ঈদ বিনোদনে চূড়ান্ত আট ছবি
প্রেক্ষাগৃহ ও টেলিভিশন মিলিয়ে এবারের ঈদে ছবি মুক্তির দৌড়ে এখন পর্যন্ত আটটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছয়টি ছবি এবং বাকি দুটি ছবি প্রথমে টেলিভিশন এবং পরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হওয়া ছয়টি ছবি হচ্ছে- শাহীন-সুমনের ‘খোদার পরে মা’, সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’, এফ আই মানিকের ‘মাই নেম ইজ সুলতান’, অনন্য মামুনের ‘মোস্ট ওয়েলকাম’, সাফিউদ্দিন সাফির ‘ঢাকার কিং’ ও আশরাফুর রহমানের ‘তুমি আসবে বলে’। এর বাইরে বাকি দুটি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। ছবি দুটি হচ্ছে- ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘সুতোয় বাঁধা প্রজাপতি’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত শাহজাহান চৌধুরীর ‘আত্মদান’ এবং বাসু চ্যাটার্জির ‘হঠাত্ সেদিন’ ছবিটি। গত কয়েক বছরের মত এবারের ঈদেও সর্বাধিক ছবির নায়ক হিসেবে আছেন শাকিব খান। তবে নায়িকার আসনটিতে বড় একটা পরিবর্তন এসেছে। গত কয়েক বছর ধরে শাকিব খানের পাশাপাশি শীর্ষ নায়িকার আসনটি অপু বিশ্বাসের দখলে ছিল। এবার ছবি মুক্তির তালিকায় অপু বিশ্বাসের জায়গাটি দখল করেছেন নিপুণ। এবারের ঈদে শাকিব খান ও নিপুণ দুজনেরই চারটি করে ছবি মুক্তি পাচ্ছে।ঈদের ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন ফেরদৌস, অপু বিশ্বাস, তিন্নি, সাহারা, নীরব, অনন্ত, বর্ষা, বাপ্পারাজ, রাজ্জাক, ববিতা এবং ভারতের স্নেহা উলাল ও রিদিমা।