ঈদে সাবিনা ইয়াসমিনের অনুষ্ঠানে কবরী
প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। প্রথম দিকে অনুষ্ঠানটির নাম রাখা হয়েছিল সেই সুর আজও প্রাণে জাগে। নাম পরিবর্তন করে এখন অনুষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে সুরের কথামালা। শম্পা রেজার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আরিফ খান। অনুষ্ঠানে দেখানো হবে সাবিনা ইয়াসমিনের গাওয়া ছয়টি জনপ্রিয় গান। এর মধ্যে তিনটি হচ্ছে চলচ্চিত্রের, দুটি গান নেওয়া হয়েছে সুপ্রভাত বিষণ্নতা অ্যালবাম থেকে এবং অন্যটি একটি রবীন্দ্রসংগীত। অনুষ্ঠানটিতে আড্ডা আর গল্পে গল্পে সাবিনা ইয়াসমিন তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো শোনাবেন। অনুষ্ঠানের ফাঁকে সাবিনা ইয়াসমিনকে নিয়ে কথা বলবেন মিডিয়ার বেশ কয়েকজন গুণী ব্যক্তি। তাঁদের মধ্যে আছেন সোহেল রানা, সুবর্ণা মুস্তাফা, গাজী মাজহারুল আনোয়ার, রমলা সাহা এবং সুরকার রবিন ঘোষ। ৪০ মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠানটির একপর্যায়ে সাবিনার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন চলচ্চিত্র অভিনেত্রী ও সাংসদ কবরী। তিনিও প্রখ্যাত এই কণ্ঠশিল্পীকে নিয়ে তাঁর ভালোলাগার অনেক কথা বলেন।অনুষ্ঠানটি সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গত কয়েক বছর ধরে আমার কয়েকটি একক গানের অনুষ্ঠান হয়েছে। এবারও গান নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করা হয়েছে। ঢাকার উত্তরা এবং বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এবারের অনুষ্ঠান একটু ভিন্ন আঙ্গিকেই সাজানো হয়েছে। ঈদ আয়োজনে এ ধরনের অনুষ্ঠান দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’এ ছাড়া এবারের ঈদে সাবিনা ইয়াসমিন ইত্যাদির জন্য বিষয়ভিত্তিক একটি গান গেয়েছেন, যার জন্য বরাবরই ইত্যাদি প্রশংসার দাবি রাখে। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় গানটির সুর করেছেন আলী আকবর রুপু। ইত্যাদিতে সাবিনা ইয়াসমিনের গাওয়া গানটি একটি বৃদ্ধাশ্রমকে নিয়ে।