ঈদ, টেলিভিশন ও বিজ্ঞাপন তরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোপলিটন প্রেম নাটকের দৃশ্য
মেট্রোপলিটন প্রেম নাটকের দৃশ্য

এবার ঈদে দেশের সবকটি টিভি চ্যানেলে দেখানো হয়েছে অসংখ্য নাটক। কিন্তু সেসব নাটক দর্শককে কতটা বিনোদন দিয়েছে? আদৌ দিতে পেরেছে কি? তা দেখার চেষ্টা করা হয়েছে একজন নির্মাতার চোখ দিয়ে।

গল্পটা আমার ছিল

আমি যে গল্পটা রাত জেগে লিখেছিলাম, সেটা অখণ্ড ছিল। ঈদের টেলিছবির গল্প। বাড়তি মনোযোগ দিতেই হয়! নির্মাণও করেছি আলাদা খাতির করে। একটা দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি হয় টেলিছবিটি। তারপর আলোর মুখ! পর্দায় আসা মানে একটা গল্পের সফল উত্থান। টিভি খুলে বসেছিলাম আগেই। শুরু হলো। কিন্তু এ কী! টাইটেল শেষ হলো, তার একটু পরই বিজ্ঞাপন। একটু নড়েচড়ে থিতু হয়ে বসে সবাই। অপেক্ষা শেষে টেলিছবি শুরু হলো! না! হিসাবে গরমিল হচ্ছে কোথাও! আবারও বিজ্ঞাপন তরঙ্গ। যে গল্প একটা সরল টানা গাঁথুনি নিয়ে লেখা ও নির্মাণ করা, সেটা এভাবে খণ্ডে খণ্ডে প্রচারিত হবে, আশা করিনি! যতক্ষণে বিজ্ঞাপন শেষ হলো, তখন আমি নিজেই গল্পের ঘটনার পরম্পরা মিস করে বসে আছি! গল্পকার অথবা নির্মাতাই যেখানে গল্প ধরতে পারছেন না, সেখানে দর্শক তো ‘দূর ছাই’!

গণবিজ্ঞাপনতন্ত্র ও স্টার জলসা

বৃষ্টিবন্দী ঈদের দিনগুলোতে আমাদের বাইরে যাওয়ার উপায় ছিল না। জেঁকে বসেছিলাম দেশীয় চ্যানেলগুলোর সামনে। ঈদের তৃতীয় দিন। শুরু হলো টেলিছবি মেট্রোপলিটন প্রেম। প্রথম বিরতি মেনে নিলাম। বাহ্‌! বেশ তো, গল্প শুরু হওয়ার আগেই বিজ্ঞাপন। মনে হচ্ছে কিছু সময় টানা দেখা যাবে! আসবে। দ্রুতই ফিরে আসবে। আর কোনো চ্যানেলে যাইনি। পাঁচ মিনিট হয়ে গেল। কই? দেরি হচ্ছে! হাতের মুঠোয় রাখা রিমোট অনায়াসে নিয়ে যায় আরও কয়েকটা দেশীয় চ্যানেলে। অবাক করা বিষয় হলো, একই সময়ে বেশির ভাগ চ্যানেল সমানে বিজ্ঞাপন চলছে। মনে হলো, এ যেন কোনো গণবিজ্ঞাপনতন্ত্র। বাসার কাজের মেয়েটি বলল, ‘স্টার জলসা দেন। এত যন্ত্রণা নাই।’ আমার বোন শক্ত করে সমর্থন দিল তাকে। সে বলল, ‘চেঞ্জ বাংলা চ্যানেল।’ হায়! আমরা নিশ্চয়ই সব জায়গায় চৌকি দিয়ে বসে নেই! দেশপ্রেমের দোহাই দিয়ে দর্শকের ওপর বিজ্ঞাপনের সাম্রাজ্য চাপিয়ে দিলে সে এটা নেবে না। সে নিশ্চিত ভারতীয় চ্যানেলে ঝুঁকবে। বড় ক্যানভাস, বিশাল আমোদ, ঝকঝকে বিজ্ঞাপন, যন্ত্রণাহীন ও চিন্তাহীন অনুষ্ঠানমালায় সাজানো তাদের চ্যানেল।

দর্শক যেন পরিব্রাজক

বাংলাদেশের দর্শক ইদানীং নিজেদের কিছুই দেখছে না। এটা বাজি ধরে বলতে পারি। ব্যতিক্রম হয়তো কিছু আছে। কিন্তু তা হাতে গোনা। দর্শক নিজের স্বাধীনতা শতভাগ ভোগ করবে! অন্তত টেলিভিশনের সামনে। রিমোট হাতে তারা পর্যটক হয়ে ওঠে। যেখানে মনোহারী জংশন পাবে, সেখানে থামে। তার আনন্দের জ্বালানি সে নেয়। আবার অন্য গন্তব্যে ছুট দেয়। তারা খুব দ্রুতগামী যাত্রী। কোথাও থেমে অতিরিক্ত ‘হাউকাউ’ নিতে পারে না। তার ভালো লাগাকে নিঃশেষ হতে দিতে চায় না। সে ছুটতে থাকে! একসময় দেশের সীমানা অতিক্রম করে। অন্য দেশে যেতে দ্বিধাবোধ করে না। অতিরিক্ত জৌলুশ আর চকচকে স্টেশনে আটকা পড়ে। ভালো লাগে তার। সে সেখানে স্থায়ী বসতি তৈরি করে। তখন তার দেশ কিংবা রুচির প্রশ্ন বড় হয়ে ওঠে না।

বিজ্ঞাপন তরঙ্গ

বিজ্ঞাপন টিভি চ্যানেলগুলোর জ্বালানি। বিজ্ঞাপন কিন্তু একেবারেই ফেলনা নয়! দেখার মতো, মুগ্ধ হওয়ার মতো বিজ্ঞাপন আমাদের চ্যানেলে হরহামেশা হচ্ছে। এগুলো আমাদের মুগ্ধ করে! পণ্যের প্রসার এবং ব্যবসার যে মুনাফার দর্শন, সেখানে বিজ্ঞাপন জরুরি। প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট অর্থের মধ্যে অনেকগুলো চ্যানেলে তাদের বিজ্ঞাপন দেয়। আগে যেখানে হয়তো একটি প্রতিষ্ঠান ১০ লাখ টাকায় পাঁচটি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করত, সেখানে এখন প্রতিষ্ঠানটি একই পরিমাণ টাকায় ২০টা চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে। এ ক্ষেত্রে চ্যানেলগুলোর মিনিট বিক্রির দর সংগত কারণে কমে আসে। আনুপাতিক হারে মিনিটের হিসাবে অর্থ বরাদ্দ কমে এলে চ্যানেল তার খরচ ও মুনাফা মেলাতে গিয়ে অতিরিক্ত সময় বিজ্ঞাপন বরাদ্দ দেয়! অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখন এমন কিছু করতে হবে, যাতে বিজ্ঞাপন দিতে গিয়ে অনুষ্ঠান হারিয়ে না যায়।

বিজ্ঞাপনের বিনিময়ে অনুষ্ঠান পরিকল্পনা

ইদানীং এজেন্সি ও চ্যানেলগুলোর বিপণন বিভাগ অনুষ্ঠানের নিয়ন্ত্রক হয়ে উঠেছে। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো থেকে বিজ্ঞাপন নিয়ে তারা টিভি চ্যানেলে দিচ্ছে। এর বিনিময়ে তারা নাটক, সিরিয়াল, রান্নার অনুষ্ঠান, আলাপচারিতাসহ নানা অনুষ্ঠানের পসরা সাজিয়ে চ্যানেলে দেয়। একজন তরুণ নির্মাতা হয়তো ৪৫ মিনিটের নাটক নির্মাণের জন্য বাজেট পান ২ লাখ ২০ হাজার টাকা। এজেন্সি তা চ্যানেলে বিক্রি করে হয়তো এক লাখ টাকা মুনাফা পায়। আবার চ্যানেল তাতে মুনাফা করবে যতটা পারে। সংগত কারণেই টিভি চ্যানেলগুলোকে অতিরিক্ত বিজ্ঞাপন প্রচার করতে হয়! এজেন্সির বানানো অনুষ্ঠানগুলোর সঙ্গে চ্যানেলগুলোর বিপণন বিভাগের সরাসরি যোগাযোগ থাকে। অনুষ্ঠান বিভাগের এখানে কিছুই করার থাকে না। অথচ নিয়ম অনুযায়ী একটি টিভি চ্যানেলের সব অনুষ্ঠান পরিকল্পনা করবে, নির্মাণ করবে অনুষ্ঠান বিভাগ। বেশির ভাগ টিভি চ্যানেলই এখন শতভাগ মধ্যস্বত্বভোগী এজেন্সির বিজ্ঞাপন ও অনুষ্ঠানের ওপর নির্ভর করে চলছে।

টেলিভিশনের ভবিষ্যৎ

ভারচুয়াল জগতের কল্যাণে দর্শক ও নির্মাতা এখন খুব কাছাকাছি। দর্শক এখন টিভি ছেড়ে অনলাইনের দিকে ঝুঁকছে। ইউটিউবে বিরতিহীন একটানা কাজটা উপভোগ করা যায়। ইদানীং অনলাইন টিভিগুলো আসছে আলোচনায়। যেহেতু একটা বড় অংশের দর্শক টিভি সেটের সামনে থেকে সরে গিয়ে ভারচুয়াল বিনোদনে অভ্যস্ত হয়ে উঠছে, কিংবা ঢুকে পড়ছে ভারতীয় চ্যানেলে; তখন নিশ্চয়ই প্রশ্ন উঠে আমাদের দেশীয় টেলিভিশনের দিন কি শেষ হচ্ছে? আমাদের দেশের টেলিভিশন দেখার যে সংস্কৃতি, তা এই মুহূর্তে সংকটে। এর পেছনে শুধু অতিরিক্ত বিজ্ঞাপন নয়; মানহীন আর ভাঁড়ামিতে ভরপুর অনুষ্ঠানও দায়ী। একমুহূর্ত দেরি না করে এখন সবাইকে সচেতন হতে হবে।