ঈদে চ্যানেল আইতে ১৭ নাটক, ৭ টেলিছবি
সদ্যপ্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদসহ দেশের খ্যাতিমান নির্মাতাদের নাটক ও টেলিছবি দিয়ে সাজানো হয়েছে চ্যানেল আইয়ের এবারের ঈদের অনুষ্ঠানমালা। চ্যানেল আইয়ের ৭ দিনের এই অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ১৭টি নাটক ও সাতটি টেলিছবি। ঈদের দিন প্রচারিত হবে হুমায়ূন আহমেদের নাটক ‘পিপীলিকা’। যুক্তরাষ্ট্র-প্রবাসী সাইফুল ইসলামের পরিচালনায় এতে অভিনয় করেছেন সোহেল খান, প্রাণ রায়, গাজী রাকায়েত, জুয়েল রানা, পুতুল প্রমুখ। একই দিন প্রচারিত হবে নাটক ‘ঘাস ফুল নদী’। সালাহউদ্দিন লাভলু পরিচালিত এ নাটকের অভিনয়শিল্পীরা হলেন: সৈয়দ হাসান ইমাম, মোশাররফ করিম, প্রভা প্রমুখ। ঈদের পরদিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে গিয়াস উদ্দিন সেলিমের রচনা ও পরিচালনায় নাটক ‘ফাঁদ’। মোস্তফা সরয়ার ফারুকীর রচনা ও গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় নাটক ‘বলিরেখার দিনগুলোতে ভালোবাসা’ প্রচারিত হবে রাত সাতটা ৫০ মিনিটে। মেজবাউর রহমান সুমন পরিচালিত নাটক ‘সুপারম্যান’ প্রচারিত হবে রাত নয়টা ৩৫ মিনিটে। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে নাটক ‘সাহেব হলো নুরুল’। নুরুল আলম আতিক রচিত ও পরিচালিত এ নাটকে বিভিন্ন চরিত্রে রয়েছেন সারিকা, নুরুল আলম আতিক, মাহমুদুল ইসলাম মিঠু, টিসা, মাজনুন মিজান প্রমুখ। আকরাম খানের রচনা ও পরিচালনায় নাটক ‘দ্বৈত খেলা’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। এতে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, মিম প্রমুখ। এ ছাড়া ঈদের দিন প্রচারিত হবে হুমায়ূন আহমেদের লেখা টেলিছবি ‘যদি ভালো না লাগে তো দিয়ো না মন’। রায়হান খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন নোবেল, পূর্ণিমা, আবুল হায়াত প্রমুখ। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে টেলিছবি ‘বালক ভুল করে পড়েছিল ভুল বই’। আনিসুল হকের রচনা ও শামীম শাহেদের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন নিপুণ, তাহসান প্রমুখ। ওয়াহিদ আনাম রচিত ও পরিচালিত টেলিছবি ‘কিনারা’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন। এর অভিনয়শিল্পীরা হলেন: মীর সাব্বির, তাহসিন, লুত্ফর রহমান জর্জ প্রমুখ। ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে টেলিছবি ‘আবদুল লতিফ এলএমএএফ’। চলচ্চিত্রাভিনেতা ও নির্মাতা রাজ্জাকের পরিচালনায় এতে অভিনয় করেছেন সম্রাট, রাখি, সীমানা, শিরিন আলম, কে এস ফিরোজ প্রমুখ।