ঈদে বিশ্বজিত্, সামিনা, জাবেদ ও সনু নিগমের ‘পরস্পর-২’
এই ঈদে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের চার সংগীতশিল্পীর গানের অ্যালবাম ‘পরস্পর-২’। ‘পরস্পর’ অ্যালবামের সিক্যুয়েল এ অ্যালবামে বাংলাদেশের কুমার বিশ্বজিত্ ও সামিনা চৌধুরী এবং ভারতের সনু নিগম ও জাবেদ আলী কণ্ঠ দিয়েছেন।‘পরস্পর-২’ অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। তিনি এ অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানও করছেন।জুলফিকার রাসেল আজ শনিবার জানিয়েছেন, বেশ কিছুদিন আগে ‘পরস্পর-২’ অ্যালবামের কাজ শেষ হয়েছে। এতে প্রত্যেক শিল্পী দুটি করে গানে কণ্ঠ দিয়েছেন। কুমার বিশ্বজিতের গান দুটির কণ্ঠধারণ ছাড়া সব কাজই সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের স্পেকট্রাল হারমোনি আর সরলতা স্টুডিওতে। ভারতের জনপ্রিয় সুরকার ও সংগীতপরিচালক জয় সরকার পাঁচটি গানে সুর দিয়েছেন। পিলু খান দুটি ও রূপঙ্কর বাগচী একটি গানে সুর দিয়েছেন।‘পরস্পর-২’ অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন জয় সরকার ও ইন্দ্রজিত্ দে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও জেমকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অ্যালবামটি বাজারে আনছে জি-সিরিজের অগ্নিবীণা।উল্লেখ্য, ২০১০ সালের ঈদে একই গীতিকারের তত্ত্বাবধানে ‘পরস্পর’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। সেখানে কণ্ঠ দিয়েছিলেন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও কলকাতার রূপঙ্কর।