ঈদে শফিক তুহিনের মিউজিক ভিডিও অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এর বেশি ভালোবাসা যায় না’—এই একটি গান দিয়েই গায়ক হিসেবে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন গীতিকার শফিক তুহিন। এবারের ঈদে দর্শক-শ্রোতার জন্য শফিক তুহিন আনছেন তাঁর একটি ডিভিডি অ্যালবাম। নাম ‘এর বেশি ভালোবাসা যায় না’। শফিক তুহিনের বিভিন্ন সময়ে প্রকাশিত ‘স্বপ্ন এবং তুমি’, ‘শফিক তুহিন ডটকম’ ও ‘পাগলামি’ অ্যালবামের গানগুলোই ভিডিও আকারে এ অ্যালবামে থাকছে। এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘আমার প্রকাশিত সর্বশেষ অ্যালবাম “পাগলামি”। “পাগলামি” ও “শ্রাবণী” গান দুটির মিউজিক ভিডিও বেশ প্রশংসিত হয়। এর আগে “এর বেশি ভালোবাসা যায় না”, “সুস্মিতা” গানগুলোর মিউজিক ভিডিও প্রশংসিত হয়েছিল। তা ছাড়া দীর্ঘদিন ধরে শ্রোতা-দর্শকের একটা অনুরোধ ছিল। ফেসবুকে নানাভাবে তাঁরা আমাকে একটি পূর্ণাঙ্গ ডিভিডি অ্যালবামের ব্যাপারে অনুরোধ করছিলেন। মূলত, তাঁদের কথা চিন্তা করেই ডিভিডি অ্যালবামটি করা।’ ঈদ উপলক্ষে প্রকাশিতব্য ‘এর বেশি ভালোবাসা যায় না’ শিরোনামের ডিভিডি অ্যালবামটি প্রকাশ করছে লেজারভিশন। ঈদে এটি প্রকাশের পরপরই পরবর্তী একক অ্যালবামের কাজ শুরু করবেন শফিক তুহিন।