ঈদে প্রস্তুত রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবারও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত বছরের মত এবারের ঈদেও বিনোদন কেন্দ্রগুলোতে প্রতি বছরের মতোই থাকবে বিনোদনপিপাসু মানুষের ব্যাপক বিচরণ। সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্রগুলো ছাড়াও উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, হাতিরঝিলসহ সারা ঢাকায় থাকবে ঈদ আনন্দে বেড়ানোর হিড়িক।
অাজ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ চলছে। ঢাকা চিড়িয়াখানায় ভেতরের রাস্তায় সংস্কার চলছে। অন্যান্য বিনোদন কেন্দ্রেও ছোটখাটো সংস্কারসহ ঈদের ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান এবার বিনোদন কেন্দ্রে ঈদ উপলক্ষে থাকবে কঠোর নিরাপত্তা।
ঈদ উপলক্ষে ঈদের দিন থেকে শুরু করে ৫ দিন শিশুপার্ক দর্শনার্থীদের জন্য সকাল ১০টায় খোলা হবে। রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রতি বছরই শিশুপার্কের কর্মীরা নিজেদের ঈদ উদ্‌যাপন বাদ দিয়ে শিশুপার্ক পরিচালনা করেন, তাদের ঈদ কেমন কাটে, এ বিষয়ে ঢাকা সাউথ সিটি করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মোঃ নূরুজ্জামান বলেন, ‘শিশুপার্কে যারা দায়িত্ব পালন করে, তাদের প্রতি বছরই খুব কষ্ট করতে হয়। শিশুদের আনন্দ থেকে বঞ্চিত না করতে আমরা আপ্রাণ চেষ্টা করি। সরকারি দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও ঈদে শিশুদের আনন্দ দিতে শিশুপার্কে কাজ করে আমরা আনন্দ বোধ করি।’
শাহবাগের আরেকটি বড় বিনোদন কেন্দ্র জাতীয় জাদুঘর। ঈদের দিন অবশ্য জাতীয় জাদুঘর খোলা থাকছে না। জাদুঘরের ঈদ আয়োজন শুরু হবে ঈদের পরের দিন থেকে। ঈদ উপলক্ষে জাতীয় জাদুঘর ও জাদুঘরের অধীনস্থ সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘরে ঈদের পরের দুই দিন বিনা মূল্যে দেখানো হবে দুটি চলচ্চিত্র। জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুটি পূর্ণদৈঘ্য চলচ্চিত্র বিনা মূল্যে জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘরে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন। ঈদের পরের দুই দিন দুপুর আড়াইটা ও বিকেল ৫টায় চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে জাতীয় জাদুঘর শিশুদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করবে।
ঢাকার মিরপুরে চিড়িয়াখানা ভ্রমণ সব বয়সের মানুষকে দিতে পারে ঈদের বাড়তি আনন্দ। ঈদের দিন সকাল ৮টা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানার দুয়ার। ঈদের বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদ আনন্দ শান্তিপূর্ণ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম জানান, প্রতি বছরই সকাল ৮টার মধ্যে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এবারও সকাল থেকেই শুরু হবে দর্শনার্থীদের আগমন, তবে ঈদের নামাজের পরই শুরু হয় পুরো মাত্রায় ভিড়। শান্তিপূর্ণভাবে দর্শনার্থীদের বেড়ানো নিশ্চিত করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখছে। মানুষের চলাচলের সুবিধার্থে চিড়িয়াখানার ভেতরের রাস্তায়ও কিছুটা সংস্কার করা হয়েছে। এ ছাড়া ঈদের দিন চিড়িয়াখানার ভেতর চালু হচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে একটি ক্যানটিন।
ঢাকার অদূরে বাইপাইলে অবস্থিত ফ্যান্টাসি কিংডম বিনোদনপিপাসুদের একটি পছন্দের জায়গা। ঈদের দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ফ্যান্টাসি কিংডম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ঈদ উপলক্ষে দশ দিনের এই বিশেষ সময়সূচি গ্রহণ করেছে ফ্যান্টাসি কিংডম। ১৫ জুলাই থাকছে ঈদ কনসার্ট।
গাজীপুরে অবস্থিত নন্দন পার্কেও বিনোদনের খোঁজে প্রায়ই ছুটে যান রাজধানীর মানুষ। ঈদ উপলক্ষে নন্দন পার্কে রয়েছে ৪ দিনের বিশেষ আয়োজন। ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন পার্ক খোলা থাকবে। এ ছাড়া ঈদের পর ৪ দিন বিকেলে থাকবে জমজমাট সাংস্কৃতিক আয়োজন।
ঈদের ছুটিতে পুরোনো ঢাকার ওয়ারিতে অবস্থিত উদ্যান বলধা গার্ডেন, কোতোয়ালি এলাকার আহসান মঞ্জিল, সায়েদাবাদ এলাকার ওয়ান্ডার ল্যান্ড খোলা থাকবে। এসব বিনোদনকেন্দ্রে টিকিট কেটে ঢুকতে হবে। এ ছাড়া পুরোনো ঢাকার চকবাজার, ইংলিশ রোড, ধোলাইখাল, গেন্ডারিয়ার ধুপখোলা মাঠ, যাত্রাবাড়ী, বাসাবো ইত্যাদি এলাকায় স্থানীয়ভাবে ঈদমেলার আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল থেকে শুরু হবে এসব মেলা।