ঈদে আমার সেরা কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মুক্তি পাওয়া ছবি নিয়ে শিল্পীরা বরাবরই টেনশনে থাকেন। কোনো কোনো ছবি মুক্তির পর তাঁরা নিজেরাও মুক্তি পান টেনশন থেকে। ঈদে মুক্তি পাওয়া নিজের সেরা ছবি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্রের স্বনামধন্য অভিনয়শিল্পীরাবেঈমান আমার সঙ্গে বেইমানি করেনি: রাজ্জাকরংবাজ মুক্তির পরেই আমি বেঈমান ছবিটি বানানোর সিদ্ধান্ত নিলাম। কোরবানির ঈদে মুক্তি দেব এটি। বেঈমান আমার প্রযোজনায় সম্ভবত দ্বিতীয় ছবি ছিল। অনেকে বললেন, ‘রংবাজ -এর পর আবার নেতিবাচক চরিত্রে মানুষ আপনাকে গ্রহণ করবে না। এতে বাজার নষ্ট হবে।’ কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। এরপর শ্রদ্ধেয় সুভাষ দত্ত আর কাজী জহির আমাকে বললেন, ‘ছবিতে তুমি কবরীর কোলে মাথা রেখে মারা যাচ্ছ, এটা কি মানুষ ভালোভাবে নেবে? আমরা তোমাকে ঈদে ছবিটি মুক্তি না দেওয়ার জন্য অনুরোধ করছি।’আমি এবারে টেনশনে পড়ে গেলাম। একদিকে প্রেক্ষাগৃহের মালিকদের কাছ থেকে টাকা নিয়েছি, অন্যদিকে সবার নিষেধ—ভেবে উঠতে পারছিলাম না। পরে মনে হলো, দেখি না, দর্শক আমাকে কীভাবে নেয়। দর্শকের ভালোবাসার ওপর আমার আস্থা ছিল। আমি ছবি মুক্তি দিলাম ঈদে। ঈদের দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই দর্শকেরা ছুটে চলল সিনেমা হলে। সব জায়গা থেকে বেঈমান ছবির ব্যবসায়িক সাফল্যের খবর এল। মনে মনে বললাম, বেঈমান আমার সঙ্গে বেইমানি করেনি। ছবিটির গান ছিল মানুষের মুখে মুখে: কবরীঈদে অনেক ছবি মুক্তি পেয়েছে। এ মুহূর্তে বেঈমান ছবিটির কথা মনে পড়ছে। স্বাধীনতার পর আমার আর রাজ্জাকের জুটি মানেই ছবি সুপারহিট। রাজ্জাক অনেকটাই চ্যালেঞ্জ নিয়ে রংবাজ বানালেন। এ ছবি এমনভাবেই ব্যবসায়িক সাফল্য পেল যে রাজ্জাক রুহুল আমিনকে নিয়ে বেঈমান ছবিটি বানানোর কথা বললেন। তখন আসলে সিনেমায় মারামারি, একটু নেতিবাচক চরিত্র—এগুলো রংবাজ, বেঈমান এসব ছবি থেকে আসতে শুরু করল। আমার মনে আছে, আমরা সদলবলে চলে গেলাম কাপ্তাইতে। রাজ্জাক এক চমৎকার গেটআপ নিল। আমাকেও সেভাবে তৈরি করা হলো। এ ছবিতে আরও ছিলেন সুজাতা ভাবি। বেঈমান ছবির বিষয়বস্তু ছিল বিয়োগান্ত। অনেকে তখন বলেছিলেন, এ ধরনের ছবি কি মানুষ গ্রহণ করবে?আমাদের কাছে মনে হয়েছিল, শুধু মানুষের কথা বিবেচনায় না এনে বরং নতুন একটি বিষয় যদি মানুষের কাছে তুলে ধরা যায়, তবে তা মানুষ আরও ভালোভাবে নিতে পারে। হলোও তা-ই। রাজ্জাক-কবরীর বেঈমান ছবিটি সিনেমা হলে মুক্তি পেল ঈদে। ছবিটি প্রশংসিত হলো। এ ছবির গানগুলো তখন ছিল মানুষের মুখে মুখে।জয়া প্রদার বাংলা শুনে হাসতাম: আলমগীরছবির নাম আমি সেই মেয়ে। ছবিটি ঈদে মুক্তি পেয়েছিল। ঈদে আসলে আমার অনেক ছবিই মুক্তি পেয়েছিল। এর মধ্যে যদি একটি ভালো বা অন্যতম সেরা কাজের কথা বলি, তাহলে আমি সেই মেয়ে ছবিটির কথা বলব। ছবিটি পরিচালনা করেছিলেন কলকাতার প্রসেনজিৎ। অভিনয় করেছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক এবং মুম্বাইয়ের জয়া প্রদা। কাজটা করার সময় আসলে মনে হয়েছিল যেন দুই দেশের শিল্পীদের মিলনমেলা। এ ছবির একটি গান ছিল ‘আগুনের দিন শেষ হবে একদিন’। চমৎকার গান। এই গানে আমি আর জয়া প্রদা অভিনয় করেছিলাম। মজার ব্যাপার হলো, এই ছবিতে জয়া প্রদা যখন অভিনয় করলেন, তখন সংলাপ নিয়ে সমস্যা হলো। জয়া প্রদা বাংলা বলতে পারেন না। ছবিতে ডাবিং অন্য কেউ করলেও অভিনয়ের সময় তো তাঁকে বাংলাতেই সংলাপ বলতে হয়েছে। কিন্তু জয়া যেভাবে বাংলা বলতেন, তাতে করে বাক্যের মানে পরিবর্তন হয়ে যেত। আমরা সবাই হো হো করে হাসতাম। তখন আমি, প্রসেনজিৎ, ঋতু—সবাই মিলে জয়াকে বাংলা সংলাপটা বলতাম আর জয়া সেটার পুনরাবৃত্তি করতেন। এত এত শিল্পী, কিন্তু প্রত্যেকের জন্যই চরিত্র এতটা গুরুত্বপূর্ণ ছিল যে প্রত্যেকেই আসলে নিজ নিজ জায়গা থেকে ভালো কাজটি করার চেষ্টা করেছেন।ছবিটির কাজ শেষ করার পর যখন জানলাম যে ঈদে মুক্তি দেওয়া হবে, তখন আমি খুশিই হয়েছিলাম। ছবিটি মুক্তি পেল এবং দর্শকেরা দারুণভাবে ছবিটি গ্রহণ করলেন। এ কাজটির কথা আজও আমার মনে পড়ে।আমাকে ঝুলিয়ে রাখা হয়েছিল দুই ঘণ্টা: চম্পামনতাজুর রহমান আকবর ডিসকো ড্যান্সার ছবির গল্প শোনালেন। আমি বললাম, ‘সবই ঠিক আছে, কিন্তু ওই যে বললেন, দুই পাহাড়ের মাঝে আমাকে ক্লিপ হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন, এটা কীভাবে করবেন?’ পরিচালক বললেন, ‘এটা সহজ একটি কাজ। কক্সবাজারে হবে সেই দৃশ্যের শুটিং।’ পরিচালককে বললাম, ‘ভাই, এত উঁচু দুটি পাহাড়ের মাঝে আমাকে ঝোলাবেন কী করে?’ পরিচালক বললেন, ‘ম্যাডাম, আপনাকে ক্রেন-ট্রলির মাধ্যমে তোলা হবে। ভয় পাবেন না। আমি উঠলাম।’ যে-ই না ক্লিপ হ্যাঙ্গারে লাগিয়ে ক্রেন সরানো হলো, আমার আত্মা যেন কেঁপে উঠল। একপর্যায়ে কেঁদে ফেললাম। পরিচালকও এমন দৃশ্যই চাইছিলেন ক্যামেরায়। প্রায় দুই ঘণ্টা ঝুলে থাকতে হলো। ঈদে এমন একটি ছবি মুক্তির কথা শুনলে আনন্দের পাশাপাশি টেনশন কাজ করে। ঈদের দিন বিকেলে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখলাম। মানুষ আর মানুষ! সেই দৃশ্যটি পর্দার সামনে ভেসে উঠতেই দর্শকের শিস আর হাততালিতে অভিভূত হয়ে গেলাম। ঈদে আমার অনেক ছবিই মুক্তি পেয়েছে, কিন্তু এ ছবির মুক্তির দিনটা ছিল আমার জন্য অনেক আনন্দের।সুস্থ ছবি জিন্দাবাদ: রিয়াজঈদে মুক্তি পেয়েছিল দিলীপ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটি। এ ছবিতে আমি আর শাবনূর অভিনয় করেছিলাম। ঈদে মুক্তিপ্রাপ্ত অনেক ছবির ভিড়ে আমার এ ছবিটির কাজ ছিল সেরা। অনেকেই বলতে পারেন, কেন আমি সেরা কাজ বলছি।প্রথমত, ছবিটিতে যখন অভিনয় করি, তখন আমার ক্যারিয়ারে মন্দার হাওয়া বইছিল। দ্বিতীয়ত, তখন বাংলা চলচ্চিত্র মানেই অশ্লীল চলচ্চিত্র। এই যখন অবস্থা, তখন দিলীপ বিশ্বাস আমাকে জানালেন যে ছবিটি তিনি ঈদে মুক্তি দেবেন।ছবি মুক্তির আগে দাদা একটি বিজ্ঞাপন তৈরি করলেন।শ্বশুরবাড়ি জিন্দাবাদ অশ্লীলতার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ।আমরা যেন সবাই প্রাণ ফিরে পেলাম। ছবিটি ঈদে ছয়টি অশ্লীল ছবির সঙ্গে মুক্তি পেল। অনেকেই অনেক কথা বলল। আমি নিজেও জানি, এই ছবির ব্যবসায়িক সাফল্য শুধু প্রযোজক দিলীপ বিশ্বাসকেই বাঁচাবে না, বাঁচাবে আমাদের শিল্পকে।ঈদের আগের দিন আমরা সবাই টেনশনে। রাতারাতি ছবির প্রিন্ট ঢাকার বাইরে পাঠানো হলো। ঈদের দিন খুবই সকালবেলা আমার ঘুম ভেঙে গেল। দুপুর থেকে মন অস্থির। দাদা সন্ধ্যাবেলায় বললেন, ‘রিয়াজ, ঘটনা তো ঘটায়ে দিলি। আমাগো ছবি দেখার জন্য মাইনষের ভিড় দেইখ্যা যা সিনেমা হলে আইস্যা।’ হাঁফ ছেড়ে বাঁচলাম। নতুন করে পথচলা শুরু করলাম। এ ছবিটির সাফল্য এনে দিল আরও অনেক ছবি। পথ হলো মসৃণ। সেই ঈদের সুখস্মৃতি আজও মনে পড়ে।মান্না ভাই আমার মন ভালো করে দিলেন: পূর্ণিমাস্বামী-স্ত্রীর যুদ্ধ ছবিতে মান্না ভাই আমাকে আর শাবনূর আপুকে নিলেন। ছবিটিতে কাজ করতে গিয়ে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। কারণ, এতে আমার চরিত্রটি ছিল ত্যাগী। মান্না ভাই বললেন, একটি সিনেমায় দুই নায়িকা ও এক নায়ক থাকলে একজন নায়িকাকে তো সেক্রিফাইজ করতে হয়। তার পরও আমার মনটা ভালো ছিল না। এর অনেক দিন পর আবার মান্না ভাইয়ের ফোন। ‘পূর্ণিমা, মনের সাথে যুদ্ধ নামের একটি ছবি বানাব। ছবিতে দুই নায়ক আর নায়িকা তুমি।’ নায়িকার চরিত্রটি তিনি শোনালেন। বললেন, ‘নায়িকার কাজটা তুমি করছ।’ আমি তো খুবই খুশি। কাজ করলাম। এ ছবিতেই মান্না ভাই জেমসকে দিয়ে ‘আইবার কালে আসলাম একা’ গানটি করালেন। সেই গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। ছবির কাজ শেষ হলো। ছবিটি মুক্তি দেওয়া হলো ঈদে। সুপার-ডুপার হিট হয়ে গেল। মান্না ভাই রাতে ফোন করে বললেন, ‘কী, মন খারাপ আছে?’ আমি বললাম, ‘না।’মান্না ভাইয়ের সেই কথা আমার এখনো মনে পড়ে। ঈদের সেরা কাজ ছিল আমার এ ছবিটি।‘বিয়ের ফুল’ না ফুটলেও...’: শাবনূরআমার বিয়ের ফুল ফোটেনি। কিন্তু পরিচালক মতিন রহমান বিয়ের ফুল ফোটালেন ঠিকই। ক্যারিয়ারে তখন শুধু ফ্লপ ছবি। কী যে হলো, কেন এমন, তা বুঝতে পারছিলেন না কেউই। তখন শাকিল খান ও রিয়াজ নায়ক হিসেবে বেশ জনপ্রিয়। মুম্বাইয়ের দিওয়ানা ছবির আদলে বিয়ের ফুল ছবি বানাবেন। ছবিটি সামনের ঈদে মুক্তি দেওয়া হবে। হাতে আছে মাত্র আট মাস সময়। আমি মনে মনে বললাম, এবার নিশ্চয়ই একটা ব্যবসাসফল ছবি উপহার দিতে পারব।কিন্তু প্রথমেই বেঁকে বসলেন শাকিল খান। ব্যাপারটা কী? লোকমুখে শোনা কথা, রিয়াজের সঙ্গে বোধ হয় তিনি কাজ করতে চান না। এদিকে রিয়াজ শুটিং করতে গিয়ে পা ভেঙে পড়ে আছেন। এক মাস বিছানায় থাকতে হবে তাঁকে। শনির দশা যেন কাটছেই না আমার।এক রাতে হঠাৎ মতিন রহমানের ফোন। ‘আজ শাকিল খানের সঙ্গে দেখা হবে। দেখি, ওকে নিয়ে রিয়াজকে দেখতে যাব। রিয়াজকে দেখলে নিশ্চয়ই শাকিল আর অমত করবে না।’ রাত নয়টা, ১০টা, ১২টা। নাহ্, মতিন রহমানের কোনো ফোন আর পাই না। রাত দুইটার দিকে একটা ফোন। ওপাশ থেকে মতিন রহমান বললেন, ‘সব ফাইনাল।’ আমরা কাজ শুরু করলাম। ছবির কাজ শেষ হলো। ছবিটি ঈদে মুক্তি পেল। সিনেমা হলে মানুষ আর মানুষ। দর্শকের কাছে মতিন রহমান আমার বিয়ের ফুল ফোটালেন।ঈদে আমার যত কাজ ছিল, তার মধ্যে এটাই সেরা। পাঁচ ছবি নিয়েই টেনশনে ছিলাম: শাকিব খানআমাদের দেশে একজন নায়কের সর্বোচ্চ তিনটি পর্যন্ত ছবি মুক্তি পেয়েছে। কিন্তু আজ থেকে তিন বছর আগে ঈদে আমার একই সঙ্গে পাঁচটি ছবি মুক্তি পেয়েছিল। এটি ছিল একটি রেকর্ড। এ ছবিগুলোর মধ্যে একটি ছবি নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম। ছবিটির নাম আমাদের ছোট সাহেব। ছবিটি নির্মাণ করেছিলেন এফ আই মানিক। আমি যে ছবির কথা বলেছি, আমার বন্ধুবান্ধব ও সহশিল্পীরা কিন্তু বলেছেন অন্য চারটি ছবির কথা। ছবির প্রযোজক সাজ্জাদ তো ভয়ই পেয়ে গিয়েছিলেন। আমি প্রযোজককে অভয় দিলাম। কারণ, আমি জানি যে এ ছবিটির কাজ কতটা ভালো হয়েছে। ছবিতে বালামের একটি গান ব্যবহার করা হলো। কোনো কিছুরই কমতি ছিল না। যা হোক, ঈদে আমার পাঁচটি ছবিই মুক্তি পেল। তারপর দেখি, এক টাকার বউ ছবির নাম বলে সবাই। কিন্তু আমি তখনো আমার সিদ্ধান্তে অটল। বললাম, ঈদের প্রথম দিন গেছে, এখনো আরও দুই দিন দেখুন, আমাদের ছোট সাহেব ছবিটি চলবেই। দুই দিন পরও এক টাকার বউ ছবিটি ভালো চলল। চতুর্থ দিন থেকে মোড় ঘুরে গেল। আমার বাজি ছিল যে ছবিতে, সে ছবিই উতরে গেল। আসলে সেইবার এমন অবস্থা হয়েছিল যে পাঁচটি ছবিই অভাবনীয় সাফল্য পেল। আমি বলব, একজন মানুষের জীবনে এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার বোধ হয় আর কিছু হতে পারে না। যেটি হয়েছিল আজ থেকে তিন বছর আগে। সেবারে আসলে যে পাঁচটি ছবি মুক্তি পেয়েছিল, সেই পাঁচটি ছবিই ছিল আমার জীবনের সেরা কাজ। এমন মুহূর্ত আর আসবে কি না জানি না।আমার অভিষেক হয়েছিল ঈদ দিয়ে: মৌসুমীরুপালি পর্দায় আমার অভিষেক হয়েছিল ঈদ দিয়ে। ছবির নাম ছিল কেয়ামত থেকে কেয়ামত। এর পরও ঈদে আমার আরও অনেক ছবি মুক্তি পেয়েছিল; কিন্তু এই একটি ছবির নাম এবং এ ছবির কাজকেই এখন পর্যন্ত আমি আমার অভিনয়জীবনের সেরা কাজ বলি অনেকগুলো কারণে। অনেকেই হয়তো জানেন না যে এই ছবির কাজ করতে গিয়ে আমি অনেক কেঁদেছি, আবার হেসেছিও। দেশের একাধিক শুটিং লোকেশনে ছবিটির কাজ করেছি। একটি দৃশ্য ছিল, যেখানে দেখানো হয় যে আমি আর সালমান পালিয়ে গিয়ে বনজঙ্গলে ঢুকে পড়েছি। তারপর আর রাস্তা খুঁজে পাচ্ছি না। আর সেই গহিন অঞ্চলে কাজ করাটা যে কী কঠিন, তা বলে শেষ করতে পারব না। অনেক সময় পায়ে কাঁটা বিঁধেছে এবং রক্ত ঝরেছে। পা ফেলতে পারছিলাম না, তবু মুখে হাসি রেখে কাজ করেছি। মশার কামড় আর বৈরী আবহাওয়া—একপর্যায়ে মনে হলো, এর চেয়ে যন্ত্রণাদায়ক আর যেন কোনো কাজ নেই।কাজ শেষে জানা গেল, ছবিটি ঈদে মুক্তি পাবে। কিন্তু মুক্তির কয়েক দিন আগে জানতে পারলাম, ঈদে ছবি মুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এমনই টেনশনের মধ্যে যখন আছি, তখন পরিচালক জানালেন, ছবির প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ জানিয়েছেন, ছবি মুক্তি পাবেই।ছবি মুক্তি পেল, কিন্তু ঢাকার মধ্যে কোনো প্রেক্ষাগৃহে নেই বললেই চলে। তাতে কী? জেলা শহরে মানুষ ছবি দেখার জন্য হুলস্থূল বাধিয়ে ফেলল। ছবি ব্যবসায়িক দিক দিয়ে রেকর্ড সৃষ্টি করল। এমন একটি কাজ যদি ঈদে মুক্তি না পেত, তাহলে হয়তো আমার সব পরিশ্রমই বৃথা যেত।