ঈদে প্রস্তুত নগরীর বিনোদন কেন্দ্রগুলো

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের এই অনাবিল আনন্দ ভাগ করে নিতে লাখো মানুষ ঢাকা ছেড়েছে ঈদের আগেই। কাল থাকবে কোরবানির ব্যস্ততা। বিকেলে থেকে ব্যস্ততা কিছুটা হলেও কমবে। অতীত অভিজ্ঞতা বলছে, এই ক’দিন রাজধানীর চিরচেনা ব্যস্ততা থাকবে না। এ সুযোগে রাজধানীবাসী পরিবার নিয়ে যানজটহীন শহরে ঘুরবে মনের আনন্দে। আর এই আনন্দে সামিল করার জন্য রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোও প্রস্তুত হয়েছে। এবার জেনে নেওয়া যাক, ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর বিস্তারিত।
ঈদের দিন থেকেই চিড়িয়াখানা খোলা: ঈদে ঢাকা চিড়িয়াখানা হতে পারে শিশুদের প্রধান আকর্ষণের একটি। বানরের বাঁদরামি, বাঘ-সিংহের গর্জন, মায়াবী চিত্রা হরিণ, পেঁচিয়ে পড়ে থাকা সাপের আলসেমি, কুমির, ময়ূরের পেখম ছড়ানোর ‘ফ্যাশন শো’সহ আরও কত-কী দেখার আছে। শুধু ঘুরে ঘুরে জীবজন্তু দেখাতেই নয়, চাইলে শিশুরা চড়ে বসতে পারে হাতি-ঘোড়ায়। চিড়িয়াখানার ভেতরে একটি প্রাণী জাদুঘরও আছে, বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রাণীর দেখা মিলবে সেখানে। তবে সেগুলো বিশেষ উপায়ে সংরক্ষণ করা।
ঈদের দিন সকাল থেকেই খোলা থাকবে চিড়িয়াখানা। রোববার সাপ্তাহিক ছুটি হলেও সেদিন বিশেষ ব্যবস্থায় চিড়িয়াখানা খোলা থাকবে বলে প্রথম আলোকে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়। তিনি জানান, সকাল ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানার প্রবেশপথ খুললেও ৯টা থেকে দর্শকরা ঢুকতে পারবেন। সূর্যাস্ত পর্যন্ত চলবে প্রাণী দর্শন। প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা। দুই বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। আর প্রাণী জাদুঘরের প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।
শনিবার থেকে জাদুঘরের বিশেষ আয়োজন, খোলা থাকবে আহসান মঞ্জিলও: ঈদের দিন বন্ধ থাকবে জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল। তবে ২৬ সেপ্টেম্বর জাদুঘর খোলা থাকবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার নূরে নাসরীন জানান, শিশু কিশোরদের বিনোদনের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে ২৬ সেপ্টেম্বর থেকে পর পর ৩ দিন চলচ্চিত্র দেখানো হবে।
২৬ সেপ্টেম্বর দেখানো হবে ফরিদুর রেজা সাগরের ‘রাজশাহীর রসগোল্লা’, ২৭ সেপ্টেম্বর দেখানো হবে মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ ও ২৮ সেপ্টেম্বর দেখানো হবে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’।
প্রতিদিন সকাল ১১টায় এবং দুপুর ২ টা ৩০ মিনিট চলচ্চিত্র শুরু হবে। ছবি দেখার জন্য কোন টিকিটের প্রয়োজন হবে না। আগে এলে আগে পাবেন ভিত্তিতে আসন নির্ধারণ করা হবে।
শনিবার থেকে জাদুঘরের গ্যালারি খোলা থাকবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেলে সাড়ে ৫টা পর্যন্ত। শিশু এবং প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ থাকছে। বড়রা ২০ টাকার টিকিট কেটে ঢুকতে পারবেন।
জাতীয় জাদুঘরের একই সময়সূচি ও নিয়মে খোলা থাকবে পুরান ঢাকায় অবস্থিত আহসান মঞ্জিল।
শিশু পার্কও খুলছে শনিবার: ঢাকার শাহবাগের জিয়া শিশুপার্কে ঈদে শিশুদের জন্য থাকছে টানা পাঁচ দিনব্যাপী আয়োজন। তবে ঈদের দিন বন্ধ থাকবে। শনিবার থেকে টানা ৫দিন খোলা থাকবে এটি। শিশুপার্কের দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান জানান, এমনিতে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকলেও ঈদের ছুটিতে শিশুপার্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
টয় ট্রেন, মেরি-গো-রাউন্ড, লম্ফঝম্ফ, চাকা পায়ে চলা, উড়ন্ত বিমান, উড়ন্ত নভোযানসহ রয়েছে বেশ কিছু রাইড। প্রবেশমূল্য জনপ্রতি ৮ টাকা। আর প্রতিটি রাইড উপভোগ করা যাবে ৬ টাকায়।
লালবাগ কেল্লা: তিন’শ বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে আছে এই দুর্গ । ধ্বংস, ক্ষয় আর অবহেলার পরও যা অবশিষ্ট আছে তার স্থাপত্য কৌশল, ঐতিহ্য আর সৌন্দর্যের কারণে এখনো তা জনসাধারণের কাছে দর্শনীয় স্থান। কেল্লার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে কেল্লার প্রাকৃতিক সৌন্দর্য। লালবাগ কেল্লার কাস্টডিয়ান সুলতানা জাকিয়া বেদৌরা জানান, ঈদের দিন দুপুরের পর থেকে কেল্লার প্রবেশপথ খোলা থাকবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। শনিবারও খোলা থাকবে কেল্লা। রোববার বন্ধ থাকবে।