ঈদে বিটিভিতে ২৩টি নাটক
এবার ঈদে বিটিভিতে ২৩টি নাটক দেখানো হবে। বেসরকারি পর্যায়ে নির্মিত এসব নাটক প্রচার করা হবে সন্ধ্যা সাড়ে পাঁচটা, সাড়ে সাতটা, রাত সাড়ে আটটা ও সাড়ে ১০টায়। গত রোববার সন্ধ্যায় বিটিভির কার্যালয়ে আয়োজিত এক সভায় আট দিনের ঈদ অনুষ্ঠানমালা চূড়ান্ত করা হয়। শুধু ঈদের দিন দেখানো হবে বিটিভির নিজস্ব অনুষ্ঠান। তবে অন্য দিনগুলোতে বেসরকারি পর্যায়ে নির্মিত অনুষ্ঠানের সংখ্যাই বেশি থাকবে। বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) কামরুন্নেসা হাসানের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।বিটিভির বিশেষ অনুষ্ঠান প্রাকমূল্যায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মামুনুর রশীদের লেখা ও পরিচালনায় ব্যান্ড মাস্টারের কোরবানী নাটকটি দেখানো হবে ঈদের পরদিন রাত সাড়ে আটটায়। ঈদের অনুষ্ঠানমালার জন্য মনোনীত অন্য নাটকগুলো হলো আলভি আহমেদের শালিকের ঘাড়ে রোঁ, আবুল হায়াতের সময়ের গল্প, দিমা নেফারতিতির তোমার জন্য উপহার, নাহিদ হোসেন ও শারমিন আক্তারের বিশেষ দ্রষ্টব্য, জাহিদুল করিমের বাবা, মাইনুল হাসানের মিরাকল, আশরাফী মিঠুর মহারাজা, চয়নিকা চৌধুরীর তোমার কাছে ফেরা, জাহিদুল ইসলামের জাল, মাসুদ সেজানের অতঃপর টিয়াপাখি, আলী ইমামের সুখী লোকের জামা, গোলাম মোস্তফার চোর বউ, এজাজ মুন্নার একা, এস এ হক অলীকের সেই তো আবার, জি এম সৈকতের তবু তুমি আমার, সালমান হায়দারের মেঘে ঢাকা চাঁদ, হালিম তালুকদারের শাস্তি বিধান, নাসিরুদ্দিন মাসুদের মোস্তাচোরার কোরবানী, কায়েস চৌধুরীর নিকোষ, মিজানুর রহমানের সুপারম্যান, মোফাখখারুল ইসলামের হাওয়াই মিঠাই ও রাশেদ শামীমের যাব নির্জনে। এ ছাড়া আরও থাকবে গানের অনুষ্ঠান, ছায়াছবির গান ও পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি।