ঈদে ঢাকায় শার্লিজ থেরনের ছবি!
ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে দেখা মিলবে অস্কারজয়ী নায়িকা শার্লিজ থেরনের। এবারের ঈদে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে অস্কারজয়ী এই অভিনয়শিল্পীর ছবি ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’। ঢাকার চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য ঈদের বিশেষ উপহার হিসেবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নিয়ে আসছে হলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার ছবিটি। রুপার্ট স্যান্ডার্স পরিচালিত এ ছবিতে শার্লিজ থেরন ছাড়াও অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও ক্রিস হেমসওয়ার্থ। এ বছরের ১ জুনে মুক্তি পাওয়া ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির মাধ্যমে আবারও আলোচনায় আসেন শার্লিজ থেরন। জানা গেছে, এ ছবিতে থেরন কোনো আবেদনময়ী নায়িকা বা পার্শ্বনায়িকা নন। এখানে এক ডাইনি সম্রাজ্ঞী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে হলিউড সুন্দরী শার্লিজ থেরনের। ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবিতে শার্লিজ থেরন অভিনীত চরিত্রের নাম রাভিনা। এক ভয়াল সম্রাজ্ঞী হিসেবে রাভিনা রাজত্ব গড়ে তোলে। তার রাজ্যেই বন্দী নায়িকা স্নো হোয়াইট (ক্রিস্টেন স্টুয়ার্ট)। ১৫ বছর পর সম্রাজ্ঞী জানতে পারে, স্নো হোয়াইটই হলো সবচেয়ে সুন্দরী জীবিত কুমারী মেয়ে। এ কথা জানার সঙ্গে সঙ্গে রাভিনা সিদ্ধান্ত নেয় স্নো হোয়াইটকে মেরে ফেলার। কিন্তু স্নো হোয়াইট পালিয়ে যায়। আশ্রয় নেয় এক অন্ধকার জঙ্গলে। সেই বনে পাঠানো হয় সম্রাজ্ঞীর ভাড়া করা শিকারি ‘দ্য হান্টসম্যান’কে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির গল্প।১৭০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে ৫৬.৩ মিলিয়ন ডলার আয় করে নেয়। ১২৭ মিনিট ব্যাপ্তির ছবিটি জুন শেষে মোট আয় করে ৩০৯ মিলিয়ন ডলার। চলচ্চিত্রজগতে হলিউড সুন্দরী শার্লিজ থেরনের শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। ১৯৯৫ সালে প্রথম সুযোগ মেলে ছবিতে কাজ করার। তাও সংলাপবিহীন, মাত্র তিন সেকেন্ডের শট। এরপর কয়েক বছর দ্বিতীয় সারির ছবিতে অভিনয় করতে করতে যখন ক্লান্তি ভর করে, তখনই ভাগ্যদেবতা প্রসন্ন হন। ২০০৩ সালে ‘মনস্টার’ ছবিটি শার্লিজকে আলোচনায় নিয়ে আসে। এই ছবির জন্য ২০০৪ সালের ফেব্রুয়ারিতে পান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। তারপর একে একে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেন তিনি।