এবার ঈদে মীম অনেকগুলো নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। ঈদে কয়েকটি দিন তাঁর মুঠোফোনটি ছিল বন্ধ। গতকাল শনিবার সকালে পাওয়া গেল তাঁকে। এখনো ঈদের ছুটি কাটাচ্ছেন?না, শুক্রবার থেকেই কাজ করছি। মানিকগঞ্জে, খালিদ মাহমুদের ছবি, জোনাকীর আলো। আজ (শনিবার) করছি গুলশানে। ঈদের ছুটিতে কী করলেন?১৭ আগস্ট কাতারে গিয়েছিলাম। ওখানে ঈদের দিন দোহায় একটি স্টেডিয়ামে অনুষ্ঠান করেছি। দর্শক ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।আর কে কে গিয়েছিলেন?রিয়াজ, ইমন, কুসুম শিকদার, নিপুণ, আঁখি আলমগীর, মনির খান, পলাশ, শাহনাজ বেলী। বেড়ানোটা কেমন হলো?দোহা শহরে ঘুরেছি। ওখানে এখন অনেক গরম। এসি থেকে বের হলেই মনে হয়, কেউ যেন গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আর ঈদের জন্য সব বন্ধ। বিদেশিদের জন্য শুধু একটি শপিংমল খেলা ছিল, সিটি সেন্টার। সবকিছুর অনেক দাম। তার পরও ভালোই কেনাকাটা করেছি।তাহলে এবার ঈদে আপনার কাজগুলো দেখতে পারেননি?২২ আগস্ট দেশে ফিরেছি। পরদিন ছিল আমার ছয়টি নাটক ও টেলিছবি। কিছু কিছু দেখেছি। কিক অফ আর বউ শাশুড়ি নট আউট দেখে অনেকেই প্রশংসা করেছেন।কখন বেশি মজা হয়—ঈদে নাকি পূজায়?দুটিতে দুই ধরনের মজা। ঈদের সময় প্রায়ই দেশের বাইরে যাওয়া হচ্ছে। তবে পূজার সময়টাতে থাকি বাঘায়, মামাবাড়িতে। সেই ছোটবেলা থেকে দেখছি, দুর্গাপূজার সময় মামাবাড়িতে টানা কয়েক দিন নানা আয়োজন থাকে। আমরা দল বেঁধে এ-বাড়ি থেকে ও-বাড়ি যাই, এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে গিয়ে প্রতিমা দেখি, প্রসাদ খাই, প্রণামি নিই আর দশমীর দিন পদ্মা নদীতে নৌকায় বেড়াই, প্রতিমা বিসর্জন দেখি। অক্টোবরের শেষ দিকে দুর্গাপূজা। এখন থেকেই অপেক্ষা করছি।