ঈদে সিনেপ্লেক্সে হলিউডের তিন ব্লকবাস্টার ছবি

এই ঈদে ঢাকার সিনেমাপ্রেমী দর্শকদের কথা বিবেচনা করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হলিউডের তিনটি ব্লকবাস্টার ছবি মুক্তি দিতে যাচ্ছে। ছবি তিনটি হলো জেমস ম্যাগোল্ড পরিচালিত ‘উলভারিন’, ম্যাক্স ব্রুকসের লেখা উপন্যাস অবলম্বনে মার্ক ফর্স্টারের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ও জাস্টিন লিন পরিচালিত ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ৬’। ‘উলভারিন’ ছবিটি গত ২৫ জুলাই অস্ট্রেলিয়ায় এবং ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। মুক্তির দুই সপ্তাহ পর ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিউ জ্যাকম্যান অভিনীত বহুল আলোচিত ছবিটি। ১০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে ৫ কোটি ডলারের বেশি। ২ আগস্ট পর্যন্ত ‘উলভারিন’ ছবিটি আয় করেছে সাড়ে নয় কোটি ডলার। ২০০০ সালে ব্রায়ান সিঙ্গারের ‘এক্স-মেন’ ছবিতে ‘উলভারিন’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান হিউ জ্যাকম্যান। এই ছবির মাধ্যমে নতুন জ্যাকম্যানের জন্ম হয়। তবে সে সময় উলভারিন হিসেবে জ্যাকম্যানকে বেছে নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল পরিচালককে। কারণ, বইয়ে উলভারিনের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অথচ হিউ জ্যাকম্যান তার চেয়ে প্রায় এক ফুট বেশি লম্বা (ছয় ফুট দুই ইঞ্চি)। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর এসব সমালোচনা আর ধোপে টেকেনি। যদিও পরিচালক জ্যাকম্যানের উচ্চতা ছোট করে দেখাতে শুটিংয়ের সময় বিশেষভাবে ক্যামেরা ব্যবহার করেছিলেন, কিন্তু পর্দায় তুমুল অ্যাকশন আর শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগের সময় দর্শকের এসব বিষয় মাথায় ছিল না। ২০০০ সালে ‘এক্স-মেন’ মুক্তির পর ২০০৩ সালে ‘এক্স-মেন টু’, ২০০৬ সালে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ এবং ২০০৯ সালে ‘এক্স-মেন অরিজিন: উলভারিন’ ছবিটির জন্য জ্যাকম্যানকেই বেছে নেন পরিচালক।
১৯ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত মার্ক ফর্স্বারের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবিটি এরই মধ্যে আয় করেছে ৪৭ কোটি মার্কিন ডলারের বেশি। গত ২ জুন ৩৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ছবিটির প্রিমিয়ার হয়, আর ২১ জুন মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। টুডি, রিয়েল থ্রিডি ও আইম্যাক্স থ্রিডি—তিন প্রযুক্তিতেই মুক্তি দেয়া হয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবিটি। অভিনেতা ব্র্যাড পিটের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’। একবার গোল্ডেন গ্লোব পুরস্কার জেতা এবং পাঁচবার গোল্ডেন গ্লোব ও অস্কারের জন্য মনোনীত এই তারকার ছবিটি ঘিরেও দর্শকদের রয়েছে বিপুল উত্সাহ।
আর জাস্টিন লিন পরিচালিত অন্য ছবিটি হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ৬’। গত ২৪ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি শুরুতেই বাজিমাত করেছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে ১২ কোটি ডলার। সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ মুক্তি পায় ২০০১ সালে। ১৫ কোটি ডলার আয় করার ঠিক দুই বছর পর ২০০৩ সালে মুক্তি পাওয়া এই সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘টু ফাস্ট টু ফিউরিয়াস’ আয় করে সাড়ে ১২ কোটি ডলারের বেশি।
ঈদে হলিউডের তিনটি ব্লকবাস্টার ছবি ছাড়া ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে এম এ জলিল অনন্ত পরিচালিত ও অভিনীত বাংলা ছবি ‘নিঃস্বার্থ ভালোবাসা’। পরিচালনার পাশাপাশি এই ছবিতে প্রধান নায়কের চরিত্রে অভিনয়ও করেছেন অনন্ত। এতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন বর্ষা।