
এখন ঈদ উৎসবে বিনোদনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানমালা। প্রতিবারের মতো এবারও বিভিন্ন চ্যানেল ৭-১০ দিনের অনুষ্ঠানমালা প্রচার করেছে। তারই কিছু অংশ নিয়ে আমাদের এবারের ‘টিভি সমালোচনা’।
ঈদের আগের রাত থেকেই শুরু হয়েছে বিশেষ নাটকের প্রচার। ২১ আগস্ট ৯টায় এটিএন বাংলায় প্রচারিত হলো বিশেষ নাটক তুমি কিংবা ঘাসফুল। রচনা করেছেন প্রীতি দত্ত এবং পরিচালনা বি ইউ শুভ। অভিনয় করেছেন অপূর্ব, মিথিলা প্রমুখ। নাটকের বিষয়—প্রবাসজীবনে ঘটনাক্রমে অপূর্বর সঙ্গে পরিচয় হয় মিথিলার। পরিচয় থেকে প্রণয়। অতঃপর অপূর্ব দেশে এসে আরেকটি মেয়েকে বিয়ে করে ফেরে। মিথিলাকে জানায় মায়ের পছন্দ অস্বীকার করতে না পেরে বিয়ে করেছে। অপূর্বর এ উক্তি বড়ই অযৌক্তিক মনে হয়েছে। একজন প্রবাসী ও পরিপক্ব ব্যক্তির পক্ষে এমন সিদ্ধান্ত বেমানান। লেখক নাটকীয়তা সৃষ্টি করতে চেয়েছেন, কিন্তু তা যুক্তিপূর্ণ করে তুলতে পারেননি বলে নাটকটি হয়ে গেছে গতানুগতিক ও আবেদনশূন্য।
২৫ আগস্ট ঈদের ৪র্থ দিন বেলা ২টা ৩০ মিনিটে নজরুল ইসলামের পরিচালনায় এনটিভিতে প্রচারিত হলো টেলিছবি বেলি অতঃপর। অভিনয়ে মিলন, মম, আসাদ, শিল্পী সরকার প্রমুখ। নাটকটির পটভূমি দীর্ঘ। তরুণ সাংবাদিক মিলনের সঙ্গে বেলি নামের মমর সাক্ষাৎ ও পরিচয় হয় ট্রেনযাত্রায়। তারপর দুজনের মাঝে দেখা-সাক্ষাৎ, প্রেম জেগে ওঠার আগেই এক প্রবাসী ছেলের সঙ্গে বেলির বিয়ে হয়ে যায়। দুজনের দুই ভুবনে ঘর-সংসার। অতঃপর দুজনই ঘর-সংসার ত্যাগ করে। আবার মিলন ও বেলির সাক্ষাৎ। এখন বেলির একটি চাকরি দরকার। মিলন এবার তাকে পাওয়ার আশায় বন্ধুর অফিসে চাকরি জোগাড় করে দেয়। কিন্তু বেলি বদলি নিয়ে চলে যায় সিডনি। আবার তাদের মাঝে নেমে আসে বিচ্ছেদ ও বিরহ। গল্পের আবহে বেশ ফিল্মি একটা ভাব ছিল বটে, কিন্তু শেষ পরিণতিটি ভালো লাগেনি। বেলির সিডনি চলে যাওয়ার কারণটি যুক্তিযুক্ত করে তুলতে পারেননি লেখক ও নির্মাতা। ফলে সুন্দর গল্পের আবেদনশূন্য পরিসমাপ্তি হয়েছে বলা যায়।

২৬ আগস্ট ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হলো বিশেষ নাটক ফুল হাতা হাফ শার্ট। গল্প আপেল মাহমুদ, কাহিনিচিত্র, সংলাপ ও পরিচালনা মাবরুর রশীদের। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু, সিয়াম নাসির প্রমুখ। নাটকের বিষয়: একটা বিশেষ শার্ট পরে ইন্টারভিউ দেওয়ায় ইরফানের চাকরি হয় না, ফলে সে তার প্রেমিকা তিশাকে বিয়েও করতে পারে না। শার্টটির এক হাতা হাফ এক হাতা ফুল। কেন সে এই উদ্ভট শার্ট পরে তার ব্যাখ্যাও দেয় না। তার প্রেমিকা তিশা একদিন বিরক্ত হয়ে শার্টটি চুরি করে নিলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন জানা যায় এটি তার মায়ের হাতে সেলাই করা অসমাপ্ত শার্ট। এরপর শার্টটি ফিরিয়ে দিলে সে সুস্থ হয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে চাকরিও পেয়ে যায়। গল্প একটু ব্যতিক্রম করার প্রয়াস ছিল বটে, কিন্তু উপস্থাপনা যুক্তিপূর্ণ না হওয়ায় তা হয়ে গেছে উদ্ভট। ইন্টারভিউ বোর্ডে যখন তার শার্ট নিয়ে বারবার কথা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, তখন সে ব্যাখ্যা দেয়নি কেন? আবার শার্টের হাতা যেভাবে দেখানো হয়েছে তাও অযৌক্তিক। শেষে বলা যায়, নাটকটি হয়েছে আবেগপ্রবণ গল্পের হাস্যকর উপস্থাপনা।
২৬ আগস্ট ঈদের ৫ম দিনে রাত ১০টা ৫০ মিনিটে চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় আরটিভিতে প্রচারিত হলো বিশেষ নাটক মেঘ প্রান্তরে একা। অভিনয় করেছেন মিলন, শারমিন শিলা প্রমুখ। নাটকের বিষয়—নীলের অসুস্থ ও প্রাক্তন প্রেমিকা অবন্তি হঠাৎ আশ্রয় নেয় তাদের সংসারে। নীলের স্ত্রী তাথৈ উদারতার সঙ্গে সব মোকাবিলা করে। অবন্তি প্রথমে নীলকে না চেনার ভান করলেও পরে তাথৈয়ের অগোচরে সে নীলকে জানায়, ডাক্তারের কাছ থেকে তার মাতৃত্বে অপারগতার কথা জেনেই সে নীলকে ছেড়ে দূরে সরে গিয়েছিল। পরদিন সকালে সে একটি চিঠি লিখে আবার দূরে সরে যায়। গল্পের বুনন পুরোনো উপন্যাসের গল্পের মতো সাদামাটা হলেও সংলাপ ও নির্মাণগুণে উপভোগ্যই হয়েছে বলা যায়। সবার অভিনয়ও ছিল যথাযথ।
এবারে সংগীতানুষ্ঠান ও অন্যান্য। ঈদের বিশেষ অনুষ্ঠানমালার মধ্যে তুলনামূলকভাবে সংগীতায়জনগুলো ছিল বেশ আকর্ষণীয়। ২৫ আগস্ট ঈদের ৪র্থ দিন রাত ১১টায় রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থাপনায় চ্যানেল আইতে প্রচারিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘কোকিল কণ্ঠে লালন’। শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন। দুই ভুবনের দুই স্বনামখ্যাত শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়েছে অসাধারণ ও উপভোগ্য। বিশেষত সাবিনার কণ্ঠে লালনের গান ছিল সত্যিই ব্যতিক্রমী সংযোজন। তাঁর পরিবেশিত উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ছিল ‘কবে সাধুর চরণধূলি মোড় লাগবে হায়’, ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ ইত্যাদি। অনুষ্ঠানের সেট এবং আলোর ব্যবহারও ছিল মনে রাখার মতো।
দেশ টিভি ঈদের ৭ দিন বেলা ৩টায় আয়োজন করেছে সরাসরি প্রচারিত গানের অনুষ্ঠান ‘সুর ও গান’। ২৫ আগস্ট ঈদের ৪র্থ দিন লাবণ্যের উপস্থাপনায় এ অনুষ্ঠানে শিল্পী ছিলেন অনুপমা মুক্তি ও প্রতীক হাসান। অনুপমা মুক্তির উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল ‘তুমি আমার কত চেনা সে কি জানো না’, ‘আমার এই গানখানি যদি ভালো লাগে’ ইত্যাদি। অন্যদিকে প্রতীকের উল্লেখযোগ্য পরিবেশনা ছিল ‘আমার মতো অসুখী নয় তো কারও জীবন’, ‘নীল অঞ্জনা ও নীল নীল চোখে চেয়ে দেখো না’ ইত্যাদি। তাঁরা দ্বৈতকণ্ঠেও বেশ কয়েকটি গান পরিবেশন করেছেন।
নাগরিক টিভিও পর পর ৭ দিন রাত ১১টায় আয়োজন করেছে সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’। ২৬ আগস্ট রাত ১১টায় তানিয়ার উপস্থাপনায় সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী দিলশাদ নাহার কণা। তাঁর উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল ‘ধিন তা না না না ধিন তা না না না’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব’ ইত্যাদি। গানের পাশাপাশি শৈশব থেকে কীভাবে তিনি গান নিয়ে বেড়ে উঠেছেন, কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, কাদের সহযোগিতা পেয়েছেন এসব কথোপকথনও ছিল বেশ আকর্ষণীয়। ফোনে দর্শকদের সঙ্গে তাঁর কথোপকথনও ছিল উপভোগ্য।
সবশেষে আরেকটি ব্যতিক্রমী অনুষ্ঠানের বিবরণ, নাম ‘প্রজন্ম ধারা’। অনুষ্ঠানটি প্রচারিত হলো ঈদের ৪র্থ দিন ২৫ আগস্ট রাত ৯টায় এনটিভিতে। এতে অংশগ্রহণ করেছেন সংগীতশিল্পী সুজিৎ মোস্তফা, তাঁর স্ত্রী নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং তাঁদের কন্যা অপরাজিতা মোস্তফা। দৈনন্দিন জীবনে তাঁরা কীভাবে সংগীত, নৃত্য ও সংস্কৃতির অন্যান্য অনুষঙ্গের মাঝে ডুবে থাকেন তা তাঁদের কথোপকথন ও পরিবেশনার মধ্য দিয়ে চমৎকারভাবে তুলে ধরেছেন এ অনুষ্ঠানে। এর মাঝে উঠে এসেছে সুজিৎ মোস্তফার বাবা বিশিষ্ট গীতিকার ও কবি আবু হেনা মোস্তফা কামালের নাম। শুনিয়েছেন তাঁর কবিতার আবৃত্তি। এভাবেই ‘প্রজন্ম ধারা’ নামটি হয়েছে সার্থক, অনুপ্রেরণাযোগ্য ও উপভোগ্য।