ঈদে সিনেপ্লেক্সে হলিউডের তিন ছবি
ঈদে ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে হলিউডের তিনটি ছবি। ছবি তিনটি হলো উলভারিন, ওয়ার্ল্ড ওয়ার জেড ও ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ৬। ২ আগস্ট পর্যন্ত হিউ জ্যাকম্যান অভিনীত বহুল আলোচিত উলভারিন আয় করেছে সাড়ে নয় কোটি মার্কিন ডলার। ১৯ কোটি ডলার ব্যয়ে নির্মিত মার্ক ফস্টারের ওয়ার্ল্ড ওয়ার জেড ছবিটি এরই মধ্যে আয় করেছে ৪৭ কোটি মিলিয়ন ডলারের বেশি। ব্রাড পিটের প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ওয়ার্ল্ড ওয়ার জেড ছবিটিকে ঘিরেও দর্শকের রয়েছে বিপুল উৎসাহ। আর জাস্টিন লিন পরিচালিত ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ৬ মুক্তি পেয়েই করেছে বাজিমাত। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে ১২ কোটি ডলার।
ঈদে হলিউডের তিনটি ব্লকবাস্টার ছবি ছাড়াও স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে এম এ জলিল অনন্ত পরিচালিত ও অভিনীত বাংলা ছবি নিঃস্বার্থ ভালোবাসা।
এদিকে টিকিট পেতে দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকাসহ নানা বিড়ম্বনা দূর করতে অনলাইনে টিকিট বিক্রি শুরু করছে স্টার সিনেপ্লেক্স। দর্শকেরা এখন সিনেমার টিকিট পেয়ে যাবেন ঘরে বসেই।