ঈদে বিটিভিতে টেলিফিল্ম প্রচারিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ঈদুল ফিতরে বিটিভি ছয়টি টেলিফিল্ম প্রচারের জন্য ছয়জন নির্মাতাকে চিঠি দিয়েছিল। প্রিভিউ কমিটির সদস্যরা একাধিক টেলিফিল্ম থেকে বাছাই করে এই ছয়টি টেলিফিল্ম প্রচারের জন্য নির্বাচন করেন। কিন্তু একটি টেলিফিল্মও প্রচারিত হয়নি। জানা গেছে, মূলত বিজ্ঞাপনের অভাবে এই টেলিফিল্মগুলো প্রচারিত হয়নি। যাঁরা বিজ্ঞাপন বিপণন করেন, তাঁদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিটিভি দুপুর ১২টার সময় টেলিফিল্ম প্রচারের জন্য সময় নির্ধারণ করেছে। এ সময় কোনো পণ্যের বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন দিতে আগ্রহী হন না। কারণ, এ সময় দর্শকসংখ্যা থাকে কম। এ ছাড়া বেলা তিনটা থেকে বিটিভি প্রচার করে বাংলা সিনেমা। যেহেতু বাংলা সিনেমার দর্শক বেশি থাকে, এ জন্য বিজ্ঞাপনদাতাদের আগ্রহ থাকে সিনেমার দিকে। এ কারণে টেলিফিল্মগুলোর নির্মাতারা বিটিভির বুকিং মানি জমা দেওয়ার সুযোগ পাননি।নাটক কিনে নেন এমন একজন হচ্ছেন প্রিয়ন্তি অ্যাড ফার্মের কর্ণধার মনোয়ার পাঠান। তিনি বললেন, ‘আমি অনেক বিজ্ঞাপনদাতার সঙ্গে কথা বলেছি। টেলিফিল্মে ছয় থেকে সাত মিনিট বিজ্ঞাপন দেওয়ার জন্য কাউকেই রাজি করাতে পারিনি। আমি মনে করি, দুপুর ১২টায় প্রচারের যে সময় দেওয়া হয়েছে, তা পরিবর্তন করতে হবে। না হলে বিটিভিতে টেলিফিল্ম প্রচারের সুযোগ পাবেন না নির্মাতারা।’স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যাঁরা লাখ লাখ টাকা খরচ করে টেলিফিল্ম বানালেন এবং একেকটি টেলিফিল্মের জন্য যে ১০ হাজার টাকা করে বিটিভিতে পে-অর্ডার জমা দিলেন, তার কী হবে। এই লোকসানের দায় কে নেবে?এ ব্যাপারে বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী বললেন, ‘টেলিফিল্ম প্রচারিত হয়নি স্পনসরের অভাবে। ঈদের মতো সময়ে দুপুর ১২টা অবশ্যই মূল্যবান সময়। কিন্তু কেন যে এ সময় টেলিফিল্মওয়ালারা স্পনসর জোগাড় করতে পারেননি, সেটা আমার বোধগম্য নয়। আর যখন আমরা টেলিফিল্ম প্রচারের জন্য চিঠি দিলাম, সে সময়ও আমাদের কিন্তু কেউ কিছু বলেনি। উল্টো শেষ মুহূর্তে বিটিভি কর্তৃপক্ষকে এই ছয়টি টেলিফিল্মের স্থলে নতুন অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিতে হয়েছে।’তাহলে এর বিকল্প কী হবে, এমন প্রশ্নের উত্তরে বিটিভির মহাপরিচালক বলেন, ‘টেলিফিল্মের বিষয়ে নতুন করে আমাদের ভাবতে হবে। তবে কী করব, তা বলতে পারব না এই মুহূর্তে। নিশ্চয়ই এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিজ্ঞাপনদাতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।’তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রিভিউ কমিটির সদস্য আমিনুল হক বললেন, ‘আসলে সময়টা নির্ধারণ করে বিটিভি কর্তৃপক্ষ। আমরা মান দেখে অনুষ্ঠান বাছাই করেছি। যদি দুপুর ১২টার সময় টেলিফিল্ম প্রচার করতে কেউ আগ্রহী না হয়, তবে আমাদের নতুন করে ভাবতে হবে।’জানা গেছে, এবারের ঈদে জ্যোৎস্নার মঞ্জুরি, নকশী কাঁথার মাঠ, সৈকতে বালুঘর, ফিরে আসা ও ছাই নামের ছয়টি টেলিফিল্ম প্রচারের জন্য নির্ধারণ করা হয়েছিল। এগুলো এখন বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের উদ্যোগ নিচ্ছেন এসব টেলিফিল্মের নির্মাতারা।