ঈদে না দেখলে মিস!
২০১৬ সালের ঈদুল ফিতরের আগে ৪ জুলাই প্রকাশিত প্রথম আলোর ঈদ বিনোদন -এ অভিনেতা ইরেশ যাকের লিখেছিলেন, অস্তিত্ব রক্ষার জন্য কাজের মান বাড়াতে হবে শিরোনামে একটি লেখা। এক বছর পার হয়ে এসেছে ঈদ। আর ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে নাটক, টেলিছবি এবং নানা ধরনের অনুষ্ঠান। কয়েক বছর ধরে টেলিভিশন দর্শকের খরায় এসব নির্মাণ কতটা দর্শক টানতে পারবে, তা-ই এখন দেখার বিষয়। ঈদের নাটকের বিস্তারিত নিয়ে আমাদের এবারের প্রতিবেদন

ঈদ আসছে, বাড়ছে অপেক্ষা। অন্য অনেক কিছুর মতো টেলিভিশন দর্শকের অপেক্ষা নতুন নাটক, টেলিছবি এবং নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানমালার। যখন টিভি চ্যানেল বলতে ছিল একমাত্র বিটিভি, তখনো যেমন অপেক্ষায় থাকতেন দর্শক, এখনো কি তা-ই থাকেন? এখন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা প্রচুর। অনুষ্ঠান প্রচারের সংখ্যাও কম নয়। কিন্তু সেসব কি দর্শকের ক্ষুধা মেটাতে পারছে? জানতে চাওয়া হয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দের কাছে। তিনি বললেন, প্রতি ঈদেই নাটকের আধিক্য থাকে। সবারই চেষ্টা থাকে ভালো করার। কিন্তু সেটা কতটা ভালো হয়, তা দর্শকেরাই হয়তো ভালো বলতে পারবে। কারণ, রিমোট তাদের হাতেই থাকে। রিমোট নিয়ন্ত্রণের এই সময়ে এসে দর্শক আর অপেক্ষায় থাকে কি না, কে জানে। অনলাইনের এই যুগে, নাটক প্রচারের কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইউটিউবে। ইন্টারনেট সংযোগ থাকলে যেকোনো সময় সেটি উপভোগ করা যায়। তাই আলাদা করে অপেক্ষা বা বসে থাকার মতো অবস্থা নেই।

এবারের ঈদের প্রস্তুতি
রমজানের অনেক আগে থেকেই শুরু হয়েছে ঈদের পরিকল্পনা। তারপর শুটিং। রাজধানীর ইস্কাটন, বনানী, গুলশান, উত্তরার শুটিংবাড়ি ও গাজীপুরের পূবাইল শুটিংবাড়িতে চলছে কাট, অ্যাকশনের নির্মাণ। অভিনয়শিল্পী, পরিচালক, শুটিং ইউনিটের লোকজন—সবাই চূড়ান্ত রকমের ব্যস্ত। সেই ব্যস্ততার খানিকটা শোনালেন শুটিং হাউস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খলিলুর রহমান। মাসখানেক আগে থেকে কাজ শুরু হয়েছে। প্রতিবছর অবশ্য আরও আগে থেকে ঈদের শুটিং শুরু হয়। এ বছর কাজের চাপ অতটা নয়। কথা প্রসঙ্গে বললেন তিনি।
কারণটাও বললেন খলিলুর রহমান, এ বছর ঈদের আগে নতুন কয়েকটি শুটিংবাড়ি চালু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা ও দেশের বাইরে শুটিং চলছে। তাই চাপ খানিকটা কম।
শুটিংবাড়ির অবস্থা যা-ই হোক, ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা অনিমেষ আইচ, অঞ্চন আইচ, সাগর জাহান, শিহাব শাহীন, সুমন আনোয়ার, চয়নিকা চৌধুরী, আলভী আহমেদ, নঈম ইমতিয়াজ নেয়ামুল, মাহমুদ দিদার, আবু হায়াত মাহমুদ, হিমেল আশরাফ, বি ইউ শুভ, তপু খানসহ নতুন-পুরোনো অনেক নির্মাতা।

ধারাবাহিক, সিক্যুয়েল, কবিতা ও গল্প
বিগত কয়েক বছরে টেলিভিশন চ্যানেলে ঈদের ধারাবাহিক প্রচারের তোড়জোড় ছিল। এর বড় কারণ সম্ভবত আরমান ভাই ও সিকান্দার বক্স সিরিজের ব্যাপক জনপ্রিয়তা। বেশ কয়েকটি ঈদে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় ছিল এই দুটি ধারাবাহিক। তাই প্রতিবছরের মতো এবারের ঈদেও চ্যানেল কর্তৃপক্ষের চেষ্টা সেরা গল্প, সেরা অভিনয়শিল্পী নিয়ে নির্মিত সেরা নাটক প্রচারের। তাই উদ্যোগ নেওয়া হয়েছে জনপ্রিয় নাটকের সিক্যুয়েল নির্মাণের। দর্শক ধরে রাখতে ছয়-সাত পর্বের ধারাবাহিক নাটক এমনকি বিখ্যাত কবিদের কবিতা ও জনপ্রিয় লেখকদের ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাভিশনে গত ঈদে প্রচারিত হয়েছিল সাগর জাহানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক অ্যাভারেজ আসলাম। এবারের ঈদেও প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল। সাত পর্বের এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এটি ছাড়া ওই চ্যানেলে আরও দুটি নতুন ধারাবাহিক প্রচারের কথা রয়েছে। বাংলাভিশনের ঊর্ধ্বতন অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ বললেন, আমরা কয়েক বছর ধরে দর্শকের সেরা ঈদ বিনোদন দেওয়ার চেষ্টা করছি। এ বছরও তার ব্যতিক্রম হবে না।
এনটিভিতে প্রচারিত হবে এস এম সালাউদ্দিন পরিচালিত ডালিমকুমার নামে একটি অ্যানিমেটেট ধারাবাহিক। আলটিমেটাম, ব্যাক টু ব্যাক নামেও দুটি ধারাবাহিক প্রচার করবে চ্যানেলটি। তবে আরটিভিতে প্রচারিত হবে জনপ্রিয় নাটক যমজ-এর ৭ নম্বর সিক্যুয়েল। ঘাউরা মজিদ ও পে ব্যাক নামে দুটি একক নাটকের দ্বিতীয় সিক্যুয়েল প্রচারিত হবে আরটিভিতে। আর সাত পর্বের নাটক প্যারা ৪ প্রচারিত হবে একই চ্যানেলে।
এ ছাড়া দেশ টিভিতে নতুন ঈদ ধারাবাহিক মধ্যবিত্তনামার প্রচারণা শুরু হয়েছে। মেহরাব জাহিদের রচনা ও মুরসালিন শুভর পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকটির প্রচারণার জন্য একটি ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছেন পরিচালক।
কৌশলের সঙ্গে জড়িয়ে আছেন অভিনয়শিল্পীরা। শুটিং, প্রচারণা এবং সেটার কাজটি শেষ করতে ব্যস্ত সময় পার করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, সজল, এফ এস নাঈম, অপূর্ব, সিয়াম, তৌসিফ, জোভান, বাঁধন, জাকিয়া বারী মম, মৌটুসি বিশ্বাস, নাদিয়া, ভাবনা, অপর্ণা ঘোষ, নওশাবা, প্রভা, সারিকা, স্পর্শিয়া, তাসনুভা তিশা, মৌসুমী হামিদ, মেহবাজিন, শখ, শবনম ফারিয়া, উর্মিলা করসহ নাটক সংশ্লিষ্ট সবাই।

চোখ থাকবে যেখানে
ঘোষণাটা আগেই দেওয়া হয়েছে। প্রচারণারও কমতি নেই। কিছুদিন আগে আয়ারল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে গেলে খেলার মাঝে আমন্ত্রণ জানানো হয়েছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ টি দেখার, যেটি প্রচারিত হবে আসছে ঈদে। গত বছরের জনপ্রিয় চলচ্চিত্র আয়নাবাজি অবলম্বনে আয়নাবাজি অরিজিনাল সিরিজ নামে সাতটি নাটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো প্রজেক্টের তত্ত্বাবধানে আছেন আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তিনি নির্মাণ করবেন মার্চ মাসে শুটিং। রাতুল বনাম রাতুল বানাবেন সুমন আনোয়ার, দ্বন্দ্ব সমাস আশফাক নিপুণ, রবিউল আলম মুখোমুখি, গৌতম কৈরি শেষটা একটু অন্য রকম, তানিম রহমান কে? কেন? কীভাবে? এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় নির্মাণ করবেন ফুল ফোটানোর গল্প। জানা গেছে, নাটকগুলোর নির্মাণকাজ শেষ দিকে। সিরিজটি একযোগে প্রচারিত হবে ঈদুল ফিতরের সাত দিনের অনুষ্ঠানমালায় মাছরাঙা টিভি, গাজী টিভি ও আরটিভিতে।
এদিকে টিভি দর্শকের জন্য নতুন উদ্যোগ নিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিয়াল রি ইউনিয়ন নামে এই উদ্যোগের পেছনের মানুষ তিনি। ঈদের সাত দিন ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন নামের এই আয়োজনে নাটক নির্মাণ করবেন ছবিয়াল থেকে উঠে আসা ১২ জন পরিচালক। তাঁরা হলেন রেদওয়ান রনি, আশুতোষ সুজন, শরাফ আহমেদ জীবন, আশফাক নিপুণ, গোলাম কিবরিয়া ফারুকী, ইফতেখার আহমেদ ফাহমি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, হুমায়ূন সাধু, ইশতিয়াক রোমেল, মাহমুদুল ইসলাম, আলী ফিদা একরাম তোজো ও আদনান আল রাজীব। তাঁদের মধ্য থেকে সাতজন পরিচালক নির্মাণ করবেন এবারের ঈদের জন্য। অন্যরা ঈদুল আজহায়। প্রতিটি নাটকের সামগ্রিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকী।
আনন্দ প্রতিবেদক