ঈদ মেলায় যাত্রানুষ্ঠান
বারো মাসে তেরো পার্বণের এ দেশে মুসলমানের ঈদ উৎসব একটি বাড়তি আনন্দের বিষয়। অন্যান্যবারের মতো এবারও ঈদকে উপলক্ষ করে দেশের বিভিন্ন স্থানে বসেছে রকমারি মেলা। উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ঈদ মেলায় বসেছে যাত্রার আসর। মনিরামপুরের আনন্দ অপেরা ঈদের দিন মেলা শুরু থেকে গান করে আসছে।আয়োজক সূত্রে জানা গেছে, আনন্দের পর এ মেলায় আসছে কানসাটের চৈতালী অপেরা। মেলায় যাত্রানুষ্ঠানের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ‘দি রওশন সার্কাস’ প্রদর্শনী। আনন্দ অপেরা ও চৈতালী অপেরা বেশ কয়েক বছর ধরে এই মেলায় গান-বাজনা করে একটা অবস্থান তৈরি করে নিয়েছে। আনন্দের সেলিম রেজা-বীথিকা জুটির জয়-জয়কার যাচ্ছে। অপরদিকে চৈতালী অপেরার পালা দেখতেও দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। রাজশাহী জেলায় যাত্রার পাশাপাশি এ্যালেন সার্কাস দলের প্রদর্শনী চলছে। যাত্রার দর্শকপ্রিয় জুটি কবির খান ও মুক্তি চক্রবর্তী এবারও আছেন চৈতালীতে। দলের ম্যানেজার-সংগঠক স্বপন পাণ্ডে বলেন, ‘যাত্রা বাংলাদেশের লোক-সংস্কৃতির অমূল্য সম্পদ। একটি শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে যাত্রা আমাদের দেশে আবহমানকাল ধরে সামাজিক, লোক শিক্ষা এবং নির্মল আনন্দ দানের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে।’ আনন্দের মালিক মোশারফ হোসেনের ভাবনায়, যাত্রা হচ্ছে ভ্রাম্যমাণ বিদ্যালয়। যাত্রা দেখে দর্শকেরা নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়। বাঘা মেলায় চৈতালী অপেরার জীবন এক জংশন পালা দেখে অধ্যাপক মঈনউদ্দীন আহমেদ বলেন, ‘ঐতিহ্যগতভাবে যাত্রা কেবল বাংলা ভাষা এবং আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গই নয়, আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে রয়েছে এর প্রধান যোগসূত্র।’ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার তমালতলা বাজারে ঈদ উপলক্ষে শুরু হয়েছে দি চ্যালেঞ্জার অপেরার পালা প্রযোজনা। ওয়াসিম আসকর ও পারুল দম্পতি এ দলের দর্শকপ্রিয় জুটি। সফল ব্যবসায়িক ম্যানেজার আলী আজগর আনন্দ ছেড়ে এবার চ্যালেঞ্জারের হাল ধরেছেন। তিনি বললেন, ‘আমাদের নিজস্ব সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের স্বার্থে পরিবেশনা ও অভিনয়রীতিকে অপরিবর্তিত রেখে একটি প্রগতিশীল, পরিশীলিত ও উন্নত মানের শিল্পমাধ্যম হিসেবে যাত্রাশিল্পকে গড়ে তুলতে হবে।’ ঈদ-পরবর্তী পর্যায়ে পালা মঞ্চায়নের জন্য চূড়ান্ত পর্যায় রয়েছে ঝিনাইদহ জেলার সদর থানার মদার বাজারে নিউ ভোলানাথ অপেরা, গোয়ালবাড়ীতে নিউ প্রতিমা অপেরা, খুলনার ডুমুরিয়া আমভিটায় নিউ রংধনু অপেরা, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুন্দরবন অপেরা। উল্লেখ্য এবার সব দলেই নতুন পালা প্রযোজনার প্রস্তুতি চলছে।