ঈদে আরফিন রুমীর ‘ভালোবাসি তোমায়’
এ পর্যন্ত দুটি অ্যালবাম বেরিয়েছে আরফিন রুমীর, আরফিন রুমী (২০০৮) ও এসো না (২০০৯)। এবার ঈদে আসছে রুমীর তৃতীয় একক, ভালোবাসি তোমায়। অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রুমী নিজেই। রুমী জানান, তাঁর এই অ্যালবামটি প্রকাশ করবে সংগীতা। আর তা শ্রোতারা হাতে পাবেন ঈদের মাস খানেক আগেই, জুলাই মাসে। নতুন অ্যালবামের গানগুলো কেমন হচ্ছে? রুমী বললেন, ‘সব ধরনের শ্রোতার কথা ভেবেই গানগুলো তৈরি করেছি। বেশির ভাগ গানের কথা প্রেম-ভালোবাসা নিয়ে। তবে সুর ও সংগীতায়োজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। অ্যালবামে থাকছে পাঁচটি দ্বৈত কণ্ঠের গান। দুটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, আর অন্যগুলোতে খেয়া, পড়শী ও কলকাতার শুভমিতা।’ নিজের একক অ্যালবামে দ্বৈত কণ্ঠের গান রাখার ব্যাপারে রুমী বললেন, ‘হাবিব ভাইয়ের (হাবিব ওয়াহিদ) নতুন অ্যালবাম দেখে দ্বৈত কণ্ঠের গান রাখার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছি। অডিও অ্যালবামে কিন্তু দ্বৈত কণ্ঠের গানের যথেষ্ট চাহিদা আছে।’ভালোবাসি তোমায় অ্যালবামে থাকছে ১০টি গান।