ঈদে অনন্ত-বর্ষার 'মোস্ট ওয়েলকাম টু'

দেশের চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত-বর্ষা ভক্তদের জন্য সুখবর। বছর পেরোতে না-পেরোতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই জুটির নতুন চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম টু’। এখন চলছে ছবিটি মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি।
এ প্রসঙ্গে প্রথম আলোকে অনন্ত বলেন, ‘টানা এক বছর শুটিং করে এ বছরের ফেব্রুয়ারিতে “মোস্ট ওয়েলকাম টু” ছবির কাজ শেষ করেছি। এখন ছবি মুক্তির প্রস্তুতি নেওয়া চলছে।’
‘মোস্ট ওয়েলকাম টু’ ছবি প্রসঙ্গে অনন্ত বলেন, ‘ছবিটা অনেক বৈচিত্র্যপূর্ণ। এখানে অ্যাকশন, রোমান্স, ইমোশন—সবকিছু পুরোপুরি ডিফারেন্ট। ছবিতে দর্শকেরা সুপার স্লো মোশন ও থ্রিডি অ্যানিমেশন গান পাবেন। এ ছাড়া রয়েছে আরও নানা চমক। এ ছবির মাধ্যমে আমি বাংলাদেশকে বিশ্বের দরবারে হাইলাইট করেছি এবং ছবিতে দেশের জন্য বিভিন্ন মেসেজ রয়েছে।’
জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের হায়দরাবাদে ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির শুটিং শুরু হয়। আর এ বছরের ফেব্রুয়ারিতে পুরো ছবির শুটিং শেষ হয়। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন অনন্ত জলিল।
‘মোস্ট ওয়েলকাম টু’ চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে ক্যানসারের প্রতিষেধক আবিষ্কারকে কেন্দ্র করে। বাংলাদেশের একজন বিজ্ঞানী ক্যানসারের প্রতিষেধক আবিষ্কার করার পর আন্তর্জাতিক অপরাধ চক্রের লক্ষ্য হয়ে পড়েন। সিনেমায় এই বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। অনন্তকে দেখা যাবে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। মূল খলনায়কের চরিত্রে মিশা সওদাগর।
অনন্ত জলিল-বর্ষা জুটির তৃতীয় সিনেমা ‘মোস্ট ওয়েলকাম’ মুক্তি পায় ২০১২ সালে। সিনেমায় অনন্ত জলিল অভিনয় করেন দুর্নীতি দমন কমিশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিয়ান চৌধুরীর ভূমিকায়। বর্ষা অভিনীত চরিত্রের নাম ছিল অধরা চৌধুরী।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত ও বর্ষা অভিনীত প্রথম সিনেমা ‘খোঁজ-দ্য সার্চ’ মুক্তি পায় ২০১০ সালে। এরপর এই জুটি অভিনীত ‘হূদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’ এবং ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিগুলো বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়।