ একদিন। অনুষ্ঠানটির আজকের অতিথি মুহম্মদ জাফর ইকবাল। এখানে দেখানো হয়েছে তাঁর ‘বিশেষ’ একটি অবসরের দিন। তিনি জানালেন জীবনের বিভিন্ন গল্প, ক্যারিয়ারের কঠিনতম দিনগুলো পার করার চমকপ্রদ গল্প, প্রথম কবে উপলব্ধি করলেন যে তিনি বিখ্যাত হয়েছেন, খ্যাতি তাঁর জীবনে কী কী পরিবর্তন এনে দিল, কতটুকু বদলে গেল জীবন, কী হতে চেয়েছিলেন, কিন্তু কী হয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীর রাব্বি। পরিকল্পনা করেছেন শ্রিয়া সর্বজয়া এবং পরিচালনা করেছেন যুবরাজ খান। ভাটিয়ালি ঈদবাংলাভিশনে আজ বিকেল পাঁচটা ১৫ মিনিটে দেখানো হবে হাওরের মানুষদের নিয়ে অনুষ্ঠান ভাটিয়ালি ঈদ। পরিকল্পনা ও প্রযোজনা করেছেন রবিশঙ্কর মৈত্রী, উপস্থাপনা করেছেন ফাহমিদা।কিশোরগঞ্জে নিকলী হাওর এলাকার বিভিন্ন পেশার মানুষের কৃষ্টি-সংস্কৃতি নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। থাকছে শখের যাত্রা, পালাগান, ঘাটুগান, সারিগান, নাচ, সাঁতার প্রতিযোগিতা, ফুটবল খেলা, পুরুষ ও নারীদের নৌকাবাইচ, তৈলাক্ত কলাগাছের সাঁকো পার হওয়া, সাঁতরে এসে ফল খাওয়া ইত্যাদি মজার মজার পর্ব।