ঈদে মমর রিকশা-ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী মম আর তাঁর স্বামী নাট্য পরিচালক এজাজ মুননার জন্য এবারের ঈদটি খুবই আনন্দের। কারণ এবার তাঁদের সঙ্গে আছে ছেলে উদ্ভাস। ছেলের বয়স এখন সাত মাস। আর এটাই তার প্রথম ঈদ। তাই এবার ঈদে মম-মুননা দম্পতির আনন্দের আর শেষ নেই। তাই তো বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে তাঁরা বেরিয়েছিলেন রিকশা-ভ্রমণে। মম বললেন, ‘আমাদের এবার ঈদের রং লাল। মুননা আর উদ্ভাসের পাঞ্জাবির রং লাল। আমার সালোয়ার-কামিজের রং লাল। উদ্ভাসের জন্য তো অনেক দিন টিভি নাটকের কোনো কাজ করিনি। এখন আবার শুরু করেছি। আর রাস্তায় যা যানজট, পরিবেশ দূষণ—ছেলেকে সঙ্গে নিয়ে বের হওয়ার কথা ভাবাই যায় না। ঈদের দিন রাস্তা একেবারে ফাঁকা থাকে, দূষণও সেই মাত্রায় হয় না। তাই ছেলেকে সঙ্গে নিয়ে রিকশায় ঘুরতে বেরিয়েছি। তবে রিকশা-ভ্রমণ করতে গিয়ে একটু সমস্যাও হয়েছে। রাতে বাসায় ফেরার পর থেকে উদ্ভাসের জ্বর।’মম জানালেন, এবার ঈদে তিনি ছয়টি নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া অংশ নিয়েছেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবং দুইটি নাচের অনুষ্ঠানে। ওদিকে ঈদের চতুর্থ দিন (শনিবার) রাত আটটায় মাছরাঙা টিভিতে দেখানো হবে এজাজ মুননার পরিচালিত নাটক ‘সর্বজয়া, তারা, হিমেশ ও অ্যারন’।