ঈদ বিনোদন
ছাপাখানায় একটি ভূত থাকেচ্যানেল নাইনে আজ রাত আটটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ছাপাখানায় একটি ভূত থাকে। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, রিফাত চৌধুরী প্রমুখ। কায়সারুল হক পত্রিকায় চাকরি করেন। স্বনামধন্য গল্পকার। এক রাতে তাঁর বাসায় আসেন জাফর, পত্রিকার সাহিত্য সম্পাদক। সাহিত্য পাতায় ভূতের গল্প ছাপা হবে। আর কায়সারুলকে গল্পটি তখনই লিখে দিতে হবে। পরে খাবার খেয়ে জাফর চলে যান। ভোরবেলা উঠে কায়সারুল লেখাটা শেষ করে অফিসে যান। অফিসে তিনি লেখাটা জমা দিতে গিয়ে শোনেন তাঁর লেখাটি ছাপা হয়ে গেছে। কায়সারুল যেন আকাশ থেকে পড়েন। তিনি জাফরকে ফোন দেন। জাফর জানান, তিনি তো কাল রাতে কায়সারুলের বাসায় যাননি। তাহলে ছাপাখানায় কি কোনো ভূত থাকে? বিনা মেঘে বৃষ্টিমাছরাঙা টিভিতে আজ বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি বিনা মেঘে বৃষ্টি। পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, ফারাহ রুমা, মাজনুন মিজান, মুনমুন আহমেদ, কে এস ফিরোজ, মৌ প্রমুখ।শাহেদ ও মায়া একে অপরকে ভালোবাসে। মায়াকে না পেলে বেঁচে থাকা অর্থহীন মনে করে শাহেদ। শাহেদকে বিয়ে করার ব্যাপারটি মায়া কোনোভাবেই তার মা-বাবাকে বলতে পারছে না। তার ধারণা, বাবা-মা তা মেনে নেবেন না। মায়া সাহায্য চায় তারই খালাতো বোন হেনার কাছে। শুরু হয় হেনা আপার মিশন। এদিকে শাহেদের সঙ্গে আরেকটি মেয়ের পরিচয় করিয়ে দেয় হেনা আপা। তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর নানা হাস্যরসাত্মক আর জটিল পরীক্ষার মধ্য দিয়ে কাহিনি এগিয়ে যায়। লেফট রাইটগ্রামীণফোন আয়োজিত ‘বাধা পেরোবার গল্প’ সময়ে চ্যানেল নাইনে আজ রাত ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক লেফট রাইট। লিখেছেন ও পরিচালনা করেছেন তৌহিদুল রহমান। ছয়জনের একটি দল। তারা প্রশিক্ষণের জন্য বের হয়েছে কয়েক দিন হলো। যাত্রার মাঝে এসে তারা এক পাহাড়ে আটকায়। রাতে ছয়জন ঘাবড়ে যায়—তারা কি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে? একসময় এই দলের অ্যালেনের বুদ্ধি, রাজীবের দূরদর্শিতা, ঝুম্পার বুঝতে পারার ক্ষমতা, তাশফিয়ার অদম্য ইচ্ছা আর আশার ভালোবাসা মিলিয়ে সবাই অসাধ্যকে জয় করে। আজ তারা পাহাড়ের চূড়ায়।ফাইন জামাইচ্যানেল আইতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ফাইন জামাই। লিখেছেন গিতালী হাসান, পরিচালনা করেছেন রবিন খান। অভিনয় করেছেন আমিন খান, বিন্দু, ফারুক আহমেদ, টিসা, শিরীন আলম প্রমুখ। ‘স্ত্রী ফেরত চাই, নয়তো আত্মহত্যা করব’—এই ব্যানার টানিয়ে তিন দিন ধরে শ্বশুরবাড়ির সামনে বসে থাকে বদিউল। বদিউল রাগের মাথায় তার স্ত্রী পরীকে চড় মেরে বসে। পরী এরপর বাবার বাড়ি চলে আসে। বদিউল নাছোড়বান্দা। সে পরীকে না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবে না। গ্রামের অতি উৎসাহী কিছু ব্যক্তি ব্যাপক উৎসাহ নিয়ে নানা জটিলতা তৈরি করে। এদিকে বিষ মেশানো খাবার খেয়ে যন্ত্রণায় ছটফট করছে বদিউল। এগিয়ে আসে পুরো পরিবার।দেয়ালের ওপারে আকাশবাংলাভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক দেয়ালের ওপারে আকাশ। লিখেছেন কবির বকুল, পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। অভিনয় করেছেন অপি করিম, সজল প্রমুখ।এ সময়ের জনপ্রিয় লেখক অমি রায়হান। কিছুদিন ধরে তিনি কিছুই লিখতে পারছেন না। প্রকাশকদের ফিরিয়ে দিচ্ছেন। একদিন এই লেখকের বাসায় একটি মেয়ে আসে। পরিচয়ের পর মেয়েটি লেখককে তার জীবনের গল্প শোনায়। মেয়েটির ইচ্ছা, লেখক যেন এই গল্প তাঁর লেখায় তুলে ধরেন।ট্রাম্পকার্ডআরটিভিতে আজ রাত পৌনে ১২টায় প্রচারিত হবে অ্যাকশন থ্রিলার ধাঁচের টেলিছবি ট্রাম্পকার্ড। লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর আরিয়ান। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মীম, নিশো, মুনিরা মিঠু প্রমুখ। অন্ধকারজগতের ডন শতাব্দী। আত্মগোপন করে থাকে। তার সব কাজ দেখাশোনা করে নিশো। একদিন নিশোকে আক্রমণ করে কয়েকজন সন্ত্রাসী। একজন প্রতিবন্ধী মেয়ের সাহায্যে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নিশো। সেই মেয়েটির প্রতি ধীরে ধীরে ভালোবাসা জন্মাতে থাকে নিশোর। কিন্তু নিশোর সব স্বপ্ন উড়িয়ে দেয় অন্ধকারজগতের আরেক ডনের সহকারী মীম।