ঈদে নতুন ছবি, নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে মুক্তি পাচ্ছে নতুন ছবি পদ্ম পাতার জল। গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার হয়। প্রদর্শনীর আগে প্রথম আলোর ক্যামেরায় নায়ক ইমন ও নায়িকা মীম এবং পরিচালক তন্ময় তানসেনের সেলফির আয়োজন l ছবি: আবদুস সালাম
ঈদে মুক্তি পাচ্ছে নতুন ছবি পদ্ম পাতার জল। গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার হয়। প্রদর্শনীর আগে প্রথম আলোর ক্যামেরায় নায়ক ইমন ও নায়িকা মীম এবং পরিচালক তন্ময় তানসেনের সেলফির আয়োজন l ছবি: আবদুস সালাম

ঔপনিবেশিক আমলে একজন কবি উচ্চশিক্ষার জন্য এসেছিলেন শহরে। একদিন বন্ধুদের পাল্লায় পড়ে কবি হাজির হন এক জনপ্রিয় বাইজির মহলে। বাইজির রূপ, নৃত্যকলা, সংগীতে মুগ্ধ কবি তাঁর মুগ্ধতা প্রকাশ করতে থাকেন কবিতায়। তবে পেশাদার বাইজির কাছে এসব কবিতার কোনো মূল্য নেই। কিন্তু একদিন একটি ঝুমকা কবিকে ঠিকই পৌঁছে দেয় বাইজি মহলের সেই সীমানার ভেতরে, যেখানে সবার প্রবেশ নিষেধ। গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
গল্পটি এবারের ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্র পদ্ম পাতার জল-এর। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ছবিটির গতকাল প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এ ছবি ছাড়াও এবার ঈদের বাজারে মুক্তি পাচ্ছে আরও দুটি নতুন ছবি। রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে নতুন ছবির মুক্তির পাশাপাশি এবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নতুন ছবি দেখানো হবে। নতুন চলচ্চিত্রের পাশাপাশি ঈদে বাজারে এসেছে নতুন গানের দেড় শতাধিক অ্যালবাম।
এ বছরের ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে ছয় নায়ক-নায়িকার তিন ছবি। এর মধ্যে প্রেমকাহিনিনির্ভর ছবি লাভ ম্যারেজ নিয়ে পর্দায় হাজির হবেন ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। নায়িকানির্ভর অ্যাকশনধর্মী ছবি অগ্নি-টুতে মাহিয়া মাহির বিপরীতে দেখা যাবে কলকাতার নায়ক ওমকে। ভিন্ন আঙ্গিকের প্রেমের গল্প নিয়ে তৈরি পদ্ম পাতার জল ছবিতে ইমনের বিপরীতে পর্দায় আলো ছড়াবেন অভিনেত্রী মিম। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের ২৫৫টি প্রেক্ষাগৃহে ঈদে মুক্তিপ্রাপ্ত তিন ছবি প্রদর্শনের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন প্রথম আলোকে জানান, তিনটি ছবির মধ্যে এ বছর রেকর্ডসংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে লাভ ম্যারেজ ছবিটি। বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের ১২৩টি প্রেক্ষাগৃহ সিনেমাটির বুকিং দিয়েছে। এর আগে ঈদের কোনো ছবি এত হলে মুক্তি পায়নি। এ ছাড়া পদ্ম পাতার জল ছবিটি প্রেক্ষাগৃহের পাশাপাশি এবার প্রদর্শিত হবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।
হ ার্ট বিটের ব্যানারে তাপসী ঠাকুর প্রযোজিত লাভ ম্যারেজ ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র অগ্নি-টু। নায়িকাকেন্দ্রিক অ্যাকশনধর্মী ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী ও হিমাংশু। জাজ মাল্টি মিডিয়ার ব্যানারে আসা সিনেমাটি বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের ১০৬টি প্রেক্ষাগৃহে বুকিং পেয়েছে। ছবিটি প্রসঙ্গে নির্মাতা ইফতেখার চৌধুরী দাবি করেন, এ ছবির সব কটি দৃশ্য আলাদা লোকেশনে ধারণ করা হয়েছে।
পদ্ম পাতার জল ছবির মাধ্যমে প্রথম পরিচালনায় এসেছেন ব্যান্ড গায়ক তন্ময় তানসেন। আসিফুর রহমান প্রযোজিত প্রযোজনা সংস্থা ট্রাইপড স্টুডিওর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটিতে ইমন ও বিদ্যা সিনহা মিম ছাড়াও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান ও অমিত হাসান। কাহিনি ও গান লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। বৃহস্পতিবার পর্যন্ত দেশের ২৬টি প্রেক্ষাগৃহে বুকিং হয়েছে পদ্ম পাতার জল। ছবিটি প্রসঙ্গে নির্মাতা তন্ময় তানসেন বলেন, প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনি হলেও গল্পটা গতানুগতিক প্রেমের গল্প থেকে ভিন্ন।’
দেড় শতাধিক নতুন সিডি
নতুন চলচ্চিত্রের পাশাপাশি নতুন গানের অ্যালবাম ঈদ উৎসবে শামিল হয়েছে। ইতিমধ্যে দেশের সব কটি অডিও সিডি প্রযোজনা প্রতিষ্ঠান সংখ্যার হিসেবে বেরিয়েছে ১৫৭টিরও বেশি নতুন গানের সিডি। শিল্পীদের একক ও মিশ্র গান দিয়ে সাজানো হয়েছে এসব অ্যালবাম। এর মধ্যে রয়েছে বেশ কয়েকজন তারকাশিল্পীর নতুন গানের অ্যালবাম।
শিল্পী কনকচাঁপার পদ্ম পুকুর সংকলনটির বেশ কাটতি রয়েছে। সংকলনে সুর ও সংগীত পরিচালনা করেছেন মইনুল ইসলাম খান। শিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদের যৌথ অ্যালবাম তা না না না এবারের আলোচিত সংকলন। এই অ্যালবামে রয়েছে সাতটি লোকগান। ব্যান্ড দলের মধ্যে অবসকিউরের মাঝ রাতে চাঁদ যদি ও চাতক পাখি দলের সহজ মানুষ সংগীতানুরাগীদের কাছে টানছে। দখিনা বাতাস শিরোনামের লোকগানের সংকলনটিও বিক্রির তালিকায় এগিয়ে রয়েছে। এতে গেয়েছেন সফি মণ্ডল, দিলরুবা খান, শিমুল খান, রিংকু, বিউটি ও সালমা।
সামিনা চৌধুরী ও রাঘব চট্টোপাধ্যায়ের অ্যালবাম একটা বন্ধু চাই। এটির সুর ও সংগীত করেছেন রাঘব চট্টোপাধ্যায়। অর্ণব মিত্র ও অনুপমা দেবনাথের অ্যালবাম অজানা পথে।