ঈদে আসছে বাপ্পার জানি না কোন মন্তরে

ঈদ উপলক্ষে প্রকাশিত হবে বাপ্পা মজুমদারের নতুন একক গানের অ্যালবাম ‘জানি না কোন মন্তরে’। নতুন অ্যালবামের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেই জানিয়েছেন বাপ্পা। এ অ্যালবামটি তাঁর দশম একক গানের অ্যালবাম। কয়েকদিনের মধ্যে অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান চূড়ান্ত হবে বলেও জানা গেছে।
এর আগে বাপ্পা জানিয়েছিলেন, পুরোনো গানের নতুন সংকলন নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন তিনি। সেই লক্ষ্যেই ২৪টি গানের রিমেক তৈরি করেছেন। আপাতত সেই প্রকল্প প্রকাশের বিষয়টি স্থগিত রেখেছেন বাপ্পা। শেষ করছেন নতুন একক অ্যালবামের কাজ।
বাপ্পার সুর-সংগীতে এ অ্যালবামের জন্য গান লিখেছেন সঞ্জীব চৌধুরী, নিয়াজ আহমেদ অংশু, রাসেল ও’নীল, মাসুম, রানা, শাহান কবন্ধ, জয় শাহরিয়ার, রবিউল ইসলাম জীবন, আবির আলমগীর। বাপ্পার লেখা গানও থাকছে অ্যালবামটিতে।
গান লেখা প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘আমি এমনিতে খুব একটা লিখি না। মনে হলে হুট করেই লিখে ফেলি। নতুন অ্যালবামের গান লেখাটাও তেমনি ঘটনা। আমার প্রথম লেখা গানের শিরোনাম ‘‘চাঁদের কণা’’। এরপর ‘‘বেঁচে থাক সবুজ’’ অ্যালবামে ‘‘ঘুম আসে না’’ গানটিও আমার লেখা। এ নিয়ে তৃতীয়বার গান লিখলাম।’
২০১২ সালের ঈদ মৌসুমে প্রকাশিত হয় বাপ্পা মজুমদারের নতুন একক গানের অ্যালবাম ‘বেঁচে থাক সবুজ’। এরপর বেশ কিছু প্রোজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাপ্পা। এর মধ্যে অন্যতম একটি ছিল বিভিন্ন সময়ে গাওয়া গান নিয়ে সংকলিত গানের অ্যালবাম ‘বেস্ট অব বাপ্পা মজুমদার’। কিন্তু তার আগেই প্রকাশিত হতে যাচ্ছে বাপ্পার নতুন একক গানের অ্যালবাম।
বাপ্পা বলেন, ‘শুরুতে চিন্তা-ভাবনা ছিল সংকলিত গানের অ্যালবাম প্রকাশের। কিন্তু পরে ভেবে দেখলাম, মৌলিক গানের অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারলে মন্দ হয় না। এমন ভাবনা থেকেই ‘‘জানি না কোন মন্তরে’’ অ্যালবামের কাজটি আগে করার সিদ্ধান্ত নিয়েছি।’
এখন পর্যন্ত প্রকাশিত বাপ্পা মজুমদারের একক অ্যালবামগুলো হল ‘তখন ভোরবেলা’ (১৯৯৬), ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধুলো-পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮) ও ‘বেঁচে থাক সবুজ’ (২০১২)।