ঈদে সাত পর্বের ধারাবাহিক জিম্মি
দুই ধরনের মানুষের গল্প নিয়ে ‘জিম্মি’। একদলে আছে উদ্দেশ্যহীন অপরিকল্পিত জীবনযাপনের কিছু মানুষ, যারা জীবনের বিভিন্ন সময় ধনী হওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভট পরিকল্পনা করে। কোনোটিতেই সফল হয় না। তারপর এক জায়গা থেকে একটা পরিকল্পনা পায়। পরিকল্পনা হচ্ছে মানুষকে জিম্মি করে ধনী হবে। আরেক দলে আছে পরিকল্পিত জীবনযাপনের কিছু তরুণ-তরুণী, যারা বিয়ের উদ্দেশ্য নিয়ে বেড়াতে যায় বান্দরবানে। ঘটনাচক্রে জিম্মি হয়ে যায় তারা। ঘটতে থাকে একের পর এক ঘটনা আর রটনা। এ রকমই কয়েকটি ঘটনা নিয়ে নির্মাতা রেদওয়ান রনি ঈদের জন্য তৈরি করেছেন সাত পর্বের নাটক ‘জিম্মি’। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় ‘জিম্মি’ নাটকের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, সাজু খাদেম, মিশু সাব্বির, চাষী, রাহা, আরাবী, এ্যালেন শুভ্র, মিতি, ফাহাদ, শুভ প্রমুখ ।নাটকটি ঈদের সাতদিন দেশ টিভির বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।