ঈদে আসছে বাপ্পার ‘বেঁচে থাক সবুজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে বাপ্পা মজুমদারের ‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামটি প্রকাশিত হওয়ার কথা ছিল গত বছরের ২৫ ডিসেম্বর—প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্মদিনে। কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে ঈদুল ফিতরকে সামনে রেখে ১ আগস্ট বাজারে আসছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামটি। এটি চার বছর পর তাঁর নতুন একক অ্যালবাম।পুরো অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। অ্যালবামটি বাজারজাত করছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। এটি বাপ্পা মজুমদারের নবম একক অ্যালবাম। অ্যালবামে গান আছে ১১টি। ১১টি মৌলিক গানের পাশাপাশি থাকছে রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’। রবীন্দ্রসংগীতটি বাপ্পা মজুমদার তাঁর মা প্রয়াত ইলা মজুমদারকে উত্সর্গ করে গেয়েছেন।‘বেঁচে থাক সবুজ’ অ্যালবামের মৌলিক গানগুলো হচ্ছে ‘বেঁচে থাক সবুজ’, ‘পাঠ্যসূচি’, ‘রোদের খরা’, ‘ঘুম আসে না’, ‘চোখেরই জলে’, ‘লাভ-ক্ষতি’, ‘আয় ফিরে আয়’, ‘আমি তোমার কে’, ‘মন খারাপের পরও’, ‘মেঘ হয়ে যাই’ ও ‘পথের পরে’।অ্যালবামের নাম প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে রাখা হয়েছে নামটি। একটু চারদিকে তাকালে দেখতে পাবেন, সবুজ আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। সবুজের মর্মার্থ আমরা বুঝতে পারছি না। সবুজের প্রয়োজনের ব্যাপারটিকে গুরুত্ব দিয়েই অ্যালবামের নাম দিয়েছি বেঁচে থাক সবুজ।’বাপ্পা আরও বলেন, ‘আমি বরাবরই মেলোডিনির্ভর গান করে থাকি। এবারও মেলোডিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। তবে এবার আমি প্রাচ্যের মেলোডিকে গুরুত্ব দিয়েছি।’বাপ্পার নতুন এই অ্যালবামের জন্য গান লিখেছেন শঙ্কর সাঁওজাল, রাসেল ও’নীল, শাহান কবন্ধ, বাপ্পা মজুমদার, মাস-মাসুম, জয় শাহরিয়ার, স্বপ্নীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, রানা, ডিপান ও ওয়াজিহ রাজীব।বাপ্পা মজুমদারের প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘তখন ভোরবেলা’ (১৯৯৬), ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধুলো-পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮)।