ঈদে নাটক করছেন মাহফুজ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আহমেদ
মাহফুজ আহমেদ

৬ ফেব্রুয়ারি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহফুজ আহমেদ বলেছিলেন, ‘এখন কোনো নাটকে অভিনয় করছি না। চলচ্চিত্রেই নিয়মিত অভিনয় করব। বছরে অন্তত একটা।’ কিন্তু না, এবার ঈদে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান বাণীচিত্র থেকে চারটি কাজ করেছেন তিনি। এর মধ্যে তিনটি নাটক, একটি টেলিছবি। চারটিই পরিচালনা করেছেন তিনি। অভিনয় করেছেন তিনটিতে।
মাহফুজ আহমেদ বলেন, ‘টিভি চ্যানেলগুলোর অনুরোধ ফেলতে পারিনি। বাধ্য হয়ে কাজগুলো করতে হলো। তবে আমি অন্য কোনো পরিচালকের কাজ করছি না।’
কেন? মাহফুজ বলেন, ‘নিজেকে অন্য কোনো পরিচালকের হাতে ছেড়ে দিতে চাইনি। নিজেকে নিজের মতো করে উপস্থাপন করেছি।’
মাহফুজ আহমেদ জানান, তাঁর পরিচালিত নাটকগুলো হলো সূর্যাস্তের আগে (এনটিভি), হ্যালো বাংলাদেশ (বাংলাভিশন), সেটেল ম্যারেজ (এটিএন বাংলা) আর টেলিছবিটি প্রেম যায় প্রেম আসে (চ্যানেল আই)। সেটেল ম্যারেজ ছাড়া সবকটিতেই অভিনয় করেছেন তিনি এবং রিচি সোলায়মান। সেটেল ম্যারেজ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও প্রসূন আজাদ।
মাহফুজ আরও জানান, তাঁর জিরো ডিগ্রি ছবির শুটিং ও ডাবিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন পরবর্তী কাজ হবে ভারতের মুম্বাইয়ে। এই ছবিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান।