ঈদে কবির সঙ্গে শমী
এবারের ঈদে দেখা মিলবে ছোটপর্দার একসময়ের আলোচিত অভিনয়শিল্পী শমী কায়সারের। টিভিতে শমী হাজির হবেন ভিন্নধর্মী ‘দুজনে’ নামের একটি অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে শমী কায়সারের সঙ্গে থাকবেন একসময়ের নন্দিত কবি হেলাল হাফিজ।সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘দুজনে’ অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন শমী কায়সার ও কবি হেলাল হাফিজ। সময় টেলিভিশনের জন্য নির্মিত ‘দুজনে’ অনুষ্ঠানের প্রযোজক সরকার মিলটন।প্রযোজক সূত্রে জানা গেছে, দুই প্রজন্মের দুজন শিল্পী অনেক দিন ধরেই তাঁদের নিজ নিজ ক্ষেত্র থেকে দূরে আছেন। তাঁদের দুজনের দূরে থাকার গল্পটা জানানোর জন্যই এ আয়োজন।শমী কায়সার বলেন, ‘গত কয়েক বছরে কয়েকটি টক শোতে অতিথি হয়েছি। কিন্তু সেভাবে নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে অংশ নিইনি। আর ঈদের অনুষ্ঠান তো নয়ই। দুজনে অনুষ্ঠানের ভাবনাটা আমার বেশ ভালো লেগেছে। তাই কাজটি করতে রাজি হওয়া।’এদিকে ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ সম্পর্কে শমী কায়সার বলেন, ‘শেষ কবে ঈদের অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, মনে পড়ছে না। তবে যত দূর মনে হয় পাঁচ-ছয় বছর হবে। দীর্ঘদিন পর ঈদের কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে ভালো লেগেছে।’দুজনে অনুষ্ঠানটি সম্পর্কে শমী কায়সার বলেন, ‘এই অনুষ্ঠানে মূলত দুই প্রজন্মের দুজন মানুষকে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আমি অভিনয়ের আর অন্যজন কবিতার মানুষ হেলাল হাফিজ। অনেক দিন ধরে কেন আমরা দুজন দুজনের কাজ থেকে দূরে আছি, সেসব বিষয়ে কথা বলেছি। এ ছাড়া আলোচনার বিষয়বস্তুতে প্রকৃতি, দেশ, প্রেম-বিবাহসহ অনেক কিছুই ছিল। দুই প্রজন্মের শিল্পিত মেলবন্ধনই বলা যায় দুজনে অনুষ্ঠানকে।শমী কায়সার আরও বলেন, হেলাল হাফিজ আমার অনেক পছন্দের একজন কবি। তাঁর অনেক কবিতা পড়েছি। এবার আমরা দুজন একসঙ্গে দুজনে অনুষ্ঠানে অংশ নিয়েছি। বেশ ভালোই লেগেছে।’