ঈদে পরিবারের বাইরে
পরিবার-পরিজন নিয়েই তো সবাই ঈদ করতে চান। কিন্তু সব সময় সে সুযোগ পান না তারকারা। পরিবারের বাইরে প্রথম ঈদ উদ্যাপনের অভিজ্ঞতা কেমন—জানাচ্ছেন তিন চলচ্চিত্র তারকা

মঞ্চেও মজা পাচ্ছিলাম না
মৌসুমী
১৯৯৪ বা ৯৫ সাল। সেবারই প্রথম পরিবার ছাড়া ঈদ। তখন আমি ঢাকার চলচ্চিত্রে খুবই ব্যস্ত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে স্টেজ শো করার জন্য প্রস্তাব এল। সময় দিতে হবে এক মাসেরও বেশি। রোজা শুরু হয়ে গেছে। ব্যাটে-বলে মিলে যাওয়ায় রাজি হয়ে গেলাম। কিন্তু আমার মাথায় কাজই করেনি যে ঈদের আগে আর দেশে ফেরা হচ্ছে না। শো করতে চলে গেলাম। ঈদের আর চার-পাঁচ দিন বাকি আছে। তখনই মনে পড়ল ঈদের কথা। আমি তো চমকে উঠলাম! ঈদের দিন সবাইকে ছেড়ে আমাকে যুক্তরাষ্ট্রে থাকতে হবে! অন্যদিকে, ওই সময়টাতে ওমর সানির সঙ্গে আমার তুমুল প্রেম। বোঝেন কী অবস্থা!
এর মধ্যে খবর এল, সানি কলকাতায় যাচ্ছে। তাঁর শরীরে অস্ত্রোপচার হবে। সব মিলিয়ে মনটা স্থির রাখতে পারছিলাম না। ঈদের আগের দিন থেকে মনের অবস্থা আরও খারাপ হতে লাগল। শোতে মঞ্চের পেছনে বসে বারবার পরিবারের সবার মুখ ভেসে ওঠে। মঞ্চেও কোনো মজা পাই না। ঈদের দিন কলকাতায় হাসপাতালে সানিকে বারবার ফোন করছি, কথা বলছি, আবেগ আরও গ্রাস করছে আমাকে। এর ফাঁকে বাবা-মা-বোনের সঙ্গে কথা বলছি। কিন্তু বারবারই ঈদের দিনের মজাকে ছাপিয়ে বিষণ্নতায় মন ভরে যাচ্ছিল। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে নানা রকমের খাবার রান্না, একটু বেলা হলে নতুন পোশাক পরা। সারা দিন কত আত্মীয়স্বজন আসবে। বড়দের কাছ থেকে সালামি আদায়, ছোটদের সালামি দেওয়া। কত হই-হুল্লোড়, আনন্দ!। সেবার সবই মাটি হয়ে গিয়েছিল।

শুটিংয়ে মন বসছিল না
পপি
আমার ছয় চাচা, তিন ফুফু। একান্নবর্তী পরিবার। সাধারণত ঈদের সময়টাতে আমরা সবাই-ই খুলনায় দাদার বাড়ি চলে যাই। সাত-আট বছর আগের ঘটনা। ঈদের প্রায় ১০ দিন আগে কক্সবাজারে শুটিংয়ের শিডিউল পড়ল। শহিদুল ইসলাম খোকনের মুখোশধারী ছবির শুটিং হবে ওখানে। শুটিং ইউনিট থেকে জানানো হলো, ঈদের আগেই শুটিং শেষ হয়ে যাবে। কক্সবাজার গিয়ে শুটিং শুরু করলাম। ঈদের দুই দিন আগেও দেখি, শুটিং শেষ হয় না। পরিচালক জানালেন, ঈদের আগে শুটিং শেষ হবে না। তার মানে ঈদ কক্সবাজারেই করা লাগবে। শুনে মাথায় বিনা মেঘে বজ্রপাত!
দুই দিন আগে থেকেই ঢাকা ও খুলনার চাচাতো, ফুফাতো ভাইবোনেরা ফোন দিয়ে যাচ্ছে আমাকে। আমার তো আর শুটিংয়ে মন বসে না। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে মনটা কী যে খারাপ হয়ে গেল! পরিবারের সবাই তখন খুলনায়। ঈদের আনন্দের কথা বারবার মনে পড়তে লাগল। ফাঁদে ফেলে বড়দের কাছ থেকে সালামি নেওয়া, উল্টো আমাকে ফাঁদে ফেলে আমার কাছ থেকে ছোট ভাইবোনদের বেশি টাকা সালামি আদায় করা, দাদার বাড়িভর্তি লোকজনের হইচই-আনন্দ, বিশেষ বিশেষ খাবারের আয়োজন—এসব কথা মনে মনে ভাবি আর হোটেলের রুমে বসে সময় কাটে। কিছুক্ষণ পর পর খুলনায় সবার সঙ্গে ফোনে কথা বলি। কিন্তু ফোনে কথা বলে কি ঈদের সত্যিকারের সেই আনন্দের ভাগ পাওয়া যায়?

ঈদের আনন্দ মিস করেছি
শাকিব খান
প্রায় আট বছর আগের কথা। সেবার আমি প্রথম পরিবারের বাইরে একা ঈদ করেছি। ওই সময়টাতে আমার শিডিউল নিয়ে ব্যস্ততা বেশি ছিল। অনেককেই শিডিউল দিতে পারতাম না। তাঁরা মন খারাপ করতেন। ঈদের মাস খানেক আগের ঘটনা। এক পরিচালক এসে শিডিউল চাইলেন। ছবির নাম যত দূর মনে পড়ে, ও সাথীরে। আমি তাঁকে বললাম, আপনি যদি ছবির গানগুলোর শুটিং দেশের বাইরে করেন, তাহলে আমি শিডিউল দেব। কেননা একই লোকেশনে আর কাজ করতে ভালো লাগে না। লোকেশনের বৈচিত্র্য দরকার। তিনি রাজি হয়ে গেলেন। সব দিক থেকে সময় বের করে দেখা গেল, ১০ দিন সময় দিতে হবে। ওই সময়ের মধ্যে ঈদ পড়ে যাবে। তা-ও গেলাম। ঈদের দিনও শুটিং করতে হয়েছে। তবে শুটিংয়ের সময় পরিবারের কথা বেশি মনে হয়েছে। বাবা, মা, আমার বোন ও বন্ধুদের কথা মনে হয়েছে। ঈদের দিন মা সকালে উঠে রান্না শুরু করেন। দুপুর পর্যন্ত চলে। সারা দিন নানা রকমের খাওয়া-দাওয়া। সবার সঙ্গে কত মজা হয়। সন্ধ্যার পর বন্ধুরা এসে সেই আনন্দ দ্বিগুণ করে দেয়। সেবার পরিবারের সঙ্গে ঈদের আনন্দ, বন্ধুদের সঙ্গে আড্ডা খুবই মিস করেছি।