ঈদে খুলল বন্ধ সিনেমা হল
>

প্রতিবছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। দর্শক কি ছবি দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে? ঈদ এবং তার পরের কয়েকটি দিনের সারা দেশের প্রেক্ষাগৃহগুলোর চালচিত্র নিয়েই আমাদের এই আয়োজন। আজ শেষ পর্বে থাকছে রাজশাহীর প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন।
তিন বছর আগে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের নামে হঠাৎ মাইকিং! চলচ্চিত্রের নাম রাজা বাবু। হলের নামটা আগে ছিল ‘লাকি সিনেমা’, এবার বলা হয় ‘লাকি ডিজিটাল সিনেমা’। গত ঈদে রাজশাহীর বাঘায় সদ্য মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের ঘোষণায় দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। দর্শকসংকটে বন্ধ হওয়া হলটি ছিল সরগরম। মালিকপক্ষ বলছে, ঈদে ব্যবসা ভালো হয়েছে। তারা খুশি।
বর্তমানে রাজশাহীর বাঘা উপজেলায় দুটি, পবায় একটি ও মূল শহরে একটি সিনেমা হল চালু রয়েছে। বাঘার দুটির মধ্যে মনিকা সিনেমা হলে শুধু দুই ঈদে দুটি চলচ্চিত্র চলে। এবারও চলেছে। চলচ্চিত্রের নাম ছিল অগ্নি ২।
লাকি ডিজিটাল সিনেমা হলের তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন জানান, তিন বছর হলটি বন্ধ ছিল। তাঁরা এবার ঈদে পরীক্ষামূলকভাবে হলটি ডিজিটাল করে শো চালু করেছেন। দর্শকের সাড়া পাওয়া গেলে তাঁরা মূল মালিকের কাছ থেকে ইজারা নিয়ে হলটি চালাবেন। তিনি জানালেন, ঈদে ভালো দর্শক পেয়েছেন। ঈদের পরে অবশ্য আস্তে আস্তে দর্শক কমতে শুরু করেছে। তারপরও তাঁরা আশাবাদী।
জেলার পবা উপজেলার নওহাটায় বাবুল সিনেমা হল সারা বছরই কমবেশি দর্শক নিয়ে চলে। এবারের ঈদে সেখানেও চলেছে রাজা বাবু ছবিটি। এই হলের দর্শক নাজমুল হক জানান, সারা বছর টিমটিম করে চললেও এবারের ঈদে ভালো দর্শক হয়েছে।
রাজশাহী নগরের তিনটি হলের মধ্যে এখন শুধু রয়েছে উপহার সিনেমা হল। ঈদে এই হলে চলেছে সদ্য মুক্তি পাওয়া ছবি আশিকী। চলচ্চিত্রটি এখনো চলছে। আরও এক সপ্তাহ চলবে। গত বৃহস্পতিবার বিকেলের শোতে ছিল প্রায় ৫০০ দর্শকের উপস্থিতি।
হলের ব্যবস্থাপক তপন কুমার দাস জানান, তাঁদের হলে এক হাজার আসন রয়েছে। ঈদের মধ্যে প্রায় ৭০ শতাংশ আসন পূর্ণ ছিল।