ঈদে আমার সেরা কাজ
এঁরা সবাই টেলিভিশনের প্রিয় মুখ। প্রচারিত নিজের অভিনীত নাটকের অনেক চরিত্রই তাঁদের প্রিয়। সেই চরিত্রগুলো থেকে একটি চরিত্র নিয়ে বললেন শিল্পীরা। শুধু তিশা বললেন তাঁর অভিনীত চলচ্চিত্রের একটি চরিত্র নিয়েসুবর্ণা মুস্তাফা সম্প্রতি ঈদে প্রচারিত একটি নাটকের কথা মনে পড়ছে। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় হাট্টি মাটিম টিম। এটি মূলত হাসির নাটক। এখানে আমার সঙ্গে আসাদুজ্জামান নূর, সাবেরী আলম, ইন্তেখাব দিনার ও বন্যা মির্জা কাজ করেছিলেন। খুব মজা হয়েছিল নাটকটিতে অভিনয় করার সময়। এই নাটকের একটা দৃশ্যের কথা মনে পড়ছে। সাবেরী দৌড় দেবে, তার পেছন পেছন গরু দৌড়াবে। গরুর তাড়া খেয়ে সে পুকুরে ঝাঁপ দেবে। আমরা বসে বসে সে দৃশ্য খুব উপভোগ করেছি। এদিকে সাবেরী আবার সাঁতার জানে না। এ জন্য পানিতে একজনকে রাখা হয়েছিল। সাবেরী পরে বলেছে, গরুর গুতো খাওয়ার চেয়ে পানিতে লাফ দেওয়া ভালো। বিষয়টি যদিও ওর জন্য একটু ভয়ের ছিল। পরে আমরা এটা নিয়ে হাসাহাসি করেছি। এ ছাড়া হাসির নাটকের সংলাপ বলতে গিয়ে মজা হয়েছে। আসলে অন্য রকম ছিল নাটকটি। অপি করিমআমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। প্রজাপতির একটা বাগানে হাঁটছি। সেখানে থাকবে লাল, নীল, হলুদ, সবুজম—নানা রঙের প্রজাপতি। স্বপ্নের বাস্তব রূপ দেখতে পেলাম যে জীবন ফড়িং টেলিফিল্মে। নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন মাসুদ হাসান উজ্জ্বল। অনেক নাটক, টেলিফিল্মই তো প্রচারিত হয়েছে। কিন্তু যে জীবন ফড়িং বিশেষ ভালোলাগার কারণ এই প্রজাপতির মেলা। বিস্তীর্ণ মাঠজুড়ে শুধু প্রজাপতি আর প্রজাপতি। আরেকটি বিষয় হলো, দীর্ঘ বিরতির পর এই টেলিফিল্মে কাজ করেছিলাম। এখানে অনেক দিন পর গাড়ি চালিয়েছিলাম। সেটি খুবই উপভোগ করেছি। পুরো নাটকই পরে ডাবিং করা হয়েছে। টেলিফিল্মের একটা দৃশ্য ছিল এমন: দুটি ডানা লাগিয়ে আমি খুব মন খারাপ করে একটা সংলাপ বলছি। সেই সংলাপের যখন ডাবিং হচ্ছিল, তখন আমার গলা ভাঙা ছিল। সে অবস্থায় ডাবিং করলাম। কিন্তু এত ভালো হয়েছিল, পরে নিজের কাছে মজা লেগেছে। আর আমার হুট করে মোটা হওয়ার একটা প্রবণতা আছে। এই টেলিফিল্মে কাজ করার প্রায় ১৫ দিন আগে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কবরের দরজায় টোকা দেওয়ার একটা দৃশ্য আছে এখানে। সব মিলিয়ে এটি অন্য রকম লেগেছে।জয়া আহসানঈদে আমার অনেক নাটক প্রচারিত হয়েছে। গল্পের প্রয়োজনে অনেক ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করেছি। কিন্তু এর মধ্যে পাঞ্জাবিওয়ালা নাটকের চরিত্রটি আলাদাভাবে মনে আছে। নাটকটি পরিচালনা করেছেন সুমন অনোয়ার। আমি এই নাটকের ভালো বা মন্দ নিয়ে কথা বলব না। এখানে আমার চরিত্রটি ছিল কমার্শিয়াল। নাটকে এ ধরনের চরিত্রের অভিজ্ঞতা নতুন। অন্যান্য নাটকের চরিত্র থেকে এই চরিত্রটি আমার কাছে আলাদা মনে হয়। আমার চরিত্র ছিল যাত্রাপালার প্রিন্সেস। যাত্রাপালার প্রিন্সেসদের জীবন ও জীবিকা গল্পের বিষয়বস্তু। এই নাটকের চরিত্রে কাজ করার আগে চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমি যাত্রাপালার প্রিন্সেসদের সঙ্গে মিশেছি, তাদের কাছ থেকে দেখেছি, কথা বলেছি। তাদের সঙ্গে মিশে গিয়ে চরিত্রের গভীরতা বোঝার চেষ্টা করেছি। এই নাটকের শুটিং হয়েছিল হোতাপাড়ায়।চঞ্চল চৌধুরীগত ঈদে অভিনয় করেছিলাম কথা দিলাম তো নাটকে। বৃন্দাবন দাসের লেখা নাটকটির পরিচালক ছিলেন সালাহউদ্দিন লাভলু। ছয় পর্বের এই নাটক প্রচারিত হয়েছিল আরটিভিতে। সেখানে জগদানন্দ নামের এক মজার চরিত্রে অভিনয় করেছিলাম আমি। একটা ইউনিয়ন পরিষদের সেক্রেটারি জগদানন্দ। এলাকার বাটুল চেয়ারম্যানের সঙ্গে তার ভীষণ দ্বন্দ্ব। পুরো নাটকটি হাস্যরসে ভরপুর থাকলেও শেষটা হয় বিশাল এক ট্র্যাজেডির মধ্য দিয়ে। আমার সঙ্গে আরও অভিনয় করেছিলেন মোশাররফ করিম, শামীম জামান, শাহনাজ খুশি, বন্যা মির্জা এবং আ খ ম হাসান। এ ছাড়া সার্ভিস হোল্ডার নামের আরেকটি নাটকের কথাও বলতে হয়। সেটিরও পরিচালক ছিলেন সালাহউদ্দিন লাভলু। প্রচারিত হয়েছিল বাংলাভিশনে, ২০১০ সালে। খুব পরিচিত একটা গল্প ছিল নাটকটির, কিন্তু উপস্থাপনা ছিল একেবারেই আলাদা। দেখার পর চোখে জল চলে এসেছিল। ঈদের আরও অনেক ভালো নাটকে অভিনয় করেছি, যা এই মুহূর্তে মনে পড়ছে না।তারিনঅনেক ভালো কাজ ঈদের সময় প্রচারিত হয়েছে। নিজের অভিনীত সব কাজই প্রিয়। তবে এই মুহূর্তে মনে পড়ছে চোখের বালি টেলিফিল্মের কথা। কোনো একটি ঈদে এটি প্রচারিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছিলেন অরণ্য আনোয়ার। আমি এর আগে বেশ কিছু কালজয়ী উপন্যাসনির্ভর নাটকে কাজ করেছি। আর চোখের বালি উপন্যাসটি কতবার যে পড়েছি। বিনোদিনী চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়ে রাজি হয়ে যাই। এটি যেকোনো অভিনয়শিল্পীর জন্য আকর্ষণীয় একটি চরিত্র। উপন্যাসনির্ভর নাটকে কাজ করার সময় ছোট-বড় অনেক বিষয় মাথায় রাখতে হয়। গল্পের প্রয়োজনে পোশাক ঠিকমতো হলো কি না, উপন্যাস পড়ার সময় যে ছবি কল্পনায় আসে, সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। চোখের বালিতে সেই সময়ের হিন্দু সম্প্রদায়ের বিধবা মেয়েরা নিরামিষ খেত, ব্লাউজ ছাড়া শাড়ি পরত। সে সবই রপ্ত করতে হয়েছিল আমাকে। এর জন্য একটা বিশেষ প্রস্তুতি নিয়েছিলাম। মহেন্দ্র যখন সব ছেড়ে বিনোদিনীর কাছে আসে, তখন মুষলধারে বৃষ্টি হয়। কৃত্রিম বৃষ্টির মাধ্যমে এই দৃশ্যের শুটিং করা হয়েছে। পরে পানি পড়তে পড়তে উঠোনটা এমন পিচ্ছিল হয়েছিল যে হাঁটাচলা করাই ছিল কষ্টসাধ্য।মোশাররফ করিমঈদ উপলক্ষে এত এত অভিনয় করেছি, ঠিক একটা নাটক কিংবা একটা চরিত্রের কথা বলা খুব মুশকিল। তবে এর মধ্যে ক্যারাম-এর নাম উল্লেখযোগ্য। মোস্তফা সরয়ার ফারুকী ছিলেন পরিচালক। আমার ক্যারিয়ারের গোড়ার দিকের নাটক ছিল সেটি। বড় একটা চ্যালেঞ্জও ছিল। ২০০৬ সালে এনটিভিতে প্রচারিত হয়েছিল ক্যারাম। এরপর বলতে গেলে জীবনের মোড়ই ঘুরে গিয়েছিল আমার। নাটকটিতে আমার চরিত্রের নাম ছিল সফিকুল; যে প্রতিদিন পাড়ার ছেলেদের সঙ্গে বাজিতে ক্যারাম খেলতে নামে, হেরে যায় দিন শেষে। এভাবেই চলতে থাকে। এর মাঝে থাকে প্রেম। তো ক্যারামের বোর্ডে হারতে হারতে একদিন ঠিকই জয়ের স্বাদ পায় সফিকুল। পাল্টে যায় তাঁর পারিপার্শ্বিকতা। সফিকুলের সঙ্গে সঙ্গে আমার জীবনেও পরিবর্তন এসেছিল। ক্যারাম হিট না করলে হয়তো আর অভিনয়ই করতাম না।তিশাথার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সারয়ার ফারুকী। এ পর্যন্ত অনেক নাটকে কাজ করেছি। কিন্তু এর মধ্যে আলাদা করে বলতে গেলে আমার প্রথম সিনেমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর কথা বলতে হয়। ২০০৯ সালে ঈদের পরে ছবিটি মুক্তি পায়। এই সিনেমার চরিত্রটি আমার মনে দাগ কেটে আছে। এখানে আমার নাম হচ্ছে রুবা হক। শহরে একটি মেয়ে কী কী সমস্যায় পড়ে, তা দেখানো হয়েছে আমার চরিত্রের মাধ্যমে। পুরো সিনেমার কাজ শেষ করতে পাঁচ-ছয় মাস লেগেছে। এই সিনেমা নিয়ে আলাদা আলাদা করে কী বলব! পুরো সিনেমার কাজটিই দারুণ এক অভিজ্ঞতা। দেশের দর্শকদের সাড়া পাওয়ার পর দেশের বাইরে যখন ছবিটি বিভিন্ন উৎসবের জন্য গিয়েছে এবং সেখানে প্রশংসিত হয়েছে, তখন আমি অনেক খুশি হয়েছি। বিদেশি বোদ্ধা, অভিনেতা ও সাংবাদিকদের প্রশংসা আমাকে দারুণ উৎসাহিত করেছে। একজন অভিনেত্রী হিসেবে এই ছবির সফলতা অনেক আনন্দের। জীবনে হয়তো আরও অনেক কাজ করা হবে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমায় কাজ করার আনন্দ ও স্মৃতি মনে থাকবে।আনন্দের ঈদ আয়োজনে সহযোগিতা করেছেন কামরুজ্জামান তৌহিদা শিরোপা মাহফুজ রহমান মোছাব্বের রিবন