কেউ লাল, কেউ নীল বা হলুদ রঙের শাড়ি পরে আনন্দে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন ফ্যাশন প্রতিযোগিতার জন্য। যদিও তাঁরা কেউই পেশাগত মডেল নন। ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার ৪০০ বছর উদ্যাপন পরিষদ আয়োজন করেছিল ফ্যাশন প্রতিযোগিতা ও মেহেদি উৎসব। গতকাল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে সেমিনারকক্ষে প্রতিযোগিতা ও মেহেদি উৎসবের আয়োজন করে রাজধানী ঢাকার ৪০০ বছর উদ্যাপন পরিষদ ও স্বাধীনতা পরিষদ। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ-তরুণী শিক্ষার্থীরা অংশ নেন। আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের ঢাকার সবুজ হারিয়ে গেছে। আগে প্রতিটি বাড়িতে পেয়ারা ও নারিকেলগাছ থাকত। আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে হলে আমাদের ইতিহাস মনে রাখতে হবে।’ এ সময় তিনি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তায়েবা ইসলাম, ৪০০ বছর উদ্যাপন পরিষদের উপদেষ্টা আজফারুজ্জামান সোহরাব, মমতাজ হারবাল প্রোডাক্টসের মহাব্যবস্থাপক আবদুস ছাত্তার প্রমুখ। কণ্ঠশীলনের নতুন নাটক ‘উত্তরবংশ’কণ্ঠশীলনের নতুন নাটক উত্তরবংশ-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামীকাল সোমবার। সন্ধ্যা সাড়ে সাতটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হবে নাট্যাভিনয়। সৈয়দ শামসুল হকের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন গোলাম সরোয়ার। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নাটকের বিস্তারিত তুলে ধরা হয়। এতে নাটকের লেখক সৈয়দ শামসুল হক ছাড়াও আরও উপস্থিত ছিলেন কণ্ঠশীলন সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী, গোলাম সরোয়ার প্রমুখ। স্বাধীনতা-উত্তর প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণনা করা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে এগিয়ে যাওয়া এবং পরের প্রজন্মের কাছে দায়িত্ব অর্পণ নাটকটির মূল উপজীব্য। তিনটি প্রধান চরিত্রকে ঘিরে নাটকটির কাহিনি আবর্তিত। নাট্যকার মুক্তিযুদ্ধে তাঁর স্ত্রীর পাকিস্তানি সেনা ক্যাম্পে আটকে থাকা নিয়ে একটি নাটক রচনা করতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। নাট্যকারের মেয়ে এখনো জানে না, কেন তার মা আত্মহত্যা করেছিলেন। এদিকে রাজনীতিকেরা নাট্যকারকে তাগাদা দিতে থাকেন একটি মুক্তিযুদ্ধের গণজাগরণমূলক নাটক লেখার জন্য। এসব নিয়েই কাহিনি এগিয়েছে।নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরা রহমান, রাখী ঘোষ, ওমর ফারুক, নূরুজ্জামান নান্নু, জে এম মারুফ সিদ্দিকী প্রমুখ।একুশে টেলিভিশনের ঈদের অনুষ্ঠানমালাগতকাল শনিবার একুশে টেলিভিশনে আসন্ন ঈদের অনুষ্ঠান নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইফতার-পূর্ব এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের উপদেষ্টা আতিকুল হক চৌধুরী। এতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরে একুশে টেলিভিশন ছয় দিনব্যাপী ঈদ আয়োজন করতে যাচ্ছে। দেশের স্বনামধন্য নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের পাশাপাশি একুশের নিজস্ব অনুষ্ঠানও রয়েছে। এবারের ঈদে একুশে টেলিভিশনে ১৬টি নাটক, তিনটি টেলিফিল্ম, ছয়টি চলচ্চিত্রের পাশাপাশি ঈদের দিন থেকে ছয় দিন পর্যন্ত রয়েছে একটি ধারাবাহিক নাটক। এ ছাড়া ঈদ আয়োজনের ছয় দিনই থাকছে একুশের ফোন লাইভ স্টুডিও কনসার্ট। নাচ, গান, টকশো, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক আর সিনেমা—সবকিছু নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের অনুষ্ঠানমালা।