ঈদে চার ছবি
ঈদে শেষ পর্যন্ত চারটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিগুলো হচ্ছে—শাকিব খান নাম্বার ওয়ান, নিঃশ্বাস আমার তুমি, চাচ্চু আমার চাচ্চু ও রিক্সাওয়ালার ছেলে। জানা গেছে, প্রেক্ষাগৃহের সংকটের কারণে শেষ পর্যন্ত ছবি মুক্তি দেওয়া থেকে পিছিয়ে গেছেন চারটি চলচ্চিত্রের প্রযোজক। অন্যদিকে দুটি ছবি মুক্তি দেওয়া থেকে পিছিয়ে গেছে শুধু শাকিব খানের আপত্তির কারণে। জানা গেছে, শাকিব চাইছিলেন, এবারের ঈদে তাঁর তিনটির বেশি ছবি যেন না আসে। শেষ পর্যন্ত তাঁর চাওয়াই পূরণ হয়েছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ঈদে যে চারটি ছবি মুক্তি পাচ্ছে, তার মধ্যে দুটি ছবি বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জোর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে শাকিব খান নাম্বার ওয়ান, অন্যটি নিঃশ্বাস আমার তুমি। দুটি ছবিই নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। অন্যদিকে, চাচ্চু আমার চাচ্চু নির্মাণ করেছেন পি এ কাজল।মনতাজুর রহমান আকবর নির্মাণ করেছেন রিক্সাওয়ালার ছেলে। এতে অভিনয় করেছেন রেসি ও ডিপজল। জানা গেছে, এ ছবিও ঢাকাসহ একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।এবারের ঈদে এত কমসংখ্যক ছবি কেন মুক্তি পাচ্ছে—এমন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলেছিলাম ছবিগুলোর প্রযোজক, প্রেক্ষাগৃহের মালিক ও শুটিং এজেন্টদের সঙ্গে। প্রবীণতম বুকিং এজেন্ট সিরাজুল ইসলাম বললেন, দেশের বিভিন্ন জেলা শহরের প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। আবার অনেক সিনেমা হল, যেখানে নতুন ছবি প্রদর্শনের জন্য আগ্রহী হতো, এখন সেসব সিনেমা হল আর নতুন ছবি না নিয়ে পুরোনোগুলো চালাচ্ছে। ফলে এবার ঈদে বেশি ছবি মুক্তি পেলেও প্রযোজকেরা সুবিধা করতে পারতেন না।পরিচালক বদিউল আলম খোকন বললেন, এখন শাকিবকে নিয়ে ছবি বানাতে প্রায় দুই কোটি টাকা খরচ পড়ে। ফলে একটি ছবির প্রিন্ট কোনোভাবেই আড়াই থেকে তিন লাখ টাকার নিচে দেওয়া সম্ভব নয়। বড় প্রেক্ষাগৃহ ছাড়া ছোট প্রেক্ষাগৃহের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়।বুকিং এজেন্ট সমিতির কর্মকর্তা এনাম জানালেন, এ বছর মুক্তি পাওয়া ব্যবসাসফল ছবিগুলো অনেক প্রেক্ষাগৃহ আগেভাগেই বুকিং করেছে। ফলে তাঁরা আর নতুন ছবির প্রতি ঝুঁকছেন না। যেহেতু ওই সব ছবিতে শাকিব খান আছেন, তাই তাঁরা হয়তো এক লাখ টাকা দিয়েই শাকিব খান অভিনীত ব্যবসাসফল ছবিগুলো নিয়ে যাচ্ছেন। কিন্তু নতুন ছবি নিতে হলে আড়াই থেকে তিন লাখ টাকা লাগত।এদিকে ঢাকার অভিসার প্রেক্ষাগৃহের মালিক কে এম আর মঞ্জুর বলেছেন, ঈদে বেশি ছবি মুক্তি না দেওয়াটাই ভালো। তবে এবার যে চারটি ছবি মুক্তি পাবে, এটা কারও ধারণাতেই ছিল না। এতে করে প্রেক্ষাগৃহের মালিকদের চেয়ে লাভবান হবেন প্রযোজকেরা। অবশ্য এ জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।