ঈদে ছোটপর্দায় মৌসুমীর 'চাঁদমুখ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

ঈদে চিত্রনায়িকা মৌসুমী নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন—এটাই প্রত্যাশিত। কিন্তু এবারের ঈদে মৌসুমী অভিনীত কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তিনি এখন বান্দরবানে তিনটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। এর পরও দর্শকেরা এই ঈদে তাঁকে দেখতে পাবেন। তবে বড়পর্দায় নয়, ছোটপর্দার জন্য নির্মিত চাঁদমুখ নামের টেলিছবিতে দেখা যাবে মৌসুমীকে।
মৌসুমী বলেন, ‘এবার ঈদের আর অন্য কোনো কাজ নেই। আমি আমার সিনেমা নিয়েই ব্যস্ত। ঈদে আর কোনো কাজও করিনি। বেশ কিছুদিন আগে চাঁদমুখ টেলিছবির কাজ করেছিলাম। শুনছি, এই ঈদে টেলিছবিটি প্রচারিত হচ্ছে। এই একটি মাত্র টেলিছবিতেই দর্শকেরা আমাকে দেখতে পাবেন।’
চাঁদমুখ টেলিছবিতে দেখা যাবে, ‘কৃষ্ণ (মিশু সাব্বির) ক্যানসারে আক্রান্ত। চিকিৎসক বলে দিয়েছেন, কৃষ্ণ হয়তো আর মাত্র দুই মাস বাঁচতে পারেন। তাঁর জীবনের শেষ ইচ্ছা নায়িকা নার্গিসের (মৌসুমী) সঙ্গে দেখা করা। এক এজেন্সির মাধ্যমে তাঁর প্রিয় নায়িকার সঙ্গে দেখা করতে চান কৃষ্ণ। কিন্তু অনেক চড়াই-উৎরাই পেরোতে হয় তাঁকে। শেষ পর্যন্ত নায়িকার দেখা পান কি তিনি? এ বিষয়টি নিয়েই চাঁদমুখ টেলিছবির গল্প।
এ প্রসঙ্গে পরিচালক ইউসুফ চৌধুরী বলেন, ‘আমি টেলিছবি নির্মাণ করতে যেমন সময় নিয়ে গুছিয়ে কাজ করেছি। তেমনি পোস্ট প্রোডাকশনেও সময় নিয়েছি। এখন বাকিটা দর্শকদের ওপর।’

স্বাধীন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই টেলিছবিটির নির্বাহী প্রযোজক ওমর সানী। মৌসুমী ও মিশু সাব্বির ছাড়াও এতে অভিনয় করেছেন হিমে হাফিজ, ইসরাত তন্বী, কাউসার মাহমুদ, শাহনেওয়াজ রিপন, এস এম খালেদ।
ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচারিত হবে চাঁদমুখ নামের টেলিছবিটি। গোলাম রাব্বানীর রচনায় শুরুর দিকে টেলিছবিটির নাম ছিল আহা! নায়িকা।