ঈদে মোশাররফ করিমের ছবি 'কমলা রকেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কমলা রকেট’ চলচ্চিত্রে কাজের ফাঁকে মোশাররফ করিমের সঙ্গে তৌকীর আহমেদের সেলফি
‘কমলা রকেট’ চলচ্চিত্রে কাজের ফাঁকে মোশাররফ করিমের সঙ্গে তৌকীর আহমেদের সেলফি

কমলা রকেট, একটি স্টিমার। এই স্টিমারে অনেক যাত্রী। নানা পেশার নানা মানুষ। এই স্টিমারের একজন যাত্রী আতিক। ব্যবসায়ী। ইনস্যুরেন্স থেকে টাকা পাওয়ার আশায় নিজের কারখানায় অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। কিন্তু তা জানাজানি হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তিনি ঢাকা থেকে স্টিমারে করে মোংলায় যাচ্ছেন। সেখানে বন্ধুর বাসায় আত্মগোপন করে থাকবেন। এই স্টিমারে করে নিয়ে যাওয়া হচ্ছে একটি মরদেহ। সেই কারখানার অগ্নিকাণ্ডে নিহত একজন নারী কর্মীর মরদেহ নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী। এরপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’ ছবির চিত্রনাট্য লিখেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তৌকীর আহমেদ, জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ ও আবু রায়হান। ছবিতে সেই কারখানার মালিকের চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ আর মোশাররফ করিম একজন দালাল।

‘কমলা রকেট’ চলচ্চিত্রের দৃশ্যে মোশাররফ করিম
‘কমলা রকেট’ চলচ্চিত্রের দৃশ্যে মোশাররফ করিম

তৌকীর আহমেদ বলেন, ‘আমি আর মোশাররফ করিম এর আগে “হালদা” ছবির কাজ করেছি। সেখানে আমি পরিচালক ছিলাম। আর এখানে আমি আর মোশাররফ দুজনই অভিনয় করেছি। চলচ্চিত্রে আমাকে একজন ধনী ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। যার নৈতিক আর আত্মিক স্খলন হয়েছে। তবে এটাকে খলচরিত্র বলা ঠিক হবে না। এমন নৈতিক স্খলন আমাদের সমাজে অনেক বিত্তবানদের রয়েছে।’

ছবির শুটিংয়ের সময় সামিয়া বলেন, ‘নাটকে একসঙ্গে তৌকীর ভাই, মোশাররফ ভাইসহ অভিনয় করেছি। প্রথম সিনেমায় অভিনয় করতে এসে সহশিল্পী হিসেবে তাঁদের পেয়েছি। অনেক কিছু শেখা হয়েছে। এ ধরনের শুটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ।’ তিনি আরও বলেন, ‘ইচ্ছা ছিল সিনেমায় কাজ করার। কিন্তু পছন্দসই গল্প পাচ্ছিলাম না বলে রাজি হইনি। আমি এমনিতে বড় পর্দায় সিনেমা দেখতে খুব ভালোবাসি। এখন যখন নিজেকেও বড় পর্দায় দেখতে পারব, বিষয়টি ভাবতেই অন্য রকম লাগছে।’

‘কমলা রকেট’ চলচ্চিত্রের দৃশ্যে তৌকীর আহমেদ
‘কমলা রকেট’ চলচ্চিত্রের দৃশ্যে তৌকীর আহমেদ

মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান নূর ইমরান মিঠু। এবার তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কমলা রকেট’ মুক্তি পাচ্ছে এবার ঈদে। এরই মধ্যে ছবিটির ট্রেলার অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণার কাজ শুরু হয়েছে। মিঠু বলেন, ‘এবার ঈদে মুক্তি পাচ্ছে আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এখন থেকে ছবি মুক্তির আগ পর্যন্ত পর্যায়ক্রমে ছবির টিজার আর গানগুলো ইউটিউব আর ফেসবুকে অবমুক্ত করা হবে।’

‘কমলা রকেট’ চলচ্চিত্রের দৃশ্যে সামিয়া সাঈদ
‘কমলা রকেট’ চলচ্চিত্রের দৃশ্যে সামিয়া সাঈদ

মিঠু আরও বলেন, ‘আমরা ঢাকা টু মোরেলগঞ্জের (বাগেরহাট জেলার একটি থানা) লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে উঠে শুটিং করেছি। মোটামুটি আট দিন চলেছে শুটিং। এর মধ্যে দুবার করে লঞ্চে যাতায়াত করতে হয়েছে। যাতায়াতের সময়টুকুতে শুটিং করেছি আমরা।’ আর ‘কমলা রকেট’ ছবিটি নিয়ে বললেন, ‘শ্রেণিভেদে সবাই সবার থেকে আলাদা পোশাকের হলেও কাম, ক্ষুধা, শীত, গন্ধের মতো মৌলিক প্রশ্নে সবাই এক। এটাই দেখানো হয়েছে চলচ্চিত্রটিতে।’

‘কমলা রকেট’ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।