ঈদে মুঠোফোনে মাইলসের ‘প্রতিচ্ছবি’
মাইলস (১৯৮২), এ স্টেপ ফারদার (১৯৮৬), প্রতিশ্রুতি (১৯৯১), প্রত্যাশা (১৯৯৩), প্রত্যয় (১৯৯৬), প্রয়াস (১৯৯৮), প্রবাহ (২০০১), প্রতিধ্বনি (২০০৬)। এবার প্রতিচ্ছবি, মাইলসের নতুন অ্যালবাম। ঈদের আগেই মুঠোফোনে মাইলসের নতুন এই অ্যালবামের গানগুলো শুনতে পাবেন শ্রোতারা। এরই মধ্যে গ্রামীণফোনের সঙ্গে মাইলসের একটি চুক্তি হয়েছে। মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদ গতকাল শুক্রবার জানান, প্রতিচ্ছবি অ্যালবাম থেকে ঈদের আগে ছয়টি গান গ্রামীণফোনের গ্রাহকেরা ৪০৪০ নম্বরে (মিউজিক রেডিও) ডায়াল করে শুনতে পাবেন। ঈদের পর অডিও সিডি আকারে সম্পূর্ণ অ্যালবামটি বাজারজাত করা হবে। মাইলসের নতুন অ্যালবামের গানগুলো নিয়ে শাফিন বললেন, ‘আমরা যে ধরনের গান গেয়ে জনপ্রিয় হয়েছি, তার একটা ছোঁয়া থাকবে নতুনটিতে। সময়ের সঙ্গে সঙ্গে এখন দেশে এবং দেশের বাইরের গান ও শ্রোতাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। এই ব্যাপারটিকেও আমরা গুরুত্ব দিয়েছি। সব মিলিয়ে বলব, শ্রোতারা এবার মাইলসের কাছ থেকে নতুন কিছু পাবে।’প্রতিধ্বনি ও প্রতিচ্ছবির মধ্যে সময়ের ব্যবধান পাঁচ বছর। নতুন অ্যালবামের জন্য এতটা সময় নেওয়ার কারণ হিসেবে শাফিন বললেন, ‘সৃষ্টিশীল কাজ সুষ্ঠুভাবে বের হওয়ার জন্য যে পরিবেশ দরকার ছিল, এই সময়টাতে তা ছিল অনুপস্থিত। যে আশা ও পরিকল্পনা নিয়ে আমরা একটা কাজ করি, অডিও পাইরেসি তা একেবারে ধ্বংস করে দেয়। এই পাইরেসি আর বিপণনে অব্যবস্থাপনার কারণে আমরা নতুন কিছু বের করার ব্যাপারে আগ্রহী হইনি। যে ধরনের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন ছিল, সেদিক থেকে গ্রামীণফোনের এগিয়ে আসা আমাদের অ্যালবাম প্রকাশের জন্য একটা ইতিবাচক ঘটনা।’ তিনি আরও বলেন, ‘এখন ডিজিটাল প্রযুক্তির যুগ। আমরা সময়ের সঙ্গে এগিয়ে যেতে চাই। পাশাপাশি শ্রোতারা যাতে অডিও সিডিতেও আমাদের গান শুনতে পারেন, সেই ব্যবস্থাও থাকছে। এ ক্ষেত্রে পাইরেসি হলেও তখন ঝুঁকির মাত্রা অনেক কমে যাবে। আমরা মনে করি, এটা শিল্পী এবং পৃষ্ঠপোষকদের জন্য খুবই ইতিবাচক পদক্ষেপ।’