ঈদে আসছে না 'সুলতানা বিবিয়ানা'
সব পরিকল্পনাই চূড়ান্ত করে ছিলেন পরিচালক। এই ঈদেই মুক্তি দেওয়া হবে ‘সুলতানা বিবিয়ানা’। সেভাবে প্রস্তুতিও শুরু করেছিলেন পরিচালক হিমেল আশরাফ। কিন্তু বিধি বাম। শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো তাকে। ঈদে নয়, ঈদের পরে মুক্তি দেওয়া হবে ছবিটি। পরিচালক বললেন, ‘আমরা প্রস্তুত ছিলাম। শুধু আমাদের একটি গানের শুটিং বাকি ছিল। শুটিংয়ের জন্য আজ সবার কাছে শিডিউলও নেওয়া ছিল। কিন্তু ছবির অভিনয়শিল্পী বাপ্পী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে আপাতত শুটিং ও ছবি মুক্তির চিন্তা থেকে পিছিয়ে গেছি।’
বাপ্পীর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘আমি এই মুহূর্তে শুটিং করার অবস্থায় নেই। হঠাৎ করে পিঠে খুব ব্যথা অনুভব করছি। ডাক্তারের সঙ্গে কথা বলে ২৫ আগস্ট আমার শরীরে অস্ত্রোপচার করার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এখন পুরোপুরি বিশ্রামে আছি।’
পরিচালক হিমেল আশরাফ বললেন, আগামী ৭ অক্টোবর ছবিটি মুক্তির জন্য নতুন তারিখ নেওয়া হয়েছে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন আঁচল। রাজবাড়ী, যশোর ও ঢাকায় চিত্রায়িত হয়েছে ছবিটি। পরিচালক হিমেল আশরাফের এটি প্রথম চলচ্চিত্র।