ঈদে গল্পকার মোশাররফ করিমের নাটক
অভিনেতা মোশাররফ করিম অভিনয়ের পাশাপাশি গল্পও লেখেন। তাঁর লেখা বেশ কয়েকটি গল্প থেকে নাটকও হয়েছে। এবার ঈদেও মোশাররফ করিমের গল্প থেকে তিন পর্বের একটি নাটক তৈরি হচ্ছে; নাম দেনমোহর। নাটকটির প্রতিটি পর্ব হবে এক ঘণ্টার। এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল।মোশাররফ করিম বলেন, ‘একদিন রাস্তায় হাঁটার সময় গল্পটি মাথায় আসে। পরে পরিচালকের সঙ্গে কথা বলে এটির চিত্রনাট্য লেখা হয়েছে। এর আগে আমার গল্প থেকে তৈরি শাহজাদা মামুনের তৃতীয় পক্ষ ও রেদওয়ান রনির হ্যালো নাটক দুটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। আশা করছি, দেনমোহরও দর্শকদের ভালো লাগবে।’মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘একটি মেয়ের ব্যক্তিগত জীবনের সংকট নিয়ে নাটকের গল্প। আগামী সপ্তাহে নাটকটির শুটিং শুরু হবে। নাটকটি ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন রাত সোয়া আটটায় এনটিভিতে প্রচারিত হবে।’মঞ্চের জন্যও নাটক লিখেছেন মোশাররফ করিম। তিনি জানালেন, এর আগে তাঁর লেখা তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে। এগুলো হলো একলব্য আখ্যান, সীতায়ন ও নমরুদের শকুন। ১৯৯৯ সালে মোশাররফ করিমের গল্প থেকে টিভির জন্য নাটক প্রথম নির্মাণ করেন আলমগীর হোসেন। নাটকটির নাম পূর্বরাগ।