ঈদে আরটিভিতে তিন ধারাবাহিক নাটক
ঈদে তিনটি ধারাবাহিক নাটক প্রচারের উদ্যোগ নিয়েছে আরটিভি। ঈদুল ফিতর উপলক্ষে আরটিভির সাত দিনব্যাপী ঈদ আয়োজনে প্রথমবারের মতো থাকছে তিনটি ধারাবাহিক নাটক। প্রতিটি ধারাবাহিক ছয় পর্বের। এর মধ্যে একটি আরটিভির নিজস্ব প্রযোজনা। নাটকগুলো হলো বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘কথা দিলাম তো’। অভিনয় করেছেন মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম জামান, শাহনাজ খুশি, বন্যা মির্জা, জোতিকা জ্যোতি আ খ ম হাসান প্রমুখ। কথা দিলাম তো নাটকটি ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে।দ্বিতীয় ধারাবাহিকটি হচ্ছে নোমান রবিনের রচনা ও পরিচালনায় ‘সিটিবাস’। এতে অভিনয় করেছেন হাসান মাসুদ, সোহেল খান, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, অহনা প্রমুখ। এই নাটকটি ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে।আরটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘শুরুতেই গোলমাল’ দেখানো হবে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে।‘শুরুতেই গোলমাল’ নাটকটি যৌথভাবে রচনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু ও মুহম্মদ জাকারিয়া। পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। শুরুতেই গোলমাল নাটকের অভিনয়শিল্পীরা হলেন, ফজলুর রহমান বাবু, রাইমা ইসলাম, সুমনা সোমা, মুনিরা ইউসুফ মেমী, মাহমুদ সাজ্জাদ, ঝুনা চৌধুরী প্রমুখ।