ঈদ আয়োজনে ভরপুর বিনোদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে নানা ধরনের অনুষ্ঠান। টিভি দর্শকের বিনোদনের জন্য এবারের ঈদেও কোনো কমতি ছিল না। তবে এবার চমক হিসেবে ছিল ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ ও ‘ছবিয়াল রি-ইউনিয়ন’ নামে দুটি আয়োজন। এ দুটিসহ টেলিভিশনের বেশ কিছু অনুষ্ঠানের আলোচনা করা হলো।
ইত্যাদিতে সহশিল্পীদের সঙ্গে এন্ড্রু কিশোর ও হানিফ সংকেত
ইত্যাদিতে সহশিল্পীদের সঙ্গে এন্ড্রু কিশোর ও হানিফ সংকেত

আনন্দে-ছন্দে, সুরে-গানে, কৌতুকে-ব্যঙ্গে এবারও মাতিয়েছে ঈদের ‘ইত্যাদি’। আশি-নব্বইয়ের দশকে দর্শক যেমন আকুল হয়ে থাকতেন বিটিভির ঈদ ‘আনন্দমেলা’ দেখতে, তেমনি অনেক বছর হলো টেলিভিশন দর্শকদের কৌতূহল থাকে ঈদের ‘ইত্যাদি’তে কী চমক থাকবে। ভাবনে, বলনে, সঞ্চালনে পারদর্শী হানিফ সংকেত এবার যে নিরাশ করেননি, তা বিটিভিতে ইত্যাদি দেখেই বোঝা গেল। স্বভাবসুলভ ছন্দ মেলানো কথামালায় তিনি এগিয়ে নিলেন তাঁর অনুষ্ঠান।

বিরাট, বিশাল, ব্যাপক, হুলুস্থুল এই শব্দগুলো ইত্যাদির সঙ্গে ভালোই যায়। রোজার ঈদের অনিবার্য গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে...’ ইত্যাদির শুরুতেই তা বুঝিয়ে দেয়। সারা দেশের শতাধিক যাত্রাশিল্পী পরিবেশন করলেন এই গান। তাতে ঐতিহ্যের যাত্রাপালার বিবেক, কনসার্ট—সবই ছিল। বিনোদনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা, সেগুলোকে ব্যঙ্গ-কৌতুকে একটু খোঁচা দেওয়া ‘ইত্যাদি’র বৈশিষ্ট্য। এবারও তা রয়েছে। ছোট ছোট নাট্যাংশ ও প্যারোডিতে উঠে এসেছে সেলফি, ডিজিটাল যুগের যন্ত্রনির্ভরতা, কেনাকাটায় উপহার, মূল্য ছাড়ের ছড়াছড়ি, ভারতীয় সিরিয়ালের কূটকচালি, টক শো—চলমান সময়ের সবকিছুই। শিবলী মুহম্মদ ও শামীম আরা নীপার নেতৃত্বে নৃত্যাঞ্চলের শতাধিক শিল্পীর পরিবেশনায় যে নাচ, সেটিতেও সড়ক দুর্ঘটনার বিষয়টি উঠে এসেছে। নির্বাচিত দর্শকেরা সুযোগ পেয়েছেন নায়ক ফেরদৌসের সঙ্গে অভিনয়ের। বরাবরের মতো ঢাকায় অবস্থানকারী বিদেশিদের নিয়ে ছিল একটা নাট্যাংশ। এতে যৌতুকবিরোধী বার্তা দেওয়া হয়। ‘ইত্যাদি’ শেষ হয় ঈদের নতুন পোশাকে সজ্জিত দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে এন্ড্রু কিশোরের গান দিয়ে। ঈদের ‘ইত্যাদি’তে গতি ছিল পুরোটাই। তবে একেবারে আনকোড়া কোনো বিষয় বা প্রতিভাকে তুলে ধরলে হয়তো আরও ভালো হতো।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মতোই ভুলেভেসেকূলেআসানাটকের মাধ্যমে দর্শকের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিলেন হানিফ সংকেত। এটিএন বাংলায় তাঁর পরিচালিত ভুলেভেসেকূলেআসানাটকটি দেখা শুরু করতে মনে হলো ভারতীয় চ্যানেলের কোনো সিরিয়াল বুঝি দেখছি। দুই ভাইয়ের দুই বউয়ের মধ্যে নিত্যকার ঝগড়া আর তা নিয়ে মা-বাবার বিরক্তি; ছোট বউয়ের ফুপু, বড় বউয়ের রাজনীতিবিদ মামার কুটিল বুদ্ধি দেওয়া—হিন্দি, ভারতীয় বাংলা সিরিয়ালের সব উপাদানই বর্তমান। সেভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি। শেষে বোঝা যায় আসল বিষয়টা। সংসারের অশান্তিতে অতিষ্ঠ হয়ে বাবা এ টি এম শামসুজ্জামানের সংলাপ—‘ভিনদেশি কূটনামি চ্যানেল দেখা বাদ দিয়ে আমাদের দেশি চ্যানেল দেখ।’

দুই ব্যান্ডের অনবদ্য মেলবন্ধন

অনুষ্ঠানের নাম শুনেই আগ্রহ জাগে। মাজেজাও বোঝা যায়। বিটিভিতে ঈদের বিশেষ গানের অনুষ্ঠানটির নাম ‘জল চিরকুট’। মানে গানের দল জলের গান আর চিরকুটের যুগলবন্দী। সুরেলা ছন্দময় নামের অনুষ্ঠানটি দেখার অভিজ্ঞতা সুরের মায়াজালে ভেসে যাওয়া। গানের এই দুটি দলই স্বকীয়তায় উজ্জ্বল। গায়কি, যন্ত্রানুষঙ্গ আলাদা কিন্তু মেলোডির জায়গায় দারুণ মিল। উপস্থাপক আলিফ যখন বললেন, লেডিজ ফার্স্ট—এখন একজন নারী (সুমি) আছেন, তিনিই আগে শুরু করুন। চাইলেন জলের গানের রাহুল আনন্দের অনুমতি। রাহুল তখন বললেন, মেয়ে হিসেবে নয়, বন্ধু হিসেবেই সুমি শুরু করতে পারেন। সুমি তখন শুরু করলেন, চিরকুটের পরবর্তী অ্যালবাম উধাও-এর শিরোনাম সংগীত ‘উধাও’। জানালেন এই গানের এটাই প্রথম প্র্যাকটিস। গান শুরু হলো। গলা মেলালেন রাহুল, চিরকুটের পাশাপাশি জলের গানের বাদ্যযন্ত্রীরাও সংগত করতে থাকলেন। পরের গান জলের গানের ‘এমন যদি হতো...’। এবার এতে চিরকুটের সদস্যরাও হাত খুলে বাজালেন, গলা খুলে গাইলেন। এভাবে ‘জাদুর শহর ঢাকা’, ‘কাগজের নৌকা’, ‘কানামাছি’—জনপ্রিয় গানগুলো নতুন মাত্রা পেতে থাকল। শেষ হলো ‘বকুল ফুল’ দিয়ে। গানের এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বিটিভিকে ধন্যবাদ বলতেই হয়।

অপু বিশ্বাস
অপু বিশ্বাস

অপু কাহিনি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বিশেষ মাত্রায় আলোচিত গত ১০ এপ্রিলের পর থেকেই। তার ওপর এই ঈদে দীর্ঘদিন পর শাকিব খান-অপু বিশ্বাস জুটির ছবি রাজনীতিমুক্তি পেয়েছে। ফলে তারকাভিত্তিক ঈদের টক শোতে অপুর উপস্থিতি যেন অনিবার্যই ছিল। বাংলাভিশনে তানিয়া হোসাইনের উপস্থাপনায় ‘তারকার সাথে উৎসবের দিনে’ অনুষ্ঠানে হাজির হলেন ফেরদৌস, অপু বিশ্বাস আর পরীমনি। অপু ও পরীর প্রথম কাজ হয়েছিল ফেরদৌসের সঙ্গে। সেই কাজের স্মৃতিচারণা করলেন তিনজনই। অপু যেহেতু আছেন, শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক-সংসার-সন্তান প্রসঙ্গ আসবেই। এলও। সিঙ্গেল জীবন কেমন িছল—এমন প্রশ্নের জবাবে অপু বললেন, বিয়ে তো হয়েছে আট বছর আগেই, কিন্তু কেউ জানতেন না। ওটা একটা আলাদা মজা ছিল। এখন মনে হয়, টিভিতে না এলেই ভালো হতো। আমি আমার সন্তানকে নিয়ে আড়ালেই থাকতাম। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক বললেন, ‘ফেরদৌস ভাই তো আজ দুই পাশে দুটি মিষ্টির হাঁড়ি নিয়ে বসেছেন।’ দুইজন নারী তারকাকে ‘মিষ্টির হাঁড়ি’ না বলাটাই মনে হয় শোভনীয়।

বাংলাভিশনের আরেকটি অনুষ্ঠান ‘হাউসফুল’-এ এলেন অপু বিশ্বাস ও বাপ্পী। দুজনেই হাসি-হাট্টায় মাতালেন পুরোটা সময়। তবে উপস্থাপকের কণ্ঠে বারবার অপুর নাম অ-পু উচ্চারিত হওয়ায় শ্রবণেন্দ্রিয়ে জোরে জোরে ধাক্কা লাগল।

আরটিভির ‘অপুর সাতকাহন’ অনুষ্ঠানে অপু বিশ্বাস একাই অংশ নিলেন। নামই বলে দেয় অনুষ্ঠানে অপুর নিজের কথা থাকবে। রাজনীতি নিয়ে কিছুটা কথা হলো, বাকিটা অপু-শাকিব খানের সংসার নিয়ে। অপু জানালেন, ঈদ করছেন ছেলে আর সিনেমা হলের সঙ্গে। শাকিব বিদেশে—স্বামীকে বাঁচানোর চেষ্টা অপুর। তারপরও উপস্থাপকের প্রশ্নে অপু বলতে থাকেন, অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী বা শ্বশুরবাড়ির কোনো সাপোর্ট তিনি পাননি। অপুর কথা শুনে আরও একবার স্বামী শাকিব খানের পুরুষতান্ত্রিক মানসিকতার পরিচয়টা পাওয়া গেল। এই অনুষ্ঠানটি মনে দাগ কেটে যায়।

‘উইন্ড অব চেঞ্জ’-এর সিজন-১–এ িশল্পী ও কলাকুশলীরা
‘উইন্ড অব চেঞ্জ’-এর সিজন-১–এ িশল্পী ও কলাকুশলীরা

বদলের হাওয়া

বাংলা গানের টিভি চ্যানেল গানবাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’-এর সিজন-১ দেখা গেল ঈদের সময়টায়। প্রাচ্য-প্রতীচ্যের বাদ্যযন্ত্র আর যন্ত্রীদের মিশেলে পরিবেশিত গানগুলো ভিন্নমাত্রা পায়। বিদেশি খ্যাতনামা বাদ্যযন্ত্রীরাও এর অন্যতম আকর্ষণ। রবীন্দ্রসংগীত হোক বা লোকসংগীত, বাংলাদেশের জনপ্রিয় গানগুলো সংগীতায়োজনের কারণে অন্য রকম একটি আবহ পায়। ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ‘জীবনানন্দ হয়ে’ ও সুবীর নন্দীর ‘পাখিরে তুই’ গান দুটির পরিবেশনা ছিল অসাধারণ। রেজওয়ানা চৌধুরী বন্যা গাইলেন রবীন্দ্রসংগীত ‘কতবার ভেবেছিনু...’। আবার ‘ও সখিনা’ দিয়ে মাতিয়েছেন ফকির আলমগীর। শাহ আলম সরকারের পরিবেশনা ‘তুমি আমার মুশকিল আসান’, ‘পরানে পরান...’ শুনে মুগ্ধ হতে হলো। তাপস অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে নতুন প্রজন্মের গায়িকা ঐশীর ‘নিজামুদ্দীন আউলিয়া’ শুনে মুগ্ধতা আরও বেড়ে গেল। লোকজ গানের জন্য যে ধরনের কণ্ঠ আর গায়কির ঢং প্রয়োজন, তার পুরোটাই রয়েছে ঐশীর মধ্যে। উইন্ড অব চেঞ্জের সংগীত পরিচালনা করেছেন কৌশিক হোসেন তাপস এবং প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।