ঈদে নতুন সাত নির্মাতার নাটক
বহু তরুণের জন্য নির্মাতা হিসেবে টেলিভিশনের জন্য প্রথম নাটক বানানোর সুযোগ অনেকটা সোনার হরিণ পাওয়ার মতোই। শুরু থেকেই নতুন নির্মাতাদের নাটক বানানোর সুযোগ দিচ্ছে দেশ টেলিভিশন। এই ধারাবাহিকতায় আসছে ঈদুল আজহার জন্য সাতজন নতুন নির্মাতাকে নিয়ে নাটক তৈরি করবে চ্যানেলটি। যাঁরা আগে পরিচালনা করেননি, তাঁরাই এই সুযোগ পাবেন। টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান রবিউল করিম বলেন, ‘আমরা তারুণ্যের শক্তিতে বিশ্বাসী। সব সময় তরুণেরাই নেতৃত্ব দিয়েছেন। আজকের তরুণ নির্মাতাই তো আগামী দিনের চলচ্চিত্রে হাল ধরবেন। নতুনদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বেশ ঝুঁকি থেকে যায়। তবে তাঁদের আইডিয়া ভালো থাকায় এই ঝুঁকিটা আমরা নিই। আমরা নির্মাতাদের সঙ্গে কথা বলে কাজ বুঝিয়ে দিই। বেশি ভাগ সময়ই আমাদের প্রত্যাশার চেয়ে ভালোটা পাই।’ পাঁচ বছর আগে দেশ টেলিভিশন নতুন নির্মাতাদের নিয়ে নাটক বানানোর কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত ৭০ জনের বেশি তরুণ নির্মাতাদের এ সুযোগ পেয়েছেন। এই ঈদের জন্য এখন চলছে গল্প বাছাইয়ের কাজ। খুব দ্রুত নতুন সাত নির্মাতার নাম জানাবে দেশ টেলিভিশন।