ঈদে লোপামুদ্রা, রূপঙ্কর ও শিলাজিতের গান
বাংলাভিশনের জন্য ঈদের সংগীতানুষ্ঠানে গান করলেন কলকাতার শিল্পী লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর ও শিলাজিৎ। এক মুঠো রোদ্দুর নামের দুই পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে লোপামুদ্রা মিত্র ও রূপঙ্করের গান। আর দ্বিতীয় পর্বে শুধু শিলাজিতের গান। গানের ফাঁকে থাকছে শিল্পীদের সঙ্গে আড্ডা। লোপামুদ্রা মিত্রের গানগুলো হলো ‘আয় আয় কে যাবি’, ‘মনে পড়ে সেই সুপোরিগাছের সারি’ ও ‘আজকে যেটা ভালো’; রূপঙ্করের গানগুলো হলো ‘চলে এসো আজ এ রাতে’, ‘এক স্বপ্নতে যত্ন’, ‘তোমার টানে সারা বেলার গানে’ এবং ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’। শিলাজিৎ গেয়েছেন ‘রোজ ঘুম ভেঙে যায়’, ‘হূদয় তোমাকে ছুঁতে চেয়ে’, ‘তুই বৃষ্টি হতে পারতিস’ ও ‘বুকে আমার বাবুদের বাসা’ গানগুলো। বাংলাভিশন সূত্রে জানা গেছে, কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয় সম্প্রতি। প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ।