ঈদে প্রেক্ষাগৃহে ইমপ্রেসের দুই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘‘অমি ও আইসক্রিম’অলা’’ ছবির দৃশ্য
‘‘অমি ও আইসক্রিম’অলা’’ ছবির দৃশ্য

এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের দুটি ছবি ‘‘অমি ও আইসক্রিম’অলা’’ এবং ‘নদীজন’। প্রথমটির পরিচালক সুমন ধর। অন্যটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলি।

ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে নির্মিত ‘‘অমি ও আইসক্রিম’অলা’’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার, আগুন, মিছিল প্রমুখ।
‘নদীজন’ ছবির কাহিনি লিখেছেন শেখ জহিরুল হক। ছবিটিতে অভিনয় করেছেন তমা মির্জা, প্রাণ রায়, মামুনুর রশীদ, শর্মীমালা, সাগর, নীরব, শফিক মনা, রিফাত চৌধুরী, বিপ্লব প্রসাদ, মামুন চৌধুরী রিপন, শেখ মহিউদ্দিন প্রমুখ।
‘‘অমি ও আইসক্রিম’অলা’’ ছবির গল্পে দেখা যাবে, নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র অমি। বুদ্ধিমান, দেশপ্রেমিক এবং ভ্রমণপ্রিয় একজন যুবক। একদিন ঘুরতে ঘুরতে সে জয়দেবপুরের গভীর জঙ্গলে পরিত্যক্ত একটি জমিদারবাড়ি দেখতে পায়। পুরোনো বাড়িটির মূল মালিক জমিদার রায় বল্লভ রায় মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। একপর্যায়ে তাঁর অশরীরী আত্মার সঙ্গে অমির দেখা হয়ে যায়। তিনি যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারে জনগণকে সোচ্চার হওয়ার জন্য অমির কাছে তাঁর শেষ ইচ্ছা প্রকাশ করেন। তাঁর বিশ্বাস, যে লোকটি তাঁকে মেরেছে ও বাড়ি ধ্বংস করেছে এবং যাঁরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাঁদের বিচার অমি স্বাধীন দেশে করতে পারবে। তাঁর শেষ ইচ্ছা রাখতে পারবে বলে তাঁকে কথা দেয় অমি।

‘নদীজন’ ছবির দৃশ্য
‘নদীজন’ ছবির দৃশ্য

‘নদীজন’ ছবির গল্পে দেখা যাবে, স্বামী নিখোঁজ হওয়ার পর ছোট ভাই ছোটনকে নিয়ে নদীর পারে নিজ ভিটাতে জীবন কাটাতে থাকে ছায়া। বাবা শাহ আলম মূলত বাউল হলেও এক সময় সংসারের প্রয়োজনে নৌকার ব্যবসা চালু করেন। তবে তা তিনি নিজে বেশিদিন ধরে রাখেননি। তিনি সব দায়িত্ব ছায়ার ওপর ছেড়ে দিয়ে মাঝে মধ্যেই দীর্ঘ সময়ের জন্য নিরুদ্দেশ হয়ে যান। একদিন ঘটনাক্রমে নদীর কুলে আইনুদ্দিন নামের একজনকে অচেতন অবস্থায় দেখতে পায় ছায়া ও ছোটন। এই আইনুদ্দিনকে নিয়ে গল্প মোড় নেয় অন্যদিকে।