ঈদে ছোটদের জন্য মুহম্মদ জাফর ইকবালের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ জাফর ইকবাল পাঁচ বছর ধরে প্রতি ঈদেই ছোটদের জন্য নাটক লিখছেন। আর তা পরিচালনা করছেন মোরশেদুল ইসলাম। এনটিভিতে দেখানো সেই নাটকগুলো হলো জিনের বাদশা সোলায়মান, টাইম মেশিন, ভূতের বাড়ি ও পরীর নাম মৌটুসী। এবারও নাটক লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল, নাম জিনের বাদশা সরফরাজ।মুহম্মদ জাফর ইকবাল বললেন, ‘আমি প্রায় সব কাজই বাচ্চাদের কথা মাথায় রেখে করি। ঈদে টিভি চ্যানেলগুলোতে শত শত নাটক প্রচারিত হয়, কিন্তু সেসব ছোটরা উপভোগ করতে পারে না। ঈদের টিভি অনুষ্ঠান শুধু বড়রাই উপভোগ করবে, ছোটরা পারবে না—এটা হতে পারে না। এসব ভেবেই ছোটদের জন্য নাটক লিখতে আগ্রহী হয়েছি।’নাটক লেখার ব্যাপারে তিনি বললেন, ‘বড়দের চেয়ে ছোটদের জন্য নাটক লেখার ব্যাপারে আমি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি।’জিনের বাদশাহ সরফরাজের সঙ্গে পরিচয় হয় তিন ভাইবোনের। জিনের বাদশাহকে একটা ছোট্ট প্রদীপের মধ্যে বন্দী করে রেখেছে ভয়ংকর সন্ত্রাসী কোরবান ও তার দুই সহযোগী। ইচ্ছে হলেই জিনের বাদশাহকে ডেকে আনে প্রদীপের ভেতর থেকে, তাদের ইচ্ছেমতো কাজ করার হুকুম দেয়। জিনের বাদশাহকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় তিন ভাইবোন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সেই সন্ত্রাসীরা।ছোটদের নিয়ে নাটক তৈরি প্রসঙ্গে মোরশেদুল ইসলাম বললেন, ‘টিভি চ্যানেলগুলোতে নানা অনুষ্ঠান হয়। কিন্তু ছোটদের জন্য তেমন কিছু চোখে পড়ে না। বছর পাঁচেক আগে ব্যাপারটি নিয়ে এনটিভি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। এরপর মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথা বলি। তিনিও লিখতে রাজি হলেন। প্রথম নাটকটি দারুণ জনপ্রিয় হয়। এর পর থেকে প্রতিবছর মুহম্মদ জাফর ইকবাল নাটক লিখছেন, আর আমি তা পরিচালনা করছি। এটা এখন আমাদের দায়িত্ব হয়ে গেছে।’নাটকে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ফারহানা মিঠু, মিলি মুন্সী, রানা, অন্ত আজাদ, ইখতারুল ইসলাম, ইশা, স্বচ্ছ, অংকন, আনিকা প্রমুখ।