ঈদ এখন এক দিনের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইয়ুব বাচ্চু
আইয়ুব বাচ্চু

আমাকে আইয়ুব বাচ্চু হিসেবে চেনার আগের পুরো সময়টা কেটেছে চট্টগ্রামে। তারকা হওয়ার আগে সব ঈদে আনন্দ ছিল অন্য রকম। নতুন জামা কাপড়, নতুন জুতা, ঈদের সালামি—এগুলো নিয়ে আমাদের উৎসাহের কমতি ছিল না। পরিবারের সবাই মিলে সারা দিন এবাড়ি-ওবাড়ি যাওয়ার মধ্যে শুধুই আনন্দ ছিল। সারা দিন আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের বাড়ি ঘোরাফেরা করে বাসায় ফেরার পর বিটিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ দেখাটা ছিল বাধ্যতামূলক। এটাও ছিল ঈদের আনন্দের অন্যতম অংশ।
আমার নানুমণির বাসা ছিল চট্টগ্রামের নিউমার্কেট এলাকায়। ঈদের নামাজ পড়ে কখনো আবার নানুমণির বাড়িতেও চলে যেতাম। নানাবাড়ির সবার কাছ থেকে ঈদের সালামি নিয়ে সবার মধ্যে একটা প্রতিযোগিতা হতো। প্রচুর ব্যস্ত থাকতাম। সব মিলিয়ে ভিন্ন একটা অনুভূতি কাজ করত।
এখনকার ঈদটা আমার কাছে শুক্রবারের মতো মনে হয়। মাত্র এক দিন ছুটি। তা ছাড়া ইদানীং ঈদ তো কম্পিউটার, ইন্টারনেট, মুঠোফোন আর ফেসবুকে। আগেকার দিনে মানুষের মধ্যে আবেগটা কাজ করত অনেক বেশি। এখন তা একেবারে নেই বললেই চলে। প্রযুক্তি আমাদের বেগ দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।