ঈদে বিটিভিতে আট দিনের অনুষ্ঠান চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে কোরবানির ঈদের জন্য আট দিনের অনুষ্ঠান চূড়ান্ত করেছে বিটিভি কর্তৃপক্ষ। আট দিনের অনুষ্ঠানমালার মধ্যে ঈদের দিন শুধু বিটিভির নিজস্ব অনুষ্ঠানমালা দেখানো হবে। বাকি সাত দিনের অনুষ্ঠানমালায় এবার ঈদে বিটিভিতে মোট ২৩টি নাটক দেখানো হবে। বেসরকারি পর্যায়ে নির্মিত এসব নাটক প্রচার করা হবে বিকেল সাড়ে পাঁচটা, সন্ধ্যা সাড়ে সাতটা, রাত সাড়ে আটটা ও সাড়ে ১০টায়। গতকাল রোববার সন্ধ্যায় বিটিভি কার্যালয়ে আয়োজিত এক সভায় আট দিনের এই ঈদ অনুষ্ঠানমালা চূড়ান্ত করা হয়। ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে বেসরকারি পর্যায়ে নির্মিত অনুষ্ঠানের মধ্যে নাটকের সংখ্যাই বেশি থাকবে বলে জানা গেছে। পরে বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) কামরুন্নেসা হাসানের দপ্তর থেকে এ তথ্যের সত্যতা জানা যায়।বিটিভির বিশেষ অনুষ্ঠান মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মামুনুর রশীদের লেখা ও পরিচালনায় ব্যান্ড মাস্টারের কোরবানি নাটকটি দেখানো হবে ঈদের পর দিন রাত সাড়ে আটটায়। একই দিন বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে সুমন মাহমুদের রচনা ও নাহিদ হোসেন এবং শারমিন আক্তার মুক্তার পরিচালনায় নাটক বিশেষ দ্রষ্টব্য। এ ছাড়া রাত সাড়ে ১০টায় দেখানো হবে নাটক তোমার জন্য উপহার। এটি লিখেছেন সৈয়দ শামসুল হক এবং পরিচালনা করেছেন দিমা নেফারতিতি। ঈদের অনুষ্ঠানমালার জন্য মনোনীত অন্য নাটকগুলো হলো আলভী আহমেদের শালিকের ঘাড়ে রো, জাহিদুল করিমের বাবা, এস এ হক অলিকের সেই তো আবার, মাসুদ সেজানের অতঃপর টিয়াপাখি, মাইনুল হাসানের মিরাকল, জি এম সৈকতের তবু তুমি আমার, আলী ইমামের সুখী লোকের জামা, আশরাফী মিঠুর মহারাজা, সালমান হায়দারের মেঘে ঢাকা চাঁদ, গোলাম মোস্তফার চোর বউ, কায়েস চৌধুরীর নিকোষ, চয়নিকা চৌধুরীর তোমার কাছে ফেরা, হালিম তালুকদারের শাস্তি বিধান, এজাজ মুন্নার একা, মিজানুর রহমান লাবুর সুপারম্যান, জাহিদুল ইসলাম বিপ্লবের জাল, নাসিরুদ্দিন মাসুদের মোস্তাচোরার কোরবানি, মোফাকখারুল ইসলামের হাওয়াই মিঠাই, রাশেদ শামীমের যাব নির্জনে ও আবুল হায়াতের সময়ের গল্প। এ ছাড়া বিটিভির আট দিনের এ আয়োজনে আরও থাকবে গানের অনুষ্ঠান, ছায়াছবির গান এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। গত রোজার ঈদের মতো এবারের কোরবানীর ঈদেও বিটিভিতে কোনো টেলিছবি থাকছে না বলে জানা গেছে।