ঈদে এলআরবির ‘যুদ্ধ’ সিডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের পর এবার সিডি আকারে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড এলআরবির নতুন অ্যালবাম ‘যুদ্ধ’। ঈদুল আজহার আগেই প্রকাশিত হবে অ্যালবামটি। ব্যান্ডের অন্যতম সদস্য আইয়ুব বাচ্চু ঈদের আগেই অ্যালবামটি প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছেন। আইয়ুব বাচ্চু বলেন, ‘গত ১৩ আগস্ট থেকে বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে শোনা যাচ্ছে এলআরবির “যুদ্ধ” অ্যালবামের গানগুলো। এবার কোরবানির ঈদের আগেই অ্যালবামটি সিডি আকারে প্রকাশিত হতে যাচ্ছে। তবে প্রথম দিকে ডেডলাইন মিউজিকের ব্যানারে অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।’ অ্যালবামের নাম প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বললেন, ‘যুদ্ধের ভয়াবহতা কী, তা আমরা জানি। আমরা আর যুদ্ধ চাই না। আমাদের এই অ্যালবামের ভাবনা হলো—যুদ্ধ নয়, শান্তি চাই।’অ্যালবামের গান প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘একেবারে নতুন ১০টি গান। এলআরবির গান যে রকম, সে রকমই হয়েছে। তবে “যুদ্ধ” নিয়ে আমাদের অনেক স্বপ্ন। গানগুলো নিয়ে অনেক দিন খেটেছি।’এই অ্যালবামে গান রয়েছে ১০টি। সব কটি গানের কথা লিখেছেন সাজ্জাদ হুসাইন। রক ঘরানার গানগুলোর শিরোনামের মধ্যে রয়েছে—যুদ্ধ, আবার যুদ্ধে যাব, অন্ধকার, অন্ধ, একটি ছেলে, আগুন নিয়ে খেলো না, সাপলুডু, পুরোটাই ফাঁকি এবং যে চলে যায়।এলআরবির বর্তমান সদস্যরা হলেন: আইয়ুব বাচ্চু (ভোকাল, লিড গিটার), মাসুদ (গিটার), স্বপন (বেস), রুমেল (ড্রামস)। এলআরবির সর্বশেষ অ্যালবাম ‘স্পর্শ’। প্রকাশিত হয়েছিল ২০০৮ সালে।