ঈদে চার নাটকে বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেষ কবে অভিনয় করেছিলাম, ভুলেই গেছি। বছর দুয়েক তো হবেই। যতটুকু মনে পড়ছে, সর্বশেষ কাজ করেছিলাম বিজয় দিবসের একটি নাটকে। নাম ছিল হাত বাড়িয়ে দাও। আমার বাবার (আবুল হায়াত) নাটক।’ বললেন বিপাশা হায়াত। আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। অভিনয় করবেন, তবে একটি নয়। জানা গেছে, এবার ঈদের জন্য চারটি নাটকে অভিনয় করবেন বিপাশা। অনিমেষ আইচের নাটকের কাজ তো আজই শুরু হচ্ছে, ধামরাইয়ে। নাম চিনিখোর। আগামী ১ অক্টোবর মেজবাউর রহমান শুরু করবেন টেলিছবি শেষ বলে কিছু নেই। তিনটি গল্প নিয়ে একটি টেলিছবি। তৃতীয়টি তৈরি করবেন আরিফ খান। আর চতুর্থটি বিপাশা নিজেই লিখবেন। পরিচালনা করবেন তৌকীর আহমেদ। বিপাশা বললেন, ‘তৌকীর এখন আছে যুক্তরাষ্ট্রে। নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। গল্পটি ভেবে রেখেছি। এরই মধ্যে লিখে ফেলব। তৌকীর যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এই নাটকের কাজ শুরু হবে।’অনেক দিন পর অভিনয় করতে এসে বিপাশা বললেন, ‘আঁকাআঁকির কাজে এমনভাবে ডুবে ছিলাম, আর কিছু ভাবতে পারিনি। এবার একসঙ্গে খুব ভালো কয়েকটি স্ক্রিপ্ট পেয়েছি। আশা করছি, ভালো হবে।’